আপনি পড়ছেন

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা খর্ব না করা হলে বছরের শেষ বাজেট চুক্তি আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন চারজন ডেমোক্র্যাটপন্থি মার্কিন সিনেটর। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা এই অবস্থানের কথা জানান।

ট্রাম্পের ইরান যুদ্ধে বরাদ্দ আটকে দেওয়ার ঘোষণা ডেমোক্র্যাটদের
মার্কিন সিনেটের পোডিয়ামে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন বার্নি স্যান্ডার্স

সিনেটর মাইকেল বেনেট, বার্নি স্যান্ডার্স, ক্রিস ভ্যান হলেন এবং ট্যামি ডাকওয়ার্থ যৌথ বিবৃতিতে বলেন, ‘মার্কিন জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই অবৈধ ও বিপর্যয়মূলক ইরান যুদ্ধের অবশ্যই অবসান ঘটাতে হবে।’

তারা জানান, এই যুদ্ধের কারণে জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্য এবং সারের দাম অনেক বেড়ে গেছে। একই সঙ্গে বিশ জনেরও বেশি মার্কিন সেনাসদস্য নিহত এবং শত শত সদস্য আহত হয়েছেন। অথচ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত কোনো লক্ষ্যই অর্জিত হয়নি, বরং পুরো অঞ্চলের বেসামরিক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আগামী ১১ ডিসেম্বরের বাজেট বরাদ্দের সময়সীমা ঘনিয়ে আসছে। এমন পরিস্থিতিতে সিনেটররা জানান, ট্রাম্পের এই ‘পছন্দের যুদ্ধের’ জন্য অতিরিক্ত শত শত কোটি ডলারের জোগান দেয়—কংগ্রেসের এমন কোনো স্বল্পমেয়াদি বাজেট চুক্তি মেনে নেওয়া উচিত নয়।

তারা বলেন, যেকোনো বাজেট প্যাকেজে অবশ্যই এমন শর্ত অন্তর্ভুক্ত থাকতে হবে যাতে যুদ্ধের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন কোনো সরকারি অর্থ ব্যবহার করতে না পারে।

ভিয়েতনাম, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের উদাহরণ টেনে সিনেটররা সতর্ক করে বলেন, এ ধরনের যুদ্ধ শেষ হতে কয়েক দশক লেগে যেতে পারে। এছাড়া যুদ্ধ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, সামরিক সক্ষমতা নিঃশেষ করে এবং আমেরিকানদের নিরাপত্তাহীন করে তোলে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাজেট বরাদ্দে ভোট দেওয়ার সময় আমরা সরকারি কাজে অর্থায়ন অব্যাহত রাখব এবং এই যুদ্ধের তহবিল বন্ধ করে দেব।’ এর আগে সিনেটর বেনেট তার সহকর্মীদের কাছে একটি চিঠি পাঠিয়ে অতিরিক্ত যুদ্ধ বরাদ্দযুক্ত যেকোনো বাজেট প্যাকেজ আটকে দেওয়ার আহ্বান জানান।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক বাহিনীর জন্য ৩৫০ বিলিয়ন ডলারের একটি পুনর্মিলন (রিকনসিলিয়েশন) বিল ‘অবিলম্বে পাস’ করতে সিনেট নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প দাবি করেন, তিনি প্রথম মেয়াদে সামরিক বাহিনীকে পুনর্গঠন করেছিলেন এবং এবারও ‘আগের চেয়ে আরও বড় ও উন্নতভাবে’ তা করছেন।

পরবর্তী কংগ্রেসের ‘উগ্র ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ অংশ’ এই সামরিক বিনিয়োগ আটকে দেওয়াকে তাদের ‘এক নম্বর এজেন্ডা’ বানিয়েছে বলে অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, ডেমোক্র্যাটরা সেনাদের ‘দুর্বল ও অরক্ষিত’ রাখতে চায়।

ট্রাম্প বলেন, ‘রিপাবলিকানদের অবশ্যই আমাদের যোদ্ধাদের স্বার্থ রক্ষা করতে হবে। ডেমোক্র্যাটরা কখনোই তা করবে না। এখনই উপযুক্ত সময়।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.