ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: ফল প্রত্যাখ্যান করে কাল বিক্ষোভের ডাক জামায়াতের
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তবে নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে আজ শুক্রবারের পরিবর্তে আগামীকাল শনিবার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন জানান, শনিবার বিকেলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হবে।

গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। রাত পৌনে ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। ঘোষিত বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ভোট গ্রহণের দিন রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন দেলাওয়ার। তিনি নির্বাচনের প্রচার থেকে ভোট গ্রহণ পর্যন্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
দেলাওয়ারের দাবি, নির্বাচনের শুরু থেকেই অনিয়মের আশঙ্কা ছিল। প্রচারের সময় বিএনপির প্রার্থী ও তার সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ভোটের আগে পুরো এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করা হয়। ভোটারদের ধানের শীষে ভোট না দিলে বাড়িতে থাকতে দেওয়া হবে না এবং তাদের দেখিয়ে ব্যালটে সিল মারতে হবে- এমন হুমকিও দেওয়া হয়েছে।
জামায়াতের এই প্রার্থীর অভিযোগ, ভোটের দিন সকালে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি খুব কম ছিল। পরে বিএনপির সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয়ভীতি দেখান এবং টাকা দিয়ে কেন্দ্রে নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে বাধ্য করেন। ভোটের হার নিয়েও প্রশ্ন তুলেছেন দেলাওয়ার। তিনি বলেন, কেন্দ্রগুলোয় ৫০ শতাংশ ভোট পড়ার মতো উপস্থিতি তারা দেখেননি। অথচ ফলাফলে ভোট পড়ার হার দেখানো হয়েছে ৬৪ শতাংশ। এ ছাড়া কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে অনিয়মের অভিযোগও করেন তিনি।
ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও আপত্তি জানান জামায়াত প্রার্থী। তার দাবি, কারচুপির উদ্দেশ্যে বিভিন্ন কেন্দ্র থেকে প্রকৃত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সরিয়ে দলীয় লোকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এ কারণে পরিচয়পত্রে ছবি রাখা হয়নি। সংবাদ সম্মেলনে পোলিং এজেন্টদের ওপর হামলার কয়েকটি ঘটনার কথাও তুলে ধরেন দেলাওয়ার।
তিনি রাত ১১টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আহত কর্মী-সমর্থকদের দেখতে যান। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের দেলাওয়ার হোসেন বলেন, ভোটে অনিয়ম, জালভোট ও কর্মী-সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছিল। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সভা-সমাবেশ আয়োজনের ওপর নির্বাচনী আচরণবিধির বিধিনিষেধ থাকায় কর্মসূচি পিছিয়ে শনিবার বিকেল সাড়ে চারটায় নির্ধারণ করা হয়েছে।
এদিকে জামায়াত প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি বলেন, শুরু থেকেই জামায়াত এই আসনের উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে জাতীয় ইস্যু তৈরির ষড়যন্ত্র করে আসছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে দাঁড়িপাল্লার প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতারা এলাকায় প্রচারণা চালানোর পাশাপাশি ঢাকায় বসেও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। নির্বাচনে অনিয়মের অভিযোগ সেই ষড়যন্ত্রেরই অংশ।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও উল্লেখ করার মতো কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.