আপনি পড়ছেন

সামরিক বাহিনী, অর্থনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর মারাত্মক বিপর্যয়ের কারণে ইসরায়েল এক অপূরণীয় পতনের মুখে পড়েছে। দেশটি তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ঘনিষ্ঠ মিত্রদের হারিয়ে ক্রমেই পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ছে, যা দীর্ঘ মেয়াদে সহ্য করা তাদের পক্ষে অসম্ভব। দেশটির প্রভাবশালী দৈনিক মারিভ-এ প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে এই আশঙ্কার কথা প্রকাশ করেন ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক মেজর জেনারেল ইতজাক ব্রিক।

ইতজাক ব্রিক: ইসরায়েলের রাষ্ট্রকাঠামো ও অর্থনীতি ধসের মুখে
ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক মেজর জেনারেল ইতজাক ব্রিক

রবিবার প্রকাশিত ওই নিবন্ধে ইতজাক ব্রিক উল্লেখ করেন, ইসরায়েলের বর্তমান পরিস্থিতি কেবল কোনো সাধারণ রাজনৈতিক সংকট নয়, বরং এটি একটি সামগ্রিক ধস। ২৭ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ফলাফলকে তিনি পরিচিত ইসরায়েল রাষ্ট্রের ‘আনুষ্ঠানিক মৃত্যু সনদ’ বলে আখ্যা দেন। সেখানে তিনি আরও লেখেন, টেলিভিশনের বিশ্লেষকেরা মূল গভীর সংকটগুলোকে এড়িয়ে কেবল আসন সংখ্যা এবং জোট গঠন নিয়ে মেতে রয়েছেন। তাদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণকে তিনি টাইটানিক জাহাজ ডোবার শেষ মুহূর্তে বাদক দলের গান বাজানোর সঙ্গে তুলনা করেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সেনা অভিযোগ ও অনুসন্ধান বিষয়ক কর্মকর্তা (ওম্বুডসম্যান) এবং সাবেক মিলিটারি কলেজ কমান্ডার ব্রিক জানান, ইসরায়েল এখন বিশ্বমঞ্চে একঘরে রাষ্ট্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বৈধতা ও মিত্র হারানো দেশটির পক্ষে দীর্ঘদিন চরম বিচ্ছিন্নতায় টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি সতর্ক করেন।

ইসরায়েলি স্থলবাহিনীর অবস্থা অত্যন্ত নাজুক উল্লেখ করে এই সাবেক সেনা কর্মকর্তা বলেন, দেশটির সেনাবাহিনী এখন কাঠামোগত ধস ও তীব্র মনোবলহীনতায় ভুগছে। সীমানার ভেতরে ও বাইরে থেকে আসা বহুমুখী হুমকি মোকাবিলার মতো সক্ষমতা তাদের আর নেই। এই ক্লান্ত-বিধ্বস্ত সামরিক বাহিনী কোনো বড় ধরনের অনুপ্রবেশ ঠেকাতে পারবে না এবং একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ শুরু হলে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতেও সম্পূর্ণ ব্যর্থ হবে।

এদিকে চলমান দীর্ঘমেয়াদি যুদ্ধের কারণে দেশটির জাতীয় ঋণ বেড়ে ১ লাখ ৪০ হাজার কোটি (১ দশমিক ৪ ট্রিলিয়ন) শেকেলে দাঁড়িয়েছে, যা মার্কিন মুদ্রায় প্রায় ৪৪ হাজার ৫০০ কোটি (৪৪৫ বিলিয়ন) ডলার। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহে কড়াকড়ি এবং ক্রমাগত বাড়তে থাকা আর্থিক বিচ্ছিন্নতা এই সংকটকে আরও গভীর করে তুলছে। ইউরোপীয় সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা ব্যবহারের প্রস্তাবকে সম্পূর্ণ অবাস্তব ও হাস্যকর বলে উড়িয়ে দেন ব্রিক। একই সঙ্গে তিনি সতর্ক করেন যে, পরিস্থিতির আরও অবনতি হলে তা সাধারণ ইসরায়েলিদের সঞ্চয়কে ঝুঁকিতে ফেলবে।

ইসরায়েলের অভ্যন্তরীণ সামাজিক বিভাজনের বিষয়টি তুলে ধরে ব্রিক জানান, ইসরায়েলি সমাজ কেবল বিভক্তই নয়, বরং সেখানে এক ধরনের ‘নীরব গৃহযুদ্ধ’ চলছে। বহু চিকিৎসক, বিজ্ঞানী, প্রযুক্তি উদ্যোক্তা এবং দক্ষ পেশাজীবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। এর ফলে কয়েক দশক ধরে গড়ে ওঠা বিশেষজ্ঞ জ্ঞানের বিশাল শূন্যতা তৈরি হচ্ছে। এ ছাড়া যোগ্যতা ও সততার পরিবর্তে রাজনৈতিক পদায়ন এবং প্রশ্নাতীত আনুগত্যকে অগ্রাধিকার দিয়ে বর্তমান রাজনৈতিক নেতৃত্ব আইনের শাসন ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।

উল্লেখ্য, ১২০ আসনবিশিষ্ট নেসেটের ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.