পশ্চিম তীরে ৭০০ বসতি গড়তে ইসরায়েলের দরপত্র
অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় বেথলেহেমের কাছে ৭৩২টি নতুন বসতি ইউনিট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। সোমবার ফিলিস্তিন সরকারের একটি সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এক বিবৃতিতে জানায়, বেথলেহেম গভর্নরেটে অবৈধ বসতি সম্প্রসারণ প্রকল্পের প্রথম ধাপ হিসেবে রবিবার এই দরপত্র প্রকাশ করা হয়। গভাত অবৈধ বসতি এলাকায় এসব স্থাপনা নির্মাণ করা হবে।
ইসরায়েল ল্যান্ড অথরিটির নথি অনুযায়ী, দরপত্রে বহুতল আবাসিক ভবন, বাণিজ্যিক সুযোগ-সুবিধা এবং সরকারি বা গণপ্রতিষ্ঠান নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। একই স্থানে বাণিজ্যিক কার্যক্রম, কর্মসংস্থান সুবিধা ও পাবলিক ভবনের জন্য নির্ধারিত জমির বিষয়ে আলাদা আরেকটি দরপত্রও প্রকাশ করেছে তেল আবিব কর্তৃপক্ষ।
কমিশন জানায়, একই স্থানে পৃথক দুটি দরপত্র প্রকাশের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে বসতি এলাকাটি কেবল আবাসিক হিসেবে নয়, অর্থনৈতিক ও সেবা কেন্দ্র হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দরপত্র আহ্বান মূলত পূর্বে অনুমোদিত বসতি পরিকল্পনা বাস্তবায়নের একটি চূড়ান্ত আইনি ধাপ। এর মাধ্যমে বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান জমি উন্নয়ন কাজের জন্য নিলামে অংশ নেওয়ার সুযোগ পায়।
এই দরপত্রের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে প্রস্তাব জমা নেওয়া শুরু হবে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েল কর্তৃপক্ষ অন্তত ২৮টি জমির দরপত্র আহ্বান করেছে। এর মধ্যে ১৮টি দরপত্রে মোট ৭ হাজার ৮১৫টি বসতি ইউনিট অন্তর্ভুক্ত ছিল। বাকি ১০টি দরপত্র ছিল বিভিন্ন অনাবাসিক প্রকল্পের জন্য।
পশ্চিম তীরজুড়ে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বসতি স্থাপন কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বিদ্যমান বসতিগুলোর সম্প্রসারণ, নতুন ফাঁড়ি স্থাপন, ফিলিস্তিনিদের জমি দখল এবং তাদের ঘরবাড়ি ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার মতো পদক্ষেপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে পূর্ব জেরুজালেমের প্রায় আড়াই লাখসহ পুরো পশ্চিম তীরের শত শত অবৈধ বসতিতে অন্তত ৭ লাখ ৭০ হাজার ইসরায়েলি বসবাস করছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০১৬ সালে পাস হওয়া ২৩৩৪ নম্বর প্রস্তাব অনুযায়ী, ১৯৬৭ সাল থেকে অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে গড়ে তোলা যেকোনো ইসরায়েলি বসতির কোনো আইনি বৈধতা নেই। বিশ্ব সংস্থার দৃষ্টিতে এসব বসতি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.