যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর উড়োজাহাজ চলাচল শুরু
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে চার ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ ছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর উড়োজাহাজ চলাচল শুরু হলেও বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে। খবর আল জাজিরার

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে (শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিট) এফএএ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। এর আগে শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার রাত ১টা ৫৪ মিনিট) দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছিল সংস্থাটি।
এফএএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে সাময়িক টেলিযোগাযোগ বিভ্রাট দেখা দিয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে ব্যাপক বিপর্যয় দেখা দেয়। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং বাতিল হয়েছে ৪ হাজারের বেশি ফ্লাইট। অন্যদিকে, ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড্ডয়ন বন্ধের নির্দেশ জারির সময় ৪ হাজার ৪২টি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের উদ্দেশে আকাশে উড়ছিল।
উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ২২টি আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্র কাজ করে। যোগাযোগব্যবস্থার ত্রুটির প্রভাব পড়েছিল সব কটি কেন্দ্রেই।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকির কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সবাই নিরাপদে আছেন। ফ্লাইটগুলোর অবস্থান সম্পর্কে আমাদের কাছে তথ্য রয়েছে। এটিআরেকটি ৯/১১ নয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
বিমান চলাচল নিয়ন্ত্রকদের সহায়তায় নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি চালুর পরিকল্পনার সঙ্গে এই বিপর্যয়ের কোনো সম্পর্ক আছে কি না, জানতে চাইলে মুলিন বলেন, বিষয়টি এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো কিছুই পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
তবে ব্লুমবার্গের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, এফবিআইয়ের ধারণা, সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এই বিপর্যয় ঘটেনি। তদন্তকারীরা কোনো সফটওয়্যার হালনাগাদের কারণে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল কি না, তা পরীক্ষা করে দেখছেন। তবে এখনো বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
এদিকে এফএএর যোগাযোগব্যবস্থায় ত্রুটির ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর ট্যামি ডাকওয়ার্থ।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার ওপর দীর্ঘদিন ধরেই চাপ বাড়ছে। পুরোনো প্রযুক্তি ও অবকাঠামো প্রতিস্থাপনের চেষ্টা চালানোর পাশাপাশি যন্ত্রপাতির ত্রুটি, যোগাযোগে সমস্যা এবং নিয়ন্ত্রক কর্মীর সংকট মোকাবিলা করতে হচ্ছে এফএকে। সাম্প্রতিক এই ঘটনা সেই সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে।
এদিকে এফএর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিমান চলাচল ব্যবস্থাপনা প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান এয়ার স্পেস ইন্টেলিজেন্স (এএসআই) জানিয়েছে, তাদের প্রযুক্তির কারণে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়নি।
এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘বর্তমান নিষেধাজ্ঞার সঙ্গে স্মার্ট ব্যবস্থা, এএসআইয়ের কোনো পণ্য কিংবা এফএ ও বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের প্রযুক্তির সমন্বয়ের কোনো সম্পর্ক নেই।’
গত জুনে স্মার্ট নামের এই ব্যবস্থা তৈরি ও চালুর জন্য এএসআইকে ৮৭ কোটি ৫০ লাখ ডলারের চুক্তি দেয় এফএ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিমান চলাচল ব্যবস্থাপনায় নিয়ন্ত্রকদের সহায়তা করাই এই প্রযুক্তির উদ্দেশ্য।
গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ২২টি বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে এই প্রযুক্তি সম্প্রসারণের ঘোষণা দিয়েছিল এফএ। এর কয়েক দিনের মধ্যেই দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধের ঘটনা ঘটল।
যুক্তরাষ্ট্রের জাতীয় রেল পরিচালনাকারী সংস্থা অ্যামট্র্যাক জানিয়েছে, দেশজুড়ে বিমান চলাচল বিপর্যয়ের কারণে তাদের ওয়েবসাইট ও অ্যাপেও সমস্যা দেখা দিয়েছে। গ্রাহকেরা ওয়েবসাইট ও অ্যাপে ত্রুটির বার্তা পাচ্ছেন। একই সঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি ফোন আসায় গ্রাহকসেবা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতেও সমস্যায় পড়ছেন তাঁরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.