পাসপোর্ট বাতিলের পরও যুক্তরাষ্ট্রে ফ্ল্যাভিও বলসোনারো, ‘লজ্জাজনক’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ডানপন্থি সিনেটর ফ্ল্যাভিও বলসোনারো। দেশটির সদ্য পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার এই পদক্ষেপকে ব্রাজিলের বিচারব্যবস্থা থেকে বাঁচার একটি ‘লজ্জাজনক’ অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থপাচারের তদন্ত এড়াতে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর জ্যেষ্ঠ ছেলে ফ্ল্যাভিও দেশ ছেড়ে পালিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

মঙ্গলবার ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর এক প্রতিবেদনে জানানো হয়, ফ্ল্যাভিও বলসোনারো বিমানে করে যুক্তরাষ্ট্রের মায়ামিতে পৌঁছান। সেখানে তার ভাই এদুয়ার্দো বলসোনারো তাকে স্বাগত জানান। এদুয়ার্দো যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তার ভাইয়ের দেশত্যাগের ব্যবস্থা করেন বলে অভিযোগ রয়েছে। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও নিশ্চিত করেন যে সিনেটর ফ্ল্যাভিও ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হবে।
এর আগে সোমবার ব্রাজিলের ফেডারেল সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস ফ্ল্যাভিও বলসোনারোকে তার সাধারণ, কূটনৈতিক ও ইতালীয় পাসপোর্টসহ সব ধরনের ভ্রমণ নথি জমা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে অবৈধ ডিজিটাল বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত অর্থপাচার এবং মুদ্রা পাচারের তদন্তের অংশ হিসেবে তার ওপর দেশত্যাগে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নির্দেশ অনুসারে ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট জমা না দেওয়ায় মঙ্গলবার সকালে দেশটির ফেডারেল পুলিশ তার ব্রাজিলিয়ান পাসপোর্টগুলো আনুষ্ঠানিকভাবে বাতিল করে।
দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগেও অবশ্য ফ্ল্যাভিও বলসোনারো জোর দিয়ে বলেছিলেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না। তিনি বলেন, ‘আমি দেশ ছাড়ার কথা কখনো ভাবিনি। আমি আমার পাসপোর্ট জমা দেব এবং এই প্রহসনের বিরুদ্ধে লড়াই করব, যা মূলত আমাকে ভয় দেখানোর স্পষ্ট চেষ্টা।’
ফ্ল্যাভিওর গোপনে দেশত্যাগের ঘটনায় মঙ্গলবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেন, ‘তিনি থেকে গিয়ে প্রমাণ করতে পারতেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্যি নয়। লুকানোর কিছু না থাকলে ভয়েরও কিছু নেই। নিজের দেশ থেকে কোনো নাগরিক তখনই গোপনে পালিয়ে যায়, যখন তার লুকানোর কিছু থাকে।’
আদালতের নির্দেশ না মানার বিষয়ে তীব্র সমালোচনা করে লুলা বলেন, ‘তিনি নিজেকে পৃথিবীর বুকে আমার দেখা সবচেয়ে বড় মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করেছেন। যখন আমাকে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছিল, আমি দিয়েছিলাম। পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় ফেডারেল পুলিশের কাছে তারও পাসপোর্ট জমা দেওয়া উচিত ছিল। কিন্তু বলসোনারো পরিবারের বিষয়টি এমনই, ব্রাজিল তাদের কেবল দ্বিতীয় আবাস। তাদের প্রকৃত আনুগত্য যুক্তরাষ্ট্রের প্রতি।’
ফ্ল্যাভিওর দেশত্যাগের পথ নিয়ে নানা তথ্য সামনে আসছে। আর্জেন্টিনার গণমাধ্যমের খবরে বলা হয়, তিনি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে স্থলপথে আর্জেন্টিনায় প্রবেশ করেন এবং সেখান থেকে একটি ব্যক্তিগত বিমানে মায়ামি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে আর্জেন্টিনার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে ফ্ল্যাভিও বা তার পরিবারের সে দেশে প্রবেশের কোনো রেকর্ড নেই। অন্যদিকে ব্রাজিলের সীমান্ত বা বিমানবন্দরগুলোতেও তার দেশত্যাগের আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়ায় তিনি কীভাবে সীমান্ত পার হলেন, তা খতিয়ে দেখছে ফেডারেল পুলিশ।
রবিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফে বর্তমান প্রেসিডেন্ট লুলার কাছে পরাজিত হন ফ্ল্যাভিও। নির্বাচনের প্রথম পর্বে ফ্ল্যাভিও ৪৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকলেও রানঅফে লুলা দা সিলভা ৫১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.