নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার এ হামলায় ছয়জন নিহত এবং ২৭ জন আহত হন। এছাড়া চিকিৎসাকেন্দ্রটির অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক বলেন, ‘গত রাতে গাজার নাসের হাসপাতালে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তর্বর্তীকালীন বিশেষ সমন্বয়কারী গভীরভাবে উদ্বিগ্ন। এ হামলায় ছয়জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন এবং হাসপাতালটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া সংক্রান্ত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বিশেষ সমন্বয়কারী রমিজ আলাকবারভের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, চলমান সহিংসতা এবং সামরিক অভিযানের সাম্প্রতিক বৃদ্ধি গাজার মানুষের সীমাহীন দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলছে। একই সঙ্গে এটি দিন দিন নাজুক হতে থাকা যুদ্ধবিরতিকেও চরম ঝুঁকির মুখে ফেলছে।
ফারহান হক জানান, সবচেয়ে শীতল মাসগুলো এগিয়ে আসার প্রেক্ষাপটে বেসামরিক জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে দ্রুত, নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন বিশেষ সমন্বয়কারী। এর মধ্যে রয়েছে টেকসই আশ্রয় সামগ্রী এবং শীতকালীন প্রয়োজনীয় উপকরণ প্রবেশের সুযোগ দেওয়া।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্যমতে, পশ্চিম খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে ছয়জন নিহত এবং ৩০ জন আহত হন।
হাসপাতালের পরিচালক জানান, এই হামলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অস্ত্রোপচার ওয়ার্ডের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে ইসরায়েলের সামরিক রেডিও এ হামলাকে একটি ‘গুপ্তহত্যা অভিযান’ হিসেবে বর্ণনা করলেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
ফারহান হক বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী হাসপাতালসহ সব ধরনের চিকিৎসা স্থাপনা এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়া ও সম্মান প্রদর্শন করতে প্রতিটি পক্ষ বাধ্য। তিনি বলেন, ‘এ ধরনের স্থাপনাকে কোনোভাবেই লক্ষ্যবস্তু বানানো যাবে না বা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।’
উপমুখপাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুসের বক্তব্য উল্লেখ করে বলেন, গাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সেখানকার মানুষের জন্য জীবনরেখা।
তিনি আরও জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার স্বাস্থ্যসেবা খাতের ওপর এক হাজারেরও বেশি হামলার ঘটনা নথিভুক্ত করেছে ডব্লিউএইচও। এসব হামলায় বহু হতাহতের পাশাপাশি চিকিৎসাকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফারহান হক আরও জানান, বৃহস্পতিবার মধ্য গাজার দেইর আল-বালাহে জাতিসংঘের কর্মীরা অবস্থান করছিলেন—এমন একটি স্থাপনার কাছাকাছি এলাকায় পৃথক আরেকটি হামলা চালানো হয়।
তিনি বলেন, ‘হামলাটি কেন চালানো হয়েছিল তা নির্ধারণ করা আমাদের কাজ নয়। ইসরায়েলি কর্তৃপক্ষেরই এর জবাব দেওয়ার কথা। তবে এটি আমাদের স্থাপনার কাছাকাছি ঘটেছে।’ তিনি নিশ্চিত করেন, সেখানে থাকা জাতিসংঘের সব কর্মী নিরাপদে রয়েছেন।
ব্রিফিং চলাকালে এক সাংবাদিক প্রশ্ন তোলেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন সরাসরি এই হামলার স্পষ্ট ‘নিন্দা’ জানায়নি। একই সঙ্গে তিনি চিকিৎসা স্থাপনায় এমন আক্রমণকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অভিহিত করেন।
ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘ফিলিস্তিনিদের রক্ত কি এতটাই সস্তা যে তা কোনো নিন্দা তৈরি করতে পারে না?’
জবাবে ফারহান হক বলেন, ‘আমি ভালো করেই জানি আপনি হয়তো এ ধরনের বিবৃতি লিখতে চান। তবে আলাকবারভ এবং ড. তেদ্রোস উভয়েই এই হামলার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তারা দুজনই স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা না করার বিষয়ে ইসরায়েলকে তাদের আইনি বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিয়েছেন। আমরা এখনও সেই অবস্থানে অনড় রয়েছি।’
ফারহান হক উল্লেখ করেন, জাতিসংঘ এর আগে বহুবার ‘নিন্দা’ শব্দটি ব্যবহার করেছে। তিনি বলেন, ‘যদি লড়াই থামানোর ক্ষেত্রে ‘নিন্দা’ শব্দের কোনো জাদুকরি ক্ষমতা থাকত, তবে আমরা এটি আরও ঘন ঘন ব্যবহার করতাম। তবে বাস্তবতা হলো, আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে তাদের আইনি বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিই। নিরাপত্তা পরিষদসহ সংশ্লিষ্ট সব সরকার ও পক্ষের সঙ্গেই আমরা কাজ করে যাচ্ছি, যাতে এসব আইনি বাধ্যবাধকতা মানা নিশ্চিত করা যায়।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.