এনার্জি ড্রিংকে থাকা মাছের গোপন উপাদানের কারণে এক কিশোর তীব্র ও প্রাণঘাতী অ্যালার্জিক প্রতিক্রিয়ার (অ্যানাফিল্যাক্সিস) শিকার হয়েছে। আমেরিকান কলেজ অব অ্যালার্জি, অ্যাজমা অ্যান্ড ইমিউনোলজির (এসিএএআই) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। অ্যারিজোনার ফিনিক্সে ১২ থেকে ১৬ নভেম্বর অনুষ্ঠিত সংস্থাটির ২০২৬ সালের বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে ঘটনাটি উপস্থাপন করা হয়।

এনার্জি ড্রিংকে মাছের কোলাজেন: কিশোরের তীব্র অ্যালার্জি
ক্যান থেকে পানীয় পান করছেন এক যুবক

প্রতিবেদনে জানানো হয়, নতুন একটি এনার্জি ড্রিংক পান করার পর ১৫ বছর বয়সী এক কিশোরের শরীরে তীব্র আমবাত বা লালচে ফুসকুড়ি (হাইভস), বুকে সাঁইসাঁই শব্দ এবং মারাত্মক শ্বাসকষ্ট দেখা দেয়। অসুস্থ কিশোরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জীবনরক্ষাকারী দুই ডোজ এপিনেফ্রিন ইনজেকশন, শ্বাসনালী সচল করার অ্যালবুটেরল ইনহেলার, অ্যান্টিহিস্টামিন এবং শিরায় তরল স্যালাইন দেওয়া হয়। চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে।

পানীয়টির মোড়কের লেবেল পরীক্ষা করে চিকিৎসকরা দেখতে পান, এতে কড মাছ থেকে সংগৃহীত ৫ গ্রাম কোলাজেন উপাদান রয়েছে। চিকিৎসকদের কাছে ওই কিশোর জানায়, টিনজাত টুনা মাছ খাওয়ার পর তার মৃদু গলা চুলকানি ও ঠোঁট ফুলে যাওয়ার পূর্ব অভিজ্ঞতা ছিল। তবে সালমন মাছ খেলে তার কোনো সমস্যা হতো না। এছাড়া তার একজিমা, হাঁপানি এবং অ্যালার্জিক রাইনাইটিস বা হে ফিভারের সমস্যা রয়েছে।

উপসর্গগুলো সুস্পষ্ট হলেও টুনা, কড ও ফ্লাউন্ডার মাছের অ্যালার্জির জন্য কিশোরটির 'স্কিন প্রিক টেস্ট' বা ত্বক পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এসিএএআই সম্মেলনে উপস্থাপিত এই তথ্যগুলো প্রাথমিক গবেষণার অংশ এবং এটি এখনো কোনো পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়নি। এদিকে ফক্স নিউজের চিকিৎসা বিষয়ক বিশ্লেষক ডা. জেসিকা গ্রে ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে অংশ নিয়ে এক গবেষণার বরাত দিয়ে জানান, এনার্জি ড্রিংক ও সাপ্লিমেন্টের সঙ্গে তরুণদের হৃদরোগজনিত সমস্যার ঝুঁকি জড়িয়ে রয়েছে।

গবেষণার লেখক ও জর্জিয়ার এসিএএআই সদস্য ডা. অ্যানাবেল রোল্যান্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘মাছের অ্যালার্জি কতটা জটিল হতে পারে, এই ঘটনাটি তারই প্রমাণ।’ তিনি আরও জানান, পানীয় থেকে শুরু করে সাপ্লিমেন্ট পর্যন্ত বহুবিধ পণ্যে মাছের কোলাজেন ব্যবহার বাড়ছে। মাছের অ্যালার্জি নির্ণয়ের প্রচলিত পরীক্ষায় মূলত ভিন্ন প্রোটিন খোঁজা হয় এবং তাতে কোলাজেনের পরিমাণ খুব কম থাকে। ফলে পরীক্ষায় অ্যালার্জি ধরা না পড়লেও রোগীর শরীরে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

