আইজিপির অপসারণ ও জবাবদিহি দাবি টিআইবির
সরকারের অনুমোদন সাপেক্ষে ক্রসফায়ার চালানোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের অপসারণ, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অপরাধ দমনের ক্ষেত্রে আইজিপির এমন বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে গ্রহণযোগ্যতা দেওয়ার অপচেষ্টা। সংস্থাটির মতে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রাতিষ্ঠানিক দুর্বলতা অস্বীকার করে বিচারহীনতার সংস্কৃতিকে উসকে দেওয়া সংবিধান ও আইনের শাসনের পরিপন্থি। কোনো প্রশাসনিক অনুমতি বিচারবহির্ভূত বলপ্রয়োগকে বৈধতা দিতে পারে না।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অপরাধ দমনে আইনানুগ প্রক্রিয়ার বিকল্প হিসেবে ক্রসফায়ারের কথা বলা নেতৃত্বের পেশাগত দেউলিয়াত্ব। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা কোনো নির্বাহী আদেশে খর্ব করা যায় না। পেশাদার তদন্তের মাধ্যমে তথ্যপ্রমাণ সংগ্রহ করে অপরাধীকে আদালতে হাজির করাই পুলিশের মূল দায়িত্ব। বিচারপ্রক্রিয়া এড়িয়ে প্রাণনাশের কোনো অধিকার কোনো বাহিনীর নেই।
বিবৃতিতে বিগত সময়ের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে সিনহা হত্যা মামলায় পুলিশ সদস্যদের দণ্ড এবং টেকনাফের কাউন্সিলর একরামুল হক মৃত্যুর ঘটনার অডিও প্রমাণের বিষয়টি উল্লেখ করা হয়। একই সঙ্গে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাজার উদাহরণ টেনে বলা হয়, এসব ঘটনা ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত। সংস্কার প্রক্রিয়ার মধ্যে পুলিশপ্রধানের এমন বক্তব্য মাঠপর্যায়ে বেআইনি শক্তি প্রয়োগের সংকেত পৌঁছাতে পারে।
সংস্থাটি আরও তুলে ধরে, গত ১৪ সেপ্টেম্বর আইনমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন যে সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের আশ্রয় নেবে না এবং প্রচলিত আইনেই দমন সম্ভব। মন্ত্রীর এই অবস্থানের বিপরীতে পুলিশপ্রধানের বক্তব্য স্ববিরোধী। সরকারের ঘোষিত নীতির সঙ্গে আইজিপির এই অমিল কেন হলো এবং এর প্রশাসনিক দায় কীভাবে নির্ধারিত হবে, সরকারকে তা স্পষ্ট করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া আন্তর্জাতিক বিধি অনুযায়ী কেবল আত্মরক্ষার চূড়ান্ত মুহূর্ত ছাড়া প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ বলে স্মরণ করিয়ে দেয় টিআইবি। পাশাপাশি সাংবাদিকদের ঢালাও সমালোচনা করে দেওয়া পুলিশপ্রধানের বক্তব্য স্বাধীন গণমাধ্যমের নজরদারির ভূমিকাকে বাধাগ্রস্ত করার শামিল বলে উল্লেখ করা হয়। বিতর্কিত এই অবস্থানের প্রাতিষ্ঠানিক ব্যাখ্যা নেওয়া, বক্তব্য প্রত্যাহার ও জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত আইজিপিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানিয়েছে সংস্থাটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.