নেদারল্যান্ডসে পরিবেশ বিপর্যয়ে কাঠগড়ায় ভারতীয় টাটা স্টিল
নেদারল্যান্ডসের ইজমাইডেন কারখানার আশপাশে ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠান টাটা স্টিলের বিরুদ্ধে ফৌজদারি বিচার শুরু হচ্ছে। শুক্রবার আমস্টারডামে এই আইনি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস এই তথ্য প্রকাশ করেছে।

ডাচ কৌঁসুলিদের অভিযোগ, কোম্পানিটি ‘ইচ্ছাকৃত ও বেআইনিভাবে ক্ষতিকারক পদার্থ বাতাসে ছড়িয়েছে’, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। ২০২১ সালে ইজমাইডেন ইস্পাত কারখানার কাছে বসবাসকারী প্রায় ১ হাজার ২০০ বাসিন্দার পক্ষ থেকে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগের ভিত্তিতে এই মামলার সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যগত নানা সমস্যা এবং শিশুদের শিল্পদূষণের সংস্পর্শে আসার বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন। ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্টের এক প্রতিবেদনেও কারখানাটির আশপাশের অঞ্চলে ফুসফুসের ক্যান্সারের হার স্বাভাবিকের চেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে কারখানাটির কোক ওভেন বা চুল্লিগুলো। ইস্পাত তৈরির ব্লাস্ট ফার্নেসে আকরিক লোহার সঙ্গে ব্যবহারের জন্য এসব চুল্লিতে কয়লা পুড়িয়ে কার্বনসমৃদ্ধ জ্বালানি কোক তৈরি করা হয়। কয়লা যথাযথভাবে প্রক্রিয়াজাত না হলে অসম্পূর্ণ কোক উৎপাদন থেকে বিপজ্জনক দূষক নির্গত হয়। অভিযোগ রয়েছে, এই কোক উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বিষাক্ত ঝুলকালি আশপাশের বাড়িঘর, যানবাহন এবং শিশুদের খেলার মাঠেও জমা হয়েছে।
অভিযোগকারীদের আইনজীবী বেনেডিক্ট ফিক আইনি কার্যক্রমের সূচনাকে একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন দূষণের জন্য কোম্পানিগুলোকেই জবাবদিহির আওতায় আনা উচিত। তবে টাটা স্টিলের শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে কোনো ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
টাটা স্টিল দাবি করেছে, কারিগরি কারণে মাঝেমধ্যে কিছুটা অসম্পূর্ণ কোক উৎপাদন হওয়া ‘অনিবার্য’। তবে কৌঁসুলিদের সন্দেহ, কোম্পানিটি জেনেশুনেই এই ধরনের ঘটনা মেনে নিয়েছে এবং কর্তৃপক্ষকে ইচ্ছাকৃতভাবে তা জানাতে ব্যর্থ হয়েছে। আইনজীবী ফিক যুক্তি দেখান, এই নির্গমন প্রতিরোধ করা সম্ভব ছিল। তিনি বলেন, ‘এটি টাটার নিজস্ব সিদ্ধান্ত।’ তিনি আরও জানান, পরিবেশবান্ধব ইস্পাত উৎপাদনে যাওয়ার পরিকল্পনার কারণে পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন করা কোম্পানিটির কাছে হয়তো ব্যবসায়িকভাবে আর লাভজনক মনে হচ্ছে না।
এই ফৌজদারি বিচার প্রক্রিয়ার মধ্যেই পরিবেশবান্ধব ইস্পাত উৎপাদনে টাটা স্টিলের রূপান্তরের জন্য আর্থিক সহায়তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ডাচ সরকার। সরকার জানিয়েছে, প্রায় ২০০ কোটি ইউরো (২২০ কোটি মার্কিন ডলার) সহায়তার বিষয়ে আলোচনা বিচার কার্যক্রম চলা সত্ত্বেও অব্যাহত থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.