গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের শেষ মুহূর্তের ভুলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচে একাধিক আক্রমণ ঠেকিয়ে দিলেও তার অসতর্ক থ্রো থেকে সুযোগ নিয়ে লক্ষ্যভেদ করে পাকিস্তান। এর ফলে ২০০৫ সালের পর সাফের ফাইনালে ফেরার সুযোগ হারালো লাল-সবুজের দল।

সাফের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে হারল বাংলাদেশ। ছবি: বাফুফে

পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পাকিস্তান। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে তারা ভারতের মুখোমুখি হবে। আসরের গ্রুপ পর্বে এই ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান। অন্যদিকে ২০০৩ সালে প্রথম শিরোপা জয়ের পর দ্বিতীয় ট্রফির খোঁজে থাকা বাংলাদেশের অভিযান এখানেই শেষ হলো।

ম্যাচের অন্তিম লগ্নে গড়ে ওঠে ফয়সালা। ৮২ ও ৮৫ মিনিটে পাকিস্তানের দুটি প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক শ্রাবণ। এর কিছুক্ষণ পরই একটি লম্বা থ্রো করতে গিয়ে তিনি বল তুলে দেন প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে। সেই পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন আব্দুল সামাদ শেহজাদ। জিদান ও জায়ানের মাঝের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে নিখুঁত শটে তিনি লক্ষ্যভেদ করেন। শ্রাবণ ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি।

গোল হজমের পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গ্যালারি থেকে মাঠে আতশবাজি ছুড়তে শুরু করে ক্ষুব্ধ দর্শকেরা। মাঠ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে রেফারি প্রায় তিন মিনিট খেলা বন্ধ রাখেন। খেলা পুনরায় শুরু হলে বল দখলের লড়াইকে কেন্দ্র করে বাংলাদেশের বিশ্বনাথ ঘোষের সঙ্গে পাকিস্তানের খেলোয়াড়দের উত্তেজনা তৈরি হয়। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে জিদানের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান পাকিস্তানের গোলদাতা শেহজাদ। রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কয়েক মুহূর্ত পরই শেষ বাঁশি বাজান।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। দ্বিতীয় মিনিটে পাকিস্তানের আলি উজাইর মাহমুদের শট ফিস্ট করে ফেরান শ্রাবণ। সপ্তম মিনিটে পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট সহজেই প্রতিহত করেন কাজেম শাহ কিরমানির শট। ষোড়শ মিনিটে রাকিবের শট পাকিস্তানের এক ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হয়। ২৩ মিনিটে ফারহানের কর্নার থেকে শমিতের হেডের পর রাকিবের নেওয়া শট বাটের গ্লাভস ও পোস্টে লেগে প্রতিহত হলে বিপদমুক্ত করেন জুনায়েদ আহমেদ। ২৯ মিনিটে প্রথম কুলিং ব্রেকের পর কাজী তারিক রায়হানের নজর এড়িয়ে পাকিস্তানের শেহজাদের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে, যা কর্নারের বিনিময়ে রক্ষা করেন জিদান আলেক্সান্ডার ইউসুফ। বিরতির ঠিক আগে শুকি ইতোফুসার দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধেও পাকিস্তানের রক্ষণে চাপ বাড়ায় বাংলাদেশ। ৬২তম মিনিটে বাংলাদেশ কোচ ডুলি ইতোফুসাকে তুলে নিয়ে মাঠে নামান মোহাম্মদ ইব্রাহিমকে। এর আগে ইনজুরিতে থাকা সাদ উদ্দিনের জায়গায় তিনি একাদশে সুযোগ দেন রহমত মিয়াকে, যার বদলি হিসেবে ৭৬ মিনিটে নামেন বিশ্বনাথ। অন্যদিকে পাকিস্তান কোচ নেলবের্তো সোলানো প্রথম একাদশে রাখেন পাঁচ প্রবাসী ফুটবলারকে—সুইডেন প্রবাসী আব্দুল্লাহ ইকবাল ও আলি আকবর খান, ইংল্যান্ড প্রবাসী এশাহ সুলাইমান ও আদিল নবি এবং ডেনমার্ক প্রবাসী আব্দুল সামাদ শেহজাদ। খেলার মাঝামাঝি সময়ে পাকিস্তানের আদিল নবির ফ্রি কিক রক্ষা করেন শ্রাবণ এবং হারিস আলির শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

এই জয়ে সাফের মঞ্চে ২০১৮ সালের ১-০ গোলের হারের প্রতিশোধ নিলো পাকিস্তান। একই সঙ্গে টুর্নামেন্টে দুই দলের মুখোমুখির পরিসংখ্যানেও সমতা ফিরলো। সাফে এখন পর্যন্ত আটবারের দেখায় দুই দলই তিনটি করে জয় পেয়েছে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছিল।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.