আপনি পড়ছেন

ইসরায়েলের জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। সংশোধিত বুথফেরত জরিপ অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) উভয় শিবিরই ৫১টি করে আসন পেতে পারে। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুকে রাজনীতি থেকে অবসরের আহ্বান জানিয়ে নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী নেতারা।

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই: বুথফেরত জরিপে ঝুলন্ত পার্লামেন্টের আভাস, নেতানিয়াহুকে অবসরের আহ্বান
ব্যালট বাক্সে ভোট দিচ্ছেন ইসরায়েলি নাগরিকরা

মঙ্গলবার রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই গণমাধ্যমগুলোতে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ শুরু হয়। চ্যানেল ১৩ এবং দেশটির সরকারি সম্প্রচারমাধ্যমের সর্বশেষ সংশোধিত জরিপে দেখা গেছে, নেতানিয়াহু জোট এবং বিরোধী জোট প্রত্যেকে ৫১টি করে আসন পাচ্ছে। এ ছাড়া আরব দলগুলো সম্মিলিতভাবে পেতে পারে ১৮টি আসন। এর আগে প্রাথমিক জরিপে আইজেনকোটের জোট কিছুটা এগিয়ে ছিল এবং তাদেরকে ৫২ থেকে ৫৩টি আসন দেওয়া হয়েছিল।

চ্যানেল ১৩-এর হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে। অন্যদিকে আইজেনকোটের দল ইয়াশার ২৩টি এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল টুগেদার ১৩টি আসন পেতে পারে। আরব দলগুলোর মধ্যে জয়েন্ট লিস্ট ১১টি এবং মনসুর আব্বাসের ইউনাইটেড আরব লিস্ট (রাম) ৭টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ এবং ২০২২ সালের নির্বাচনের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেশি। চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, আরব ভোটারদের উপস্থিতির হার রেকর্ড ৮০ শতাংশে পৌঁছেছে। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল আগামী ৪ নভেম্বর ঘোষণা করার কথা রয়েছে।

ফলাফলের পূর্বাভাস আসার পর বুধবার সকালে তেল আবিবে দলীয় সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। তিনি ভোটারদের রায়কে পরিবর্তনের বার্তা হিসেবে উল্লেখ করে বলেন, ‘আরেকটি নির্বাচন আয়োজন করা মারাত্মক ভুল হবে। জনগণের রায় বাস্তবায়ন করতে সবকিছু করাই এখন আমার দায়িত্ব।’

নেতানিয়াহুকে সরাসরি সতর্ক করে আইজেনকোট বলেন, ‘নিজের রাজনৈতিক স্বার্থে দেশের নিরাপত্তাকে ব্যবহারের দুঃসাহস দেখাবেন না।’ এ সময় তিনি দেশের নিরাপত্তা প্রধানদের প্রতি নিরপেক্ষ থাকার এবং কেবল জনগণের স্বার্থে দায়িত্ব পালন করার আহ্বান জানান। চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক ফলাফল ও দলগুলোর সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটের ওপর অর্পণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক বুথফেরত জরিপ প্রকাশের পরপরই ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম এক বিশ্লেষণে নেতানিয়াহুকে এই নির্বাচনের ‘প্রধান পরাজিত ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছে। বিরোধী নেতা ইয়াইর লাপিদ এই পরিস্থিতিকে নেতানিয়াহু শিবিরের জন্য একটি বড় বিপর্যয় বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, এটি একটি পূর্ণ পতন এবং জনগণ তাদেরকে ঘরে ফিরে যাওয়ার বার্তা দিয়েছে। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলানও সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘জনগণ নিজেদের রায় দিয়ে দিয়েছে। তারা নেতানিয়াহুর সরকারকে বরখাস্ত করেছে।’

এদিকে নতুন সরকার গঠনে আরব দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউনাইটেড আরব লিস্টের প্রধান মনসুর আব্বাস জানান, বিরোধী জোটের সঙ্গে সম্মিলিতভাবে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে চান তিনি। বিরোধী শিবিরের কিছু নেতার তাদের সঙ্গে কাজ করার অনীহা প্রসঙ্গে আব্বাস জানান, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের পর বিষয়টি নিয়ে আলোচনা হবে। অপরদিকে জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন বলেন, এই ফলাফলে প্রমাণ হয়েছে যে পরিবর্তন আনতে তারা একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছেন।

বুথফেরত জরিপের এমন প্রতিকূল পরিস্থিতির মুখে নেতানিয়াহু তার জোটের শরিকদের সঙ্গে জরুরি যোগাযোগ শুরু করেছেন বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। একই সঙ্গে তার দল লিকুদ পার্টির পক্ষ থেকে নেতাদের আপাতত গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.