আপনি পড়ছেন

ইউরোপে একটি নতুন নিরাপত্তা রূপরেখা প্রণয়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে মস্কো। বর্তমান ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা যে অকার্যকর হয়ে পড়েছে, তা এখন সবার কাছে স্পষ্ট। বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ।

ইউরোপের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় প্রস্তুত মস্কো
মঞ্চে পোডিয়ামের সামনে দাঁড়িয়ে কথা বলছেন রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ

তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘমেয়াদি ও অবিভাজ্য নিরাপত্তা এবং শান্তির নতুন রূপরেখা চূড়ান্ত করার উদ্যোগে ইউরোপের দেশগুলো সমর্থন জানাবে। মার্কিন প্রতিনিধিদের সাথে যৌথভাবে এই প্রক্রিয়া এখনই শুরু করতে প্রস্তুত রাশিয়া।

ক্রেমলিনের এই আলোচনা অত্যন্ত গঠনমূলক, বস্তুনিষ্ঠ, স্পষ্ট এবং ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন উশাকভ। তিনি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা শহরে একটি ‘মানবিক মিশন’ পাঠানোর বিষয়ে পুতিনের প্রস্তাবে উইটকফ ও কুশনার সমর্থন জানিয়েছেন।

মস্কোয় মার্কিন দূতদের সঙ্গে আলোচনার শুরুতে কোস্তিয়ানতিনিভকায় একটি মানবিক মিশন আয়োজনের প্রস্তাব দেন পুতিন। শহরটি বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। একই সাথে সেখানে এখনো চারশ থেকে পাঁচশ বেসামরিক নাগরিক অবস্থান করছেন বলেও উল্লেখ করেন। তবে এই প্রস্তাবের বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যার ব্রিফিংয়ে উশাকভ জানান, প্রস্তাবিত এই মানবিক সহায়তা মিশন সহজ করতে ওই এলাকার কাছে মাইন অপসারণ কার্যক্রম শুরু করতে প্রস্তুত রয়েছে মস্কো। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মঙ্গলবার ও বুধবার শান্তি আলোচনার সময় মস্কো ও কিয়েভের মধ্যে বন্দিবিনিময়ের যেসব বিষয় নির্ধারিত হয়েছিল, তা চূড়ান্ত করা হচ্ছে।

ইউরোপ ইউক্রেন শান্তি আলোচনায় যুক্ত হতে চাইলেও তাদের বাস্তব কর্মকাণ্ড চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করেন উশাকভ। যুদ্ধ শেষের পর ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাবকে তিনি ‘একটি অন্তহীন যুদ্ধের প্রক্রিয়া’ হিসেবে আখ্যায়িত করেন। তবে ইউক্রেন ইস্যুতে আলোচনা চালিয়ে যেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে।

রুশ প্রেসিডেন্টের এই সহকারী আরও যোগ করেন, আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংকটের সমাধান নিয়ে আলোচনা অব্যাহত রাখবেন।

একই সাথে অ্যাপেক শীর্ষ সম্মেলনে রুশ, মার্কিন এবং চীনা প্রেসিডেন্টের মধ্যে সম্ভাব্য একটি ত্রিপক্ষীয় বৈঠকের রূপরেখা নিয়ে মস্কো, ওয়াশিংটন ও বেইজিং কাজ করছে বলেও জানান উশাকভ। তিনি বলেন, ‘আমরা আশা করি, এই ধরনের প্রথম কোনো বৈঠক সামগ্রিক আন্তর্জাতিক পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।’

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা শেষে বৃহস্পতিবার মস্কোয় পৌঁছান উইটকফ ও কুশনার। আবুধাবির ওই বৈঠকের মূল অর্জন ছিল মস্কো ও কিয়েভের মধ্যে নতুন একটি বন্দিবিনিময় চুক্তি, যার বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ওই শান্তি আলোচনার পর কুশনার সাংবাদিকদের জানান, তারা পুতিনের সঙ্গে আলোচনার জন্য বৃহস্পতিবার মস্কো যাবেন। সেখানে বন্দিবিনিময়ের সংখ্যা চূড়ান্ত করা এবং শান্তি আলোচনায় ইউরোপকে অন্তর্ভুক্ত করার সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা হবে। অবশ্য ইউরোপকে এই আলোচনায় যুক্ত করার বিষয়ে মস্কো আগে থেকেই বিরোধিতা করে আসছে।

কুশনার আরও জানান, মস্কো সফর শেষে তারা আয়ারল্যান্ড যাবেন। ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটির শীর্ষ সম্মেলন এবং ইউরোপীয় কাউন্সিলের এক অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে বুধবার ডাবলিনে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তার সঙ্গে মার্কিন দূতদের বৈঠকের কথা রয়েছে।

উশাকভ বলেন, ‘আমরা বিশ্বাস করি যে মস্কোর বার্তাগুলো তাদের (ইউক্রেন) কাছে অত্যন্ত নির্ভুলভাবে পৌঁছে দেওয়া হবে। আমরা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং চীনে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.