আপনি পড়ছেন

নিজের চাচা রাডার আবিষ্কার করেছিলেন বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাইয়ের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগাম ভোট দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। সে সময় তার পাশে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প: রাডার আবিষ্কার করেছিলেন আমার চাচা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই বক্তব্যের একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমার চাচা রাডার আবিষ্কার করেছিলেন! আপনারা কি বিশ্বাস করতে পারেন?’ তিনি আরও যোগ করেন, ‘আমি তাদের (ইরানের) রাডার গুঁড়িয়ে দিয়েছি দেখে তিনি হয়তো রেগে যাবেন।’

বক্তব্যে ট্রাম্প তার চাচা জন ট্রাম্পের নাম উল্লেখ করে বলেন, তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সঙ্গে যুক্ত ছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা দ্রুত তার এই দাবিকে ভুল প্রমাণ করেন। অনেকেই তুলে ধরেন, জন ট্রাম্প প্রকৃতপক্ষে রাডার আবিষ্কার করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর একটি ‘কমিউনিটি নোট’-এ উল্লেখ করা হয়, ট্রাম্পের চাচা জন জি ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমআইটির ‘র‌্যাড ল্যাব’-এ রাডার উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে অবদান রেখেছিলেন। তবে তিনি এটি আবিষ্কার করেননি। রাডার ব্যবস্থা এর আগেই হেনরিক হার্টজ, ক্রিশ্চিয়ান হুলসমেয়ার ও রবার্ট ওয়াটসন-ওয়াটসহ অন্যান্য বিজ্ঞানীদের কাজের মাধ্যমে উদ্ভাবিত হয়েছিল। এক পডকাস্ট সঞ্চালক আরও জানান, ১৯৩৫ সালে স্কটিশ পদার্থবিজ্ঞানী স্যার রবার্ট ওয়াটসন-ওয়াট রাডার আবিষ্কার করেছিলেন।

এর আগেও জন জি ট্রাম্পের কথা জনসম্মুখে উল্লেখ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় নিউ হ্যাম্পশায়ারের এক সমাবেশে তিনি চাচার কথা বলেন। এর আগে ২০১৬ সালের দ্য নিউ ইয়র্কার পত্রিকার একটি নিবন্ধ অনুযায়ী, বিভিন্ন সাক্ষাৎকার, বক্তৃতা ও বিতর্কেও তিনি চাচা জনের নাম স্মরণ করেছিলেন।

ড. জন ট্রাম্প ছিলেন একজন প্রকৌশল অধ্যাপক এবং খ্যাতিমান পদার্থবিজ্ঞানী। তিনি উচ্চ-ভোল্টেজ ঘটনা, ইলেকট্রন ত্বরণ ও বিকিরণ নিয়ে বিশেষ কাজ করেছেন। ক্যানসার চিকিৎসার জন্য তিনি এক্স-রে জেনারেটর নকশা করেন এবং পারমাণবিক গবেষণার জেনারেটর তৈরির একটি প্রতিষ্ঠান যৌথভাবে প্রতিষ্ঠা করেছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর পক্ষে রাডার গবেষণায় যুক্ত ছিলেন তিনি। ১৯৪৩ সালে কিংবদন্তি উদ্ভাবক নিকোলা টেসলার মৃত্যুর পর তার কাগজপত্র ও যন্ত্রপাতি পরীক্ষার দায়িত্ব এফবিআই ড. জনের ওপর অর্পণ করেছিল। ১৯৮৫ সালে এই বিজ্ঞানী মৃত্যুবরণ করেন।

চলতি বছরের জুন মাসে এমআইটি ড. জন ট্রাম্পকে ‘প্রেসিডেন্টের চাচা’ হিসেবে স্বীকৃতি দিয়ে একটি পোস্ট শেয়ার করে। এক্সে দেওয়া সেই পোস্টে প্রতিষ্ঠানটি লেখে, ‘প্রেসিডেন্টের চাচা, এমআইটির অধ্যাপক জন জি ট্রাম্প সম্পর্কে একটি সংবাদপত্রের নিবন্ধে ডি-ডেতে তার ভূমিকার অসাধারণ ইতিহাস তুলে ধরা হয়েছে। তবে গল্পের এখানেই শেষ নয়। আমরা অধ্যাপক জে জি ট্রাম্প সম্পর্কে আরও কিছু জানাতে চাই, যেমনটি আমরা তাকে জানতাম—একজন বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষাবিদ, উদ্যোক্তা, দেশপ্রেমিক এবং এমআইটির একজন কিংবদন্তি, যার কাজ আজও আমাদের সবাইকে প্রভাবিত করে।’

এর আগে নিজের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময় ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তি এবং উত্তর কোরিয়ার মতো পারমাণবিক ইস্যুতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চাচার পারমাণবিক পদার্থবিদ্যা জ্ঞানের প্রসঙ্গ টেনে এনেছিলেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.