যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ বন্ধের কারণ সম্পর্কে যা জানা গেল
যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেলে জারি করা এ নির্দেশের ফলে হাজার হাজার ফ্লাইটের চলাচল ব্যাহত হয়। চার ঘণ্টার বেশি সময় পর শুক্রবার রাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন লাগতে পারে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ জারির এটি ছিল তৃতীয় ঘটনা। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেছেন, ‘সবাই নিরাপদে আছেন। এটি আরেকটি ৯/১১ নয়।’
এ ঘটনায় কী ঘটেছিল, কত ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগতে পারে, তা নিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় এফএএ। দেশটির বিভিন্ন অঞ্চলে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কেন্দ্রগুলোর টেলিযোগাযোগব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এফএএ জানায়, দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশ প্রত্যাহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে আকাশপথ আবার খুলে দেওয়া হয়। এর আগে চার ঘণ্টার বেশি সময় ধরে উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল।
ডাফি বলেন, ‘আমরা আকাশপথ খুলে দিয়েছি।’ তবে সঙ্গে সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে না বলেও সতর্ক করে তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।’ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি।
ডাফি জানান, পাইলট ও কেবিন ক্রুদের প্রাপ্যতার ওপর নির্ভর করে ফ্লাইট চলাচল শুরু হবে। শুক্রবার রাতেই যত বেশি সম্ভব ফ্লাইট চালু করার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টার পরও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে ১১ হাজারের মতো ফ্লাইট ছাড়ার কথা ছিল। এসব ফ্লাইটে ১৫ লাখের বেশি যাত্রী ভ্রমণের কথা ছিল।
সিরিয়ামের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিট পর্যন্ত অন্তত ৮২৭টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। এর মধ্যে ৬৭০টি ফ্লাইট যাত্রা শুরুর বিমানবন্দরে ফিরে যায়। বাকি ১৫৭টি ফ্লাইটকে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়।
তবে উড্ডয়ন বন্ধের নির্দেশের সময় যেসব উড়োজাহাজ আকাশে ছিল, সেগুলোকে গন্তব্যে যাওয়ার এবং অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু আন্তর্জাতিক ফ্লাইট নিষেধাজ্ঞার মধ্যেও উড্ডয়নের অনুমতি পায়।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এ ছাড়া শনিবারের জন্য নির্ধারিত আরও প্রায় ৭০০টি ফ্লাইট আগেই বাতিল করা হয়েছিল। বিমান চলাচল বিশ্লেষকেরা বলছেন, এয়ারলাইনসগুলোর ফ্লাইট সূচি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক দিন সময় লাগতে পারে।
দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের নির্দেশকে বিমান চলাচলের পরিভাষায় ‘গ্রাউন্ড স্টপ’ বলা হয়। এ নির্দেশের অর্থ হলো, কর্তৃপক্ষের অনুমতি না পাওয়া পর্যন্ত উড়োজাহাজগুলোকে মাটিতেই থাকতে হবে। অর্থাৎ নতুন কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারবে না। তবে সাধারণত এ সময় আকাশে থাকা উড়োজাহাজগুলোকে গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। নিরাপত্তাজনিত সমস্যা মোকাবিলার সময় নতুন কোনো উড়োজাহাজ যাতে আকাশপথে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়।
এফএএ জানিয়েছে, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার টেলিযোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাটের কারণে দেশজুড়ে উড্ডয়ন বন্ধ রাখতে হয়েছিল। পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, অতিরিক্ত তথ্যের চাপে নেটওয়ার্কের কিছু সুইচ ও রাউটার অকার্যকর হয়ে পড়েছিল। তবে যোগাযোগ ও রাডারব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলেও জানান তিনি।
বিমান চলাচল নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ এবং এয়ারসেফ ডটকমের প্রধান নির্বাহী টড কার্টিস আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতেই মূলত সমস্যার সৃষ্টি হয়েছিল বলে মনে হচ্ছে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রজুড়ে এমন ২১টি কেন্দ্র রয়েছে। এর একটি আলাস্কায় এবং বাকি ২০টি দেশটির মূল ভূখণ্ডের ৪৮টি অঙ্গরাজ্যে।’ কার্টিসের ভাষ্য, এসব কেন্দ্রের কর্মীরা দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া উড়োজাহাজের চলাচল নিয়ন্ত্রণ করেন। এ ক্ষেত্রে এক নিয়ন্ত্রকের কাছ থেকে অন্য নিয়ন্ত্রকের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে কাজ পরিচালিত হয়।
পরিস্থিতি সম্পর্কে পরিবহনমন্ত্রী ডাফি বিস্তারিত জানানোর আগে সাউথ প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিমান চলাচল আইন বিভাগের অধ্যাপক রন বার্টশ বিকল্প নিরাপত্তাব্যবস্থা কার্যকর না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
তিনি আল জাজিরাকে বলেন, ‘বিমান চলাচলব্যবস্থার পুরো কাঠামোই একাধিক বিকল্প ও সুরক্ষাব্যবস্থার ওপর নির্ভরশীল। তাই বিকল্প ব্যবস্থাটি সঙ্গে সঙ্গে কার্যকর না হওয়ায় আরও অনেক প্রশ্ন তৈরি হয়েছে। এখন পর্যন্ত যেসব উত্তর পাওয়া গেছে, তার চেয়ে প্রশ্নই বেশি।’
স্বরাষ্ট্রমন্ত্রী মুলিন বলেছেন, দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধের সঙ্গে কোনো সাইবার হামলার সম্পর্ক নেই। এ ঘটনায় সাধারণ মানুষ কখনোই বিপদের মুখে পড়েনি বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে পরিবহনমন্ত্রী ডাফি স্বীকার করেছেন, এ ঘটনায় কয়েক হাজার নয়, কয়েক দশ হাজার যাত্রী আটকা পড়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে ৫০০০ কোটি ডলার বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
পরিবহনমন্ত্রী ডাফি বলেছেন, উড়োজাহাজ চলাচল আগের সক্ষমতায় ফিরতে কিছুটা সময় লাগবে। তবে আগামী থ্যাংকসগিভিং উৎসবের সময় ভ্রমণের ব্যস্ততা শুরু হওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
বিমান চলাচল নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ টড কার্টিসও সতর্ক করে বলেছেন, প্রযুক্তিগত সমস্যার সমাধান হয়ে গেলেও যাত্রীদের দুর্ভোগ সঙ্গে সঙ্গে শেষ হবে না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.