ইরানে ফের হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলে তোলপাড়, কড়া জবাবের হুঁশিয়ারি তেহরানের
ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে ইসরায়েল। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরবর্তী সরকার গঠনের দায়িত্বে থাকা গাদি আইজেনকোটের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। তবে ইসরায়েলের সামরিক নেতৃত্ব এই মুহূর্তে এমন পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় নয় বলে মনে করছে। এদিকে নতুন করে কোনো হামলা চালানো হলে তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখানে তিনি ইরানের বিষয়ে সংগৃহীত বিভিন্ন গোয়েন্দা তথ্য তুলে ধরেন। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানানো হয়, এসব তথ্যের মাধ্যমে হামলার পেছনে নেতানিয়াহুর উদ্দেশ্যের বিষয়ে হয়তো আইজেনকোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক পালাবদলের এই স্পর্শকাতর সময়ে নতুন সরকার গঠিত হওয়ার আগে কোনো ধরনের অপ্রয়োজনীয় সামরিক অভিযান না চালানোর জন্য নেতানিয়াহুকে আগেই সতর্ক করেছিলেন আইজেনকোট। এমনকি এই ইস্যুতে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফমানের ওয়াশিংটন সফরের বিষয়টিও আইজেনকোটের জানা ছিল না বলে সম্প্রচারমাধ্যমটি উল্লেখ করেছে।
ইরানে হামলার প্রশ্নে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্যও স্পষ্ট হয়ে উঠেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (KAN) জানিয়েছে, ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে হলেও বর্তমান সময়টিকে তিনি উপযুক্ত বলে মনে করছেন না। জামিরের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের ঝুঁকি এড়াতে অনুকূল পরিস্থিতি তৈরি করেই এমন পদক্ষেপ নেওয়া উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী এই মুহূর্তে ইরানের কাছ থেকে সরাসরি কোনো তাৎক্ষণিক হুমকি দেখছে না এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা নেই বললেই চলে।
অন্যদিকে মার্কিন সমর্থন আদায়ে জোর তৎপরতা চালাচ্ছে তেল আবিব। ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ জানায়, শুক্রবার ওয়াশিংটনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক জন র্যাটক্লিফ এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করার কথা মোসাদ প্রধান রোমান গোফমানের। চ্যানেল ১৩ জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘনের নানা গোয়েন্দা নথি তুলে ধরবেন তিনি। মূলত তেহরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র সক্ষমতার সমাধান না করেই যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছে যেতে পারে—এমন উদ্বেগ থেকেই নেতানিয়াহু প্রশাসন এই দৌড়ঝাঁপ শুরু করেছে।
ইসরায়েলের এসব তৎপরতার মধ্যেই শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের মাধ্যমে আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। মার্কিন দূত জেনিফার লোসেটা নিরাপত্তা পরিষদকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি গোলাম হোসেন দারজি। তিনি ওয়াশিংটনকে এই সংঘাতের মূল ‘আগ্রাসী’ শক্তি হিসেবে আখ্যায়িত করেন। দারজি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের যে কোনো নতুন আগ্রাসনের তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। আগ্রাসন যেখান থেকেই আসুক না কেন, কোনো দ্বিধা ছাড়াই আঘাত হানা হবে।’ একই সঙ্গে তেহরান কূটনীতির পথ কখনো বন্ধ করেনি বলেও মন্তব্য করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.