আপনি পড়ছেন

তীব্র তাপপ্রবাহের প্রভাবে বাংলাদেশে নির্ধারিত সময়ের আগেই বিপুলসংখ্যক শিশুর জন্ম হচ্ছে, যা নবজাতক ও মাতৃস্বাস্থ্যের ওপর গুরুতর ঝুঁকি তৈরি করেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিকসের (জেডসিএ) এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের এপ্রিলের তীব্র গরমে দেশে আনুমানিক ৫ হাজার ৫১৫টি অতিরিক্ত শিশুর অপরিণত জন্ম হয়েছে।

গরমের প্রভাবে বাংলাদেশে ৫ হাজারের বেশি অপরিণত শিশুর জন্ম
নবজাতক শিশু

গবেষণার তথ্য অনুযায়ী, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হওয়া অতিরিক্ত তাপমাত্রার ফলেই নির্ধারিত সময়ের আগে ভূমিষ্ঠ হয়েছে অন্তত ১ হাজার ৪৭৯টি শিশু। ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত এপ্রিল মাসের স্বাভাবিক তাপমাত্রার সঙ্গে তুলনা করে দেখা গেছে, ২০২৪ সালের এপ্রিলে দেশে অপরিণত শিশু জন্মের হার ১১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। অর্থাৎ, প্রতি এক হাজার প্রসবে অতিরিক্ত প্রায় ১৯টি শিশুর অকাল জন্ম হয়েছে। বাংলাদেশ, ভারত ও ফিলিপাইন—এই তিন দেশের ওপর পরিচালিত বিশ্লেষণে বাংলাদেশেই বৃদ্ধির এই হার সর্বোচ্চ।

তাপপ্রবাহের প্রভাব দেশের সব বিভাগে একরকম ছিল না। অতিরিক্ত অকাল জন্মের প্রায় ৪৭ শতাংশই রেকর্ড করা হয়েছে জনবহুল ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। তবে ঝুঁকি বৃদ্ধির দিক থেকে সবচেয়ে নাজুক পরিস্থিতিতে ছিল ময়মনসিংহ বিভাগ। সেখানে স্বাভাবিক গড়ের চেয়ে তাপমাত্রা ৩ দশমিক ৫৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যার প্রভাবে প্রতি এক হাজার প্রসবে অতিরিক্ত ২৪টি অপরিণত শিশুর জন্ম হয়। বিপরীতে সিলেট বিভাগে এই সংখ্যা ছিল প্রতি হাজারে ১৬টি, যা দেশের মধ্যে সর্বনিম্ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, গর্ভধারণের ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে জীবিত শিশু জন্ম নিলে তাকে প্রি-টার্ম বা অপরিণত জন্ম বলা হয়। গবেষকেরা বলছেন, মাত্রাতিরিক্ত গরমে গর্ভবতী নারীর শরীরে পানিশূন্যতা দেখা দেয়, গর্ভফুলে রক্তপ্রবাহ হ্রাস পায় এবং শারীরিক প্রদাহ তৈরি হয়ে সময়ের আগেই প্রসবপ্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে। অপরিণত শিশুদের ক্ষেত্রে শারীরিক ও স্নায়বিক বিকাশ বাধাগ্রস্ত হওয়াসহ মৃত্যুর আশঙ্কা অনেক বেশি থাকে। ২০২০ সালে বাংলাদেশে এই হার ছিল ১৬ দশমিক ২ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ হারের একটি।

ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকলে পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার পূর্বাভাস দিয়েছে জেডসিএ। সংস্থাটির হিসাব অনুযায়ী, কোনো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে ২০৪১ থেকে ২০৬০ সালের মধ্যে কেবল এপ্রিল মাসেই বাংলাদেশে অতিরিক্ত ৬৩০ থেকে ২ হাজার ৯০০ শিশুর অকাল জন্ম হতে পারে।

জেডসিএর জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক জোয়ান বেন্টলি-ম্যাককুন জানান, বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের চরম বিরূপ প্রভাব পড়ছে এ দেশের ওপর। স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত গর্ভকালীন নজরদারি বাড়ানো না গেলে এই সংকট আরও বাড়বে।

সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পাবলিক হেলথের পরিচালক অধ্যাপক ডা. ইকবাল কবির বলেন, চরম তাপমাত্রা গর্ভবতী নারী ও নবজাতকের জন্য সরাসরি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, আগাম সতর্কবার্তা ব্যবস্থা জোরদার এবং নিয়মিত মাতৃস্বাস্থ্য সেবায় তাপপ্রবাহ থেকে সুরক্ষা পাওয়ার কৌশল যুক্ত করা জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফ যৌথভাবে এ সংক্রান্ত জাতীয় নির্দেশিকা প্রকাশ করলেও সাধারণ মাতৃসেবা কার্যক্রমে বিষয়টি এখনো কাঠামোগতভাবে অন্তর্ভুক্ত করা হয়নি বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.