আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক গোপন নির্দেশনার মাধ্যমে কানাডার সঙ্গে ওয়াশিংটনের সামরিক সম্পর্কে নতুন বিধিনিষেধ আরোপ করেছেন। শুক্রবার প্রকাশিত এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। একই দিনে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল বিক্রির সঙ্গে জড়িত নেটওয়ার্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাও দিয়েছে।

‘গোপন নির্দেশনায়’ কানাডা, ইরানের তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কানাডার ওপর এই সামরিক কড়াকড়ির খবর জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা মন্তব্য করেছেন, কানাডা এই পদক্ষেপকে ‘মুখে চপেটাঘাত’ হিসেবে দেখতে পারে।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা যাতে ওয়াশিংটনের প্রতিরক্ষা লক্ষ্য অর্জনে ফলপ্রসূ হয়, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই নির্দেশনার ফলে গোয়েন্দা তথ্য আদান-প্রদান কিংবা ন্যাটো ও নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের (নোরাড) আওতায় চলমান সহযোগিতায় কোনো প্রভাব পড়বে না বলে তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’-এর এক কর্মকর্তা জানান, তথ্য আদান-প্রদানের নীতিতে আনুষ্ঠানিক পরিবর্তনের কোনো সংকেত ওয়াশিংটন দেয়নি। তবে বিগত এক বছরে বিভিন্ন মাধ্যমে মার্কিন কর্মকর্তারা তথ্য বিনিময়ের হার কমিয়ে দিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে সংযুক্ত করার আলোচনা এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে যে তিক্ততা চলছিল, এই পদক্ষেপের ফলে তা আরও গভীর হলো। এর জবাবে কানাডাও পাল্টা শুল্ক আরোপ করেছিল এবং দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্চে কানাডার প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশে উন্নীত করার কথা জানান। এর আগে হেগসেথের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে অমর