মাথাপিছু জিডিপিতে ফের ভারতকে ছাড়াবে বাংলাদেশ
রপ্তানিমুখী উৎপাদন খাতের বিস্তার ও জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখার সুবাদে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াবে ২ হাজার ৮৮৬ মার্কিন ডলারে। একই সময়ে ভারতের ক্ষেত্রে এর পরিমাণ দাঁড়াতে পারে ২ হাজার ৭৪৯ ডলারে। এর আগে ২০২০ সালেও মাথাপিছু জিডিপির নিরিখে ভারতকে টপকে গিয়েছিল বাংলাদেশ।
আইএমএফের পরিসংখ্যান অনুযায়ী, পরবর্তী কয়েক বছরও এই অবস্থান ধরে রাখতে পারে বাংলাদেশ। ২০২৭ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ৩ হাজার ২১৯ ডলার এবং ভারতের ৩ হাজার ৩৬ ডলার হতে পারে। ২০২৮ সালেও এই ব্যবধান সামান্য বজায় থাকতে পারে। তবে ২০২৯ সালে পরিস্থিতি বদলে যাওয়ার ইঙ্গিত রয়েছে; ওই বছর ভারতের মাথাপিছু জিডিপি বেড়ে ৩ হাজার ৬৬১ ডলার এবং বাংলাদেশের ৩ হাজার ৩৩৪ ডলার হতে পারে।
অর্থনৈতিক এই অগ্রগতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারতীয় অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রা উল্লেখ করেন, বাংলাদেশে দীর্ঘ মেয়াদে জন্মহার হ্রাস পাওয়ার পাশাপাশি অর্থনীতি ধারাবাহিকভাবে বার্ষিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশের মোট মূল্য সংযোজনে শিল্পোৎপাদন খাতের হিস্যা ২০১৪ সালের ১৬ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ২২ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।
বিপরীতে বিশ্বব্যাংকের তথ্যের বরাতে তিনি জানান, ভারতের জিডিপিতে উৎপাদন খাতের মূল্য সংযোজন ২০১৪ সালের ১৫ দশমিক ১ শতাংশ থেকে কমে ২০২৪ সালে ১৩ দশমিক ৫ শতাংশে নেমেছে। ফলে রপ্তানিমুখী শিল্পকে কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে গেছে। গত দুই দশকে বাংলাদেশের অর্থনীতির গতিশীলতায় প্রধান নিয়ামক হয়েছে তৈরি পোশাক খাত, প্রবাসী আয় এবং শ্রমবাজারে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ।
মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও সামগ্রিক অর্থনীতির আয়তন এবং ক্রয়ক্ষমতার ক্ষেত্রে ভারতের অবস্থান বহুগুণে বড়। ২০২৬ সালে ভারতের মোট জিডিপি পৌঁছাতে পারে ৪ দশমিক ১৫ ট্রিলিয়ন (৪ লাখ ১৫ হাজার কোটি) ডলারে। সেখানে বাংলাদেশের জিডিপির সম্ভাব্য আকার হতে পারে ৫০৬ বিলিয়ন (৫০ হাজার ৬৪০ কোটি) ডলার। অন্যদিকে স্থানীয় মূল্যস্তর ও জীবনযাত্রার ব্যয় সমন্বিত ক্রয়ক্ষমতার সমতা বা পিপিপি ভিত্তিতে ভারতের মাথাপিছু জিডিপি দাঁড়াবে ১২ হাজার ৯৯৮ ডলার, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে তা হবে ১০ হাজার ৮৮৪ ডলার।
মাথাপিছু জিডিপির এই সাফল্যের পাশাপাশি অর্থনীতিতে উল্লেখযোগ্য অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপও বিদ্যমান। আইএমএফের প্রতিবেদনে ভারতের তুলনায় বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতির আভাস দেওয়া হয়েছে। এছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। ব্যবহৃত তেল ও এলএনজির প্রায় ৯৫ শতাংশ আমদানিনির্ভর হওয়ায় বৈশ্বিক এই পরিস্থিতি বাংলাদেশের জন্য বাড়তি ব্যয়ের কারণ হচ্ছে।
একই সঙ্গে লোহিত সাগরে পণ্য পরিবহন বিঘ্নিত হওয়ায় দেশের মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি জোগানদাতা তৈরি পোশাক খাতও নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে। অর্থনৈতিক অগ্রগতির মাঝে উভয় দেশেই সম্পদ ধনী শ্রেণির হাতে কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা বজায় রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.