আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। অভিবাসন সংস্থা আইসিইর অভিযান নিয়ন্ত্রণ এবং নথিপত্রহীনদের বৈধতার পথ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। তবে নতুন আইন পাসে প্রেসিডেন্টের ভেটো দেওয়ার ক্ষমতা তাদের উদ্যোগকে অনেকটাই সীমিত করতে পারে।

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে মুখোমুখি ট্রাম্প ও ডেমোক্র্যাটরা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ভোটারদের ক্ষোভকে কাজে লাগিয়ে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। অভিবাসন ইস্যুতে ট্রাম্পের প্রতি জনসমর্থন ৫০ শতাংশ থেকে কমে ৩৮ শতাংশে নেমে এসেছে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন চিফ অব স্টাফ ও কট্টর অভিবাসন নীতির রূপকার স্টিফেন মিলার এই কঠোর অভিযান অব্যাহত রাখবেন বলে উভয় দলের আইনপ্রণেতারা ধারণা করছেন। ট্রাম্প নিজেও সাংবাদিকদের কাছে জানিয়েছেন, তার নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

আইন পাসের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড তদন্তে বাড়তি ক্ষমতা পাবেন ডেমোক্র্যাটরা। অভিবাসন বন্দিশিবিরের পরিস্থিতি, কেন্দ্রীয় এজেন্টদের প্রাণঘাতী বলপ্রয়োগ এবং ২০২৫ সালে ভেনিজুয়েলার নাগরিকদের এল সালভাদরের কারাগারে পাঠানোর ঘটনাগুলো তদন্ত তালিকায় রয়েছে। এছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অনুকূলে বরাদ্দ হওয়া ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়েও জবাবদিহিতা চাইবে কংগ্রেস।

হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির হবু চেয়ারম্যান বেনি থম্পসন বলেন, ‘আমরা আমেরিকানদের বিরুদ্ধে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার ও লাগামহীন অভিবাসন নীতির তদন্ত করব।’ তবে এই অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংস্থাটি। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স জানান, আমেরিকান জনগণ চরমপন্থি অভিবাসন এজেন্ডা চায় না এবং ডেমোক্র্যাটরা ভোটারদের মনোভাব বুঝতে ভুল করছে।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ক্ষমতা নিয়ন্ত্রণে মিনেসোটা থেকে নির্বাচিত সিনেটর পেগি ফ্লানাগান সংস্থাটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিনিধি পরিষদের সদস্য প্রমিলা জয়পাল বলপ্রয়োগ ও ধরপাকড়ে জড়িত কর্মকর্তাদের কংগ্রেসে তলব করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া আইসিই সদস্যদের শরীরে ক্যামেরা ব্যবহার ও স্থানীয় পুলিশের সাথে সমন্বয়ের বাধ্যবাধকতা তৈরি করতে একটি বিল পাসের ওপর জোর দিচ্ছেন নিউজার্সির প্রতিনিধি জশ গথাইমার।

আইন প্রণয়নের অংশ হিসেবে নথিপত্রহীন তরুণদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে ‘ড্রিম অ্যান্ড প্রমিজ অ্যাক্ট’ এবং কর্মীদের বৈধতার জন্য ‘ডিগনিটি অ্যাক্ট’ সামনে আনতে চাইছেন ডেমোক্র্যাটরা। টেক্সাসের মধ্যপন্থি ডেমোক্র্যাট প্রতিনিধি হেনরি কুয়েলার জানান, সাধারণ অভিবাসীদের বদলে কেবল অপরাধীদের বহিষ্কারে মনোযোগ দিতে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। তবে রিপাবলিকানদের দাবি, সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত কোনো স্থায়ী সংস্কার সম্ভব নয়।

সাবেক আইসিই কর্মকর্তা ক্লেয়ার ট্রিকলার-ম্যাকনাল্টি মনে করেন, নির্বাহী বিভাগের ওপর কংগ্রেসের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। ট্রাম্প অভিবাসন সংস্কার সংক্রান্ত যেকোনো বিলে সরাসরি ভেটো দিতে পারেন। তবে ডেমোক্র্যাটরা বাজেট পাসের সময়সীমা এবং সিনেটের অনুমোদন প্রক্রিয়াকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। সংস্থাটির বরাদ্দ কমিয়ে স্বাস্থ্যসেবা বা স্কুলের খাবারের মতো জনপ্রিয় জনকল্যাণমূলক কর্মসূচিতে অর্থ স্থানান্তরের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.