আপনি পড়ছেন

টানা ভারী বর্ষণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সৃষ্টি হওয়া আকস্মিক বন্যা এক ‘ভয়াবহ দুঃস্বপ্নে’ রূপ নিয়েছে। এ দুর্যোগে অন্তত দুই লাখেরও বেশি ফিলিস্তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাতিসংঘ সতর্ক করে বলেছে, এটি কেবল সংকটের শুরু মাত্র। আসন্ন দিনগুলোতে আরও বৃষ্টিপাতের ফলে মানবিক পরিস্থিতি চরম রূপ নিতে পারে।

জাতিসংঘ: গাজায় বন্যার ‘দুঃস্বপ্ন’ কেবল শুরু
গাজায় ভারী বর্ষণে কর্দমাক্ত আশ্রয়কেন্দ্রে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি শিশুরা

জেনেভায় সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) মুখপাত্র জেনস লার্কে এই আশঙ্কার কথা জানান। তিনি বলেন, ‘গত সপ্তাহান্তটি গাজার লাখ লাখ মানুষের জন্য সত্যিই একটি দুঃস্বপ্ন ছিল।’ আগামী সপ্তাহ ও মাসগুলোতে আরও বৃষ্টিপাত, বন্যা এবং পয়োবর্জ্যের পানিতে খাবার পানি দূষিত হওয়ার ঝুঁকি রয়েছে বলেও তিনি সতর্ক করেন।

বন্যার পানিতে ডুবে ইতোমধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আল বেরকা জলাধারের কাছে একটি বালুর পাহাড় ধসে তাঁবুর ওপর পড়লে তিন শিশু ও দুই নারী প্রাণ হারান। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য কেনা প্রায় দেড় লাখ তাঁবু এখনো গাজার বাইরে বিশেষ করে মিশরে আটকে রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এগুলোকে ‘দ্বিমুখী ব্যবহারের’ অজুহাতে আটকে রাখায় তা উপত্যকায় প্রবেশ করতে পারছে না।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে লার্কে বলেন, ‘সন্তানসন্ততি নিয়ে তাঁবুতে বসবাসকারী কোনো পরিবারের মাথা গোঁজার ঠাঁই যখন ভেসে যায়, তখন তাদের এটি বোঝানো কঠিন যে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব দিয়ে অস্ত্র তৈরির সন্দেহে তাঁবু আটকে রেখেছে।’ তিনি যোগ করেন, ইসরায়েলের বাইরের বহু মানুষের কাছেই এই যুক্তি সম্পূর্ণ অযৌক্তিক।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার সতর্ক করে জানায়, গাজায় বাস্তুচ্যুত প্রায় সাড়ে ৯ লাখ ফিলিস্তিনি বন্যাকবলিত এলাকায় বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় ৪ লাখ মানুষ চরম ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছেন, যাদের প্রায় অর্ধেকই শিশু। সংস্থাটির তথ্যমতে, প্রায় ১৭ লাখ বাস্তুচ্যুত মানুষ তাঁবু, অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা ক্ষতিগ্রস্ত ভবনে থাকছেন। এসব কাঠামো তীব্র শীত, বন্যা ও ধসের মুখে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে।

ওসিএইচএ-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাকৃতিক এ দুর্যোগে ৪০ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র, ৯ শতাধিক শৌচাগার ও নয়টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র এই সংকটের মধ্যেও মাত্র ৭৫০টি পরিবারের প্রায় সাড়ে চার হাজার মানুষের কাছে তাঁবু, কম্বল ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো সম্ভব হয়েছে।

লার্কে উল্লেখ করেন, এই বন্যা অপ্রত্যাশিত ছিল না। যুদ্ধের আগের দুই শীতের অভিজ্ঞতার পর ত্রাণ সংস্থাগুলো গাজায় অতিরিক্ত তাঁবু ও সরঞ্জাম পাঠাতে কয়েক মাস ধরে ইসরায়েলি কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছিল। তবে ইসরায়েলি বাধার কারণে সেই চেষ্টা সফল হয়নি। তথাকথিত ‘হলুদ রেখা’র কারণে ফিলিস্তিনিরা গাজার অর্ধেকেরও কম অংশে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ফলে পরিবারগুলোকে নিরাপদ বা উঁচু স্থানে সরিয়ে নেওয়াও সম্ভব হচ্ছে না।

আশ্রয় শিবিরের পানি নিষ্কাশনে ভারী যন্ত্রপাতির তীব্র সংকট দেখা দিয়েছে। ওসিএইচএ সীমিত যন্ত্রপাতি দিয়ে ২৫টি স্থানে পানি নিষ্কাশন ও মাটি সমান করার কাজ করেছে। এর মাধ্যমে প্রায় ৩ হাজার ৭০০ পরিবার উপকৃত হয়েছে। অন্য দলগুলো ৬০টি স্থানে পয়োনিষ্কাশন নালা ও বৃষ্টির পানি জমার জলাধার পরিষ্কার করে প্রায় ৩০ হাজার পরিবারকে সহায়তা দিয়েছে। তবে গাজা ও উত্তর গাজায় আরও ২৪৫টি আশ্রয়স্থল ও ২৩টি সড়কে জরুরি সংস্কার প্রয়োজন।

পানি নিষ্কাশন পাম্প পরিচালনার জন্য খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন তেলের অভাব রয়েছে। ইউনিসেফ জানিয়েছে, গাজায় বর্তমানে কোনো বর্জ্য শোধনাগার কার্যকর নেই। গাজা সিটির শেখ রাদওয়ান জলাধারের ছয়টি পাম্পের মধ্যে মাত্র দুটি চালু থাকায় পয়োবর্জ্য মিশ্রিত বৃষ্টির পানি উপচে পড়ার ঝুঁকিতে রয়েছে। এই কেন্দ্র মেরামতের সরঞ্জাম প্রবেশের জন্য সংস্থাটি এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সহায়তা সামগ্রী পৌঁছানোর জটিলতার পাশাপাশি আর্থিক সংকটও ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। গাজা ও পশ্চিম তীরের জন্য জাতিসংঘের ৪০০ কোটি ডলারের মানবিক আবেদনের মাত্র ৩৫ শতাংশ অর্থ ছাড় হয়েছে। প্রয়োজনীয় সহায়তা উপত্যকার বাইরে মজুত থাকলেও তা প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক দাতাদের সহায়তা সত্ত্বেও অর্থসংকটের কারণে এ মানবিক বিপর্যয় ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.