ওয়াশিংটন ডিসির কাউন্সিল ফর রেসপনসিবল নিউট্রিশনের এক মুখপাত্র ফক্স নিউজ ডিজিটালকে পাঠানো এক বিবৃতিতে জানান, কোলাজেন উপাদান মাছ, গবাদিপশু ও শূকরের মতো বিভিন্ন প্রাণী থেকে সংগ্রহ করা হতে পারে। তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘ত্বক ও অস্থিসন্ধির সুরক্ষায় কোলাজেনের উপকারিতা নিয়ে গবেষণা হলেও পণ্য নির্বাচনের ক্ষেত্রে ক্রেতাদের নিজস্ব স্বাস্থ্যগত সংবেদনশীলতার বিষয়টি বিবেচনা করা উচিত।’

মুখপাত্র আরও বলেন, ‘যাদের মাছে সংবেদনশীলতা রয়েছে, তাদের জন্য মাছ থেকে প্রাপ্ত কোলাজেন অ্যালার্জির ঝুঁকি তৈরি করতে পারে। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমেও এই ঝুঁকি পুরোপুরি দূর হয় না।’ তিনি জানান, বড় ধরনের অ্যালার্জেনগুলো লেবেলে স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। পণ্য ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে একটিমাত্র বিচ্ছিন্ন ঘটনা দিয়ে এমন প্রতিক্রিয়া কতটা নিয়মিত ঘটে, তা নিশ্চিত করা যায় না।

ভার্জিনিয়াভিত্তিক ফুড অ্যালার্জি রিসার্চ অ্যান্ড এডুকেশনের (ফেয়ার) প্রধান নির্বাহী কর্মকর্তা সুং পোবলেট ফক্স নিউজ ডিজিটালকে জানান, সাপ্লিমেন্ট, পানীয় ও স্বাস্থ্যপণ্যে মাছের কোলাজেনের ব্যবহার বাড়ছে। মাছে অ্যালার্জি থাকা অনেকেই সব ধরনের মাছ এড়িয়ে চলেন। তবে ব্যক্তিবিশেষে এবং মাছের বিভিন্ন প্রোটিনের ওপর ভিত্তি করে এই প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। ফলে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট মাছের প্রতি অ্যালার্জিক হলেও অন্য মাছে প্রতিক্রিয়া নাও হতে পারে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) নির্দেশনা অনুযায়ী লেবেলে মাছের নির্দিষ্ট প্রজাতি এবং চিংড়ি, কাঁকড়া ও লবস্টারের মতো শেলফিশের নাম স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। পোবলেট বলেন, ‘যাঁদের মাছ বা শেলফিশে অ্যালার্জি রয়েছে, তাদের জন্য পণ্যের গায়ে "মেরিন কোলাজেন" লেখা থাকলে উপাদান তালিকাটি খুব গভীরভাবে দেখা উচিত। উৎসের বিষয়ে নিশ্চিত হতে না পারলে ফেয়ারের পক্ষ থেকে পণ্য ব্যবহারের আগে প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ফোন করার পরামর্শ দেওয়া হয়।’

গ্রাহকদের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছ থেকে কোলাজেনের উৎস, সংগ্রহ ও প্যাকেজিং পদ্ধতি এবং অ্যালার্জেন পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পোবলেট আরও বলেন, ‘পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেও যেকোনো প্রতিক্রিয়ার বিষয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা এবং পানীয় ও সাপ্লিমেন্টসহ প্রতিটি পণ্যের লেবেল মনোযোগ দিয়ে পড়ার জন্য এটি একটি বড় সতর্কবার্তা।’

এ বিষয়ে মন্তব্যের জন্য এনার্জি ড্রিংক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে ফক্স নিউজ ডিজিটাল।

সূত্র: ফক্স নিউজ

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.