প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের দখলে, অধিকাংশ গভর্নর পদেও বড় জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। দলটির প্রার্থীরা দেশটির প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি বেশিরভাগ অঙ্গরাজ্যের গভর্নর পদে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনের সর্বশেষ ফলাফল বৃহস্পতিবার দেশটির গণমাধ্যমে প্রকাশ করা হয়।

প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ডেমোক্র্যাটরা ইতোমধ্যে ২৪৭টি আসনে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছে ১৫৩টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮ আসনের লক্ষ্যমাত্রা সহজেই পার করেছে দলটি। এখনও বাকি আসনগুলোর ফল চূড়ান্ত হয়নি। পাশাপাশি উচ্চকক্ষ সিনেটেও ৫৪-৪৪ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। আগামী জানুয়ারি মাসে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে এই সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা বিভিন্ন সংসদীয় কমিটির নিয়ন্ত্রণ নেবে এবং তদন্ত পরিচালনার সুযোগ পাবে। এই জয়ের ফলে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফরিস প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে চলেছেন।
নির্বাচনে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে রিপাবলিকানদের দখলে থাকা আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। পেনসিলভানিয়ার সপ্তম ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রতিনিধি রায়ান ম্যাককেঞ্জিকে পরাজিত করেছেন বব ব্রুকস। নেব্রাস্কার দ্বিতীয় ডিস্ট্রিক্টে ডেনিস পাওয়েল এবং নর্থ ক্যারোলিনার ১১তম ডিস্ট্রিক্টে জেমি এগার বিজয়ী হয়েছেন। আইওয়ার প্রথম ডিস্ট্রিক্টে প্রতিনিধি মারিয়ানেট মিলার-মিকসকে হারিয়েছেন ক্রিস্টিনা বোহানান এবং তৃতীয় ডিস্ট্রিক্টে জ্যাক নানকে পরাজিত করেছেন সারাহ ট্রোন গ্যারিয়ট। উইসকনসিনে ব্রায়ান স্টাইল ও ডেরিক ভ্যান অর্ডেনের আসন দখল করেছে ডেমোক্র্যাটরা। ক্যালিফোর্নিয়ার ৪৮তম ডিস্ট্রিক্টে মার্নি ফন উইলপার্ট ও নেভাডার দ্বিতীয় ডিস্ট্রিক্টে তেরেসা বেনিতেজ-থম্পসন জয় পেয়েছেন। মিশিগানেরও কয়েকটি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এদিকে লুইজিয়ানার পঞ্চম ডিস্ট্রিক্টে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় ডেমোক্র্যাট প্যাট্রিসিয়া মুর ও রিপাবলিকান গেব ফার্মেন্ট চূড়ান্ত রান-অফে অংশ নেবেন।
অঙ্গরাজ্যগুলোর গভর্নর নির্বাচনেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। ভোটের আগে রিপাবলিকানরা ২৬-২৪ ব্যবধানে এগিয়ে থাকলেও এবার মোট ২৮টি অঙ্গরাজ্যে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। বিপরীতে রিপাবলিকানরা পেয়েছে ২০টি রাজ্য এবং দুটি রাজ্যের ফল এখনও অমীমাংসিত রয়েছে। জর্জিয়া, টেক্সাস, ওহাইও ও আইওয়ার গভর্নর পদে ডেমোক্র্যাটরা বিজয়ী হয়েছে; কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী নেভাডাতেও তারা জয় পেয়েছে।
জর্জিয়ায় রিপাবলিকান রিক জ্যাকসনকে হারিয়ে দুই দশকের বেশি সময়ের রিপাবলিকান শাসনের অবসান ঘটিয়েছেন ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। টেক্সাসে বর্তমান রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে দীর্ঘ ৩০ বছরের দলীয় শাসনের অবসান ঘটিয়েছেন জিনা হিনোজোসা। তিনি অঙ্গরাজ্যটির প্রথম লাতিনা গভর্নর। অন্যদিকে নিউ মেক্সিকোর গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ডেব হাল্যান্ড; তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আদিবাসী আমেরিকান নারী গভর্নর। একই সঙ্গে উইসকনসিনের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হয়েছেন ডেভিড ক্রোলি। ওহাইওতে রিপাবলিকান বিবেক রামাস্বামীকে হারিয়েছেন অ্যামি অ্যাক্টন এবং আইওয়াতে জয় পেয়েছেন রব স্যান্ড। তবে ফ্লোরিডার গভর্নর পদটি নিজেদের দখলেই রেখেছে রিপাবলিকানরা, সেখানে জয় পেয়েছেন বায়রন ডোনাল্ডস।
আলাস্কায় সিনেট ও গভর্নর উভয় পদের ফল এখনও আটকে রয়েছে। প্রায় ৭৪ শতাংশ ভোট গণনা শেষে সিনেট পদে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর ড্যান সুলিভানের চেয়ে প্রায় ৬০০ ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট মেরি পেল্টোলা। সেখানে পেল্টোলা পেয়েছেন শতকরা ৪৮ দশমিক ২ ভাগ ভোট এবং সুলিভান পেয়েছেন ৪৭ দশমিক ৯ ভাগ ভোট। গভর্নর পদে মেয়াদ শেষ হওয়া রিপাবলিকান গভর্নর মাইক ডানলেভির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে ডেমোক্র্যাট জোনাথন ক্রাইস-টমকিন্স শতকরা ৪৯ দশমিক ১ ভাগ ভোট নিয়ে এগিয়ে আছেন। তার পেছনে থাকা তিন রিপাবলিকান প্রার্থী বার্নাডেট উইলসন পেয়েছেন ২৯ দশমিক ২ ভাগ, ডেভ ব্রনসন ১৪ দশমিক ২ ভাগ ও ট্রেগ টেলর ৭ দশমিক ৫ ভাগ ভোট পেয়েছেন। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে না পারলে দ্বিতীয় দফায় র়্যাংকড-চয়েস পদ্ধতিতে ফল নির্ধারণ হবে।
এদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে বর্তমান মেয়র ক্যারেন ব্যাসকে পরাজিত করেছেন সিটি কাউন্সিল সদস্য ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিথিয়া রমন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.