আপনি পড়ছেন

ইরান সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অস্বাভাবিক হারে বেড়েছে। রান্নার পাশাপাশি দেশটির সিংহভাগ অটোরিকশায় জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করা হয়। হঠাৎ মূল্যবৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছেন স্বল্প আয়ের রিকশাচালকেরা। আয় আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় পরিবার নিয়ে দুবেলা খেয়ে দিন পার করতে বাধ্য হচ্ছেন তারা।

পাকিস্তানে খোলা বাজারে এলপিজির দামে রেকর্ড উল্লম্ফন
পাকিস্তানে এলপিজির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চরম অর্থসংকটে পড়েছেন লাহোরের রিকশাচালকেরা

ব্যবসায়ীরা জানান, ১৭ অক্টোবর দুটি ইরানি সীমান্ত পারাপার বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই এলপিজির দাম বাড়তে শুরু করে। এর ফলে ইরান থেকে জ্বালানিটির আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সীমান্ত বন্ধের মাত্র কয়েক দিনের মাথায় খোলা বাজারে ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৬ শতাংশ বেড়ে ৭ হাজার পাকিস্তানি রুপিতে দাঁড়িয়েছে, যা প্রতি কেজিতে প্রায় ৫৮৩ রুপি। পাকিস্তান এলপিজি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সীমান্ত বন্ধের আগে প্রতিদিন ইরান থেকে প্রায় ৭ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি করত পাকিস্তান।

আওয়ামি রিকশা ইউনিয়নের চেয়ারম্যান মজিদ ঘৌরি এলপিজিকে ‘গরিবের জ্বালানি’ হিসেবে উল্লেখ করেন। তাদের ইউনিয়নের আওতাভুক্ত ৪৩ হাজার অটোরিকশা এবং নির্দিষ্ট রুটে চলাচলকারী প্রায় ৮ হাজার মোটরসাইকেলভিত্তিক তিন চাকার যান ‘চিংচি’র প্রায় ৭০ শতাংশই এলপিজিতে চলে।

পূর্ব পাকিস্তানের লাহোরে দীর্ঘ ১৩ বছর ধরে তিন চাকার মোটরচালিত রিকশা চালাচ্ছেন ৩৩ বছর বয়সী রশিদ আলী। সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত রিকশা চালিয়ে আগে তিনি দৈনিক সাড়ে ছয় ডলার আয় করতেন, যা তার পরিবারের মৌলিক চাহিদা মেটাতে যথেষ্ট ছিল। বর্তমানে তিনি সেই আয়ের অর্ধেকও করতে পারছেন না। আয়ের অভাবে এখন তার পরিবার দিনে তিন বেলার বদলে মাত্র দুই বেলা খাচ্ছে।

আলী বলেন, ‘আগে যখন এলপিজি সস্তা ছিল, তখন আমরা মোটামুটি ভালো আয় করতে পারতাম। এখন সাত-আটশ রুপিতে চলা কোনোভাবেই সম্ভব নয়।’

রশিদ আলী দৈনিক ৬০০ রুপি ভাড়ায় রিকশা চালান। দিনে চার থেকে পাঁচবার গ্যাস নিতে তার খরচ হয় ৩০০ থেকে ৪০০ রুপি। প্রতিদিনের এই খরচের বাইরে প্রতি মাসে ঘরের ভাড়া বাবদ তাকে গুনতে হয় ১১ হাজার রুপি। পাশাপাশি তার দুই ছোট সন্তানের ভরণপোষণের দায়িত্ব রয়েছে। এর ওপর নতুন সংকট তৈরি হয়েছে যাত্রীদের বাড়তি ভাড়া দিতে না চাওয়ায়।

আলী বলেন, ‘যে দূরত্বের ভাড়া ২০০ বা ২৫০ রুপি হওয়া উচিত, সেখানে যাত্রীরা হয়তো ৮০, ১০০ বা ১৫০ রুপি দিতে চান।’

একই অভিজ্ঞতার কথা তুলে ধরে যাত্রী মোহাম্মদ রমজান জানান, শহরের একটি গন্তব্যে যাওয়ার জন্য চালক ৫০০ রুপি ভাড়া চাইলে তিনি অর্ধেক দিতে রাজি হন। চালক তাতে অস্বীকৃতি জানালে তিনি হেঁটেই রওনা হন।

ইরান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের সরকার নিরাপত্তা ও চোরাচালানের কারণ দেখিয়ে সীমান্ত পারাপার বন্ধের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অচলাবস্থার জন্য প্রযুক্তিগত সমস্যাকে দায়ী করেছে। তবে পরবর্তীতে ইরানি রাষ্ট্রদূত দাবি করেন, এলপিজি রপ্তানিসহ কোনো বিষয়েই ইরান নিষেধাজ্ঞা দেয়নি; বরং পাকিস্তানের আমদানি সংক্রান্ত নথিপত্রের পরিবর্তনের কারণেই এই জটিলতা তৈরি হয়েছে।

পাকিস্তানে সামগ্রিক অর্থনৈতিক চাপও তীব্র আকার ধারণ করেছে। অক্টোবরে দেশটির মূল্যস্ফীতি ৯ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। জ্বালানি ও গমের বাড়তি দামের কারণে কেন্দ্রীয় ব্যাংক নীতিগত সুদের হার বাড়িয়ে ১২ শতাংশ নির্ধারণ করেছে। ৩ এপ্রিল পেট্রোলের দাম রেকর্ড প্রতি লিটার ৪৫৮ রুপিতে পৌঁছায়, যা যুদ্ধপূর্ব পরিস্থিতির চেয়ে এখনও প্রায় ৪০ শতাংশ বেশি। এমন বাস্তবতায় দুপুরে সন্তানদের খাবার দিয়ে ফের গভীর রাত পর্যন্ত রিকশা নিয়ে নামেন আলী, যাতে অন্তত রাতে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার মতো অর্থ জোগাড় করা যায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.