আপনি পড়ছেন

ফুটপাত দখল করে কিংবা ভ্যানগাড়িতে পরিচালিত খাবার ব্যবসাকে নজরদারির আওতায় আনার অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ব্যবসাপ্রতিষ্ঠানের স্থায়ী ঠিকানা থাকার আইনি বাধ্যবাধকতা উল্লেখ করে এই ধরনের খাবারের দোকান নিবন্ধনের সুযোগ নেই বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

ফুটপাতের খাবার বিক্রেতাদের নিবন্ধনে বিএফএসএ-র পিছুটান
বিএফএসএ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম

রাজধানীতে বিএফএসএ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সংস্থাটির প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে সকাল সাড়ে ১০টায় এই অনুষ্ঠান শুরু হয়।

চেয়ারম্যান বলেন, নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালার আবেদন ফরম ৫.১-এর ১(খ) ধারা অনুযায়ী প্রতিটি খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা থাকা আবশ্যক। স্থায়ী ঠিকানা না থাকলে সেই আবেদন অসম্পূর্ণ বিবেচিত হবে এবং তা নিবন্ধনের জন্য গ্রহণযোগ্য হবে না। এর ফলে ফুটপাত দখলকারী, মাথায় করে কিংবা ভ্যানগাড়িতে অস্থায়ীভাবে খাবার বিক্রেতাদের নিবন্ধনের আওতাভুক্ত করার পথ বন্ধ হয়ে গেলো।

অথচ গত অক্টোবর মাসেও বিএফএসএ জানিয়েছিল, রাস্তার পাশের অস্থায়ী খাবার বিক্রেতাদের জবাবদিহির আওতায় আনতে নিবন্ধন নিতে হবে। সে সময় চেয়ারম্যান বলেছিলেন, নিবন্ধিত হলে বিক্রেতাদের তালিকা প্রস্তুত করে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে এবং খাবারে কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে কি না তা তদারকি করা সহজ হবে। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে নয়, বরং শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যেই ওই উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছিল। সেই অবস্থান থেকে সংস্থাটি এখন সরে এসেছে।

গত ১৬ জুলাই জারি করা প্রবিধানমালা অনুযায়ী দেশে ১ নভেম্বর থেকে ১৬ শ্রেণির খাদ্য ব্যবসা ও স্থাপনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এই তালিকায় রয়েছে রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান, ক্যাটারিং সেবাদাতা, প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, পাইকারি মুদি ব্যবসা, হিমাগার এবং ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। এসব ব্যবসার নিবন্ধনের জন্য কোনো ফি দিতে হবে না। নির্ধারিত ফরম ৫.১ পূরণ করে জমা দিলে তা যাচাই-বাছাই সাপেক্ষে অনুমোদন দেবে কর্তৃপক্ষ।

নিবন্ধনের মেয়াদ হবে তিন বছর এবং মেয়াদ শেষে তা নবায়ন করতে হবে। ভোক্তাদের তথ্যপ্রাপ্তি ও অভিযোগ জানানোর সুবিধার্থে খাদ্যপণ্যের মোড়কে বিএফএসএর নিবন্ধন নম্বর মুদ্রণ করা বাধ্যতামূলক করা হয়েছে। চেয়ারম্যান জানান, নিবন্ধনের মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধির ওপর প্রশিক্ষণ দেওয়া এবং প্রয়োজনে আকস্মিক মনিটরিং পরিচালনা করা।

এদিকে ১৬ শ্রেণির পাশাপাশি বিশেষায়িত চার ধরনের খাদ্যপণ্যের জন্য নিবন্ধনের পাশাপাশি নির্ধারিত ফি পরিশোধ করে লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের ফর্মুলা দুধ, বিশেষ পথ্য, সম্পূরক খাদ্য, জৈব খাদ্য এবং জিনগত বৈশিষ্ট্য পরিবর্তিত খাদ্য। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নিবন্ধন বা লাইসেন্স ছাড়া এসব ব্যবসা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএর সদস্য মো. আনোয়ারুল ইসলাম সরকার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সোয়েব। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা আল হামিদ এবং বিএফএসএর সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও মোহাম্মদ মোস্তফা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.