আপনি পড়ছেন

ইসরায়েলে একটি জাতীয় জরুরি সরকার গঠনের আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। দেশটির বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট শুক্রবার এই দাবি করে জানান, আগামী সপ্তাহের শুরুতেই তিনি সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী।

ইসরায়েলে জরুরি সরকার গঠনে অগ্রগতির দাবি আইজেনকটের
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ও ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইয়াশার দলের প্রধান আইজেনকোট উল্লেখ করেন, ইসরায়েল বর্তমানে এক ‘প্রকৃত, দৃশ্যমান ও বিপজ্জনক জরুরি অবস্থার’ মুখোমুখি। এই পরিস্থিতিতে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখা ঠেকাতে তিনি দ্রুত ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। তিনি আরও জানান, দেশটির ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের ৭৪ জন সদস্য নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। বিপরীতে বিদায়ী প্রধানমন্ত্রীর পক্ষে সমর্থন রয়েছে কেবল ৪৬ জনের।

জরুরি সরকার গঠনের লক্ষ্যে বিরোধী দলগুলোর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে। আইজেনকোট বলেন, ‘একটি জাতীয় জরুরি জোট সরকার গঠনের ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি।’ তিনি জানান, চারটি মূল নীতির ওপর ভিত্তি করে এই সরকার গঠিত হবে। নীতিগুলো হলো—ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, স্বাধীনতার ঘোষণার মূল্যবোধ সমুন্নত রাখা, সবার জন্য সামরিক, জাতীয় বা বেসামরিক সেবা বাধ্যতামূলক করা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের প্রতিশ্রুতি দেওয়া। এসব নীতি মেনে নেওয়া সব সংসদীয় দল ও আইনপ্রণেতাকে জোটে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আরেকটি নির্বাচন আয়োজন করা হলে রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘায়িত হবে এবং নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকার সুযোগ পাবেন।

এর আগে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ঘোষণা করেন, পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কার ওপর ন্যস্ত করা হবে সে বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পর প্রেসিডেন্ট জানান, ৬৭ জন আইনপ্রণেতা সরকার গঠনের জন্য আইজেনকোটের নাম সুপারিশ করেছেন, যেখানে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে দেশটির পার্লামেন্টে বিভক্তি দেখা দেয়। ওই নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি, ইহুদি বিরোধী দলগুলোর জোট ৪৮টি এবং আরবদের নেতৃত্বাধীন দলগুলো ১৯টি আসন পায়। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.