জেলেনস্কি: ন্যাটোর সদস্যপদ পেতে দনবাস ছাড়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র
ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের আলোচকেরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন। যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের উদ্যোগের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন। খবর বিবিসির

তবে জেলেনস্কির এ বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ‘অনেক প্রস্তাব নিয়েই আলোচনা চলছে। তবে যেকোনো চূড়ান্ত চুক্তিতে দুই পক্ষের সম্মতি থাকতে হবে।’
দীর্ঘদিন ধরে ন্যাটোর সদস্যপদ চেয়ে আসছে কিয়েভ। তবে যুক্তরাষ্ট্রসহ জোটের কয়েকটি দেশ আগে থেকেই এ বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। অন্যদিকে, নিজেদের সীমান্তে ন্যাটোর আরেকটি সদস্যদেশের উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে মস্কো।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটির শিল্পসমৃদ্ধ দনবাস অঞ্চলের বেশির ভাগ এলাকা এখন মস্কোর নিয়ন্ত্রণে। তবে ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডের কোনো অংশ ছেড়ে দিতে রাজি নন বলে বরাবরই জানিয়ে আসছেন জেলেনস্কি।
গত শনিবার নিজের কার্যালয় থেকে প্রকাশিত এক বক্তব্যে জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা প্রশ্ন তুলেছেন, ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তাহলে কি তারা দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? প্রথমবারের মতো এমন প্রশ্ন তোলা হয়েছে।’
জেলেনস্কি আরও বলেন, নিরাপত্তার সুনির্দিষ্ট নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য অর্থায়নের প্রস্তাব পেলে তিনি তা গণভোটে দেবেন।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এর আগে মস্কোতে পুতিনের সঙ্গে এক দফা আলোচনা করেন তাঁরা।
পুতিন ও ক্রেমলিনের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলেছে, যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এর আগে মস্কো শান্তিচুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার প্রস্তাব দিয়েছিল। তবে ইউক্রেন এসব শর্ত প্রত্যাখ্যান করে বলেছে, এ ধরনের বিধিনিষেধ ভবিষ্যতে রাশিয়ার যেকোনো আগ্রাসন মোকাবিলায় তাদের সক্ষমতা কমিয়ে দেবে।
যুক্তরাষ্ট্র ছাড়াও ন্যাটোর অন্য সদস্যদেশগুলো ইউক্রেনের সদস্যপদ দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ইউক্রেন নিজেও বিষয়টিকে বাস্তবসম্মত মনে করছে না বলে জানা গেছে। রাশিয়াও বরাবরই ইউক্রেনের ন্যাটোতে যোগদানের ঘোর বিরোধিতা করে আসছে। যুদ্ধ শুরুর পেছনে এটিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে আসছে মস্কো।
বিশ্লেষকদের মতে, দনবাসের দখল করা ভূখণ্ড নিয়ে ইউক্রেনের আপসহীন অবস্থান কতটা কঠোর, তা যাচাই করতেই মার্কিন প্রতিনিধিরা এমন প্রস্তাব তুলতে পারেন। সম্প্রতি জেলেনস্কি অভিযোগ করেছিলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে শুধু ভূখণ্ড ছেড়ে দিতে হবে বলে মনে করছেন মার্কিন মধ্যস্থতাকারীরা। দ্রুত চুক্তিতে পৌঁছানোর জন্য তাঁরা কিয়েভের ওপর চাপ দিচ্ছেন।
ইউক্রেনের আশঙ্কা, রাশিয়ার লক্ষ্য শুধু দনবাস দখল করা নয়, বরং তাদের ভূখণ্ডে আরও বিস্তৃত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এ কারণে ভবিষ্যতে রুশ আগ্রাসন থেকে সুরক্ষার একমাত্র নির্ভরযোগ্য উপায় হিসেবে ন্যাটোর সদস্যপদকে দেখে আসছে কিয়েভ।
জেলেনস্কির বক্তব্যে দনবাস ছাড়ার বিনিময়ে ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসায় কার্যত নতুন করে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেছেন, ইউরোপের নিরাপত্তা নিয়ে ‘অত্যন্ত কঠিন আলোচনার’ অংশ হিসেবে বিষয়টি এখন আবার আলোচনার টেবিলে এসেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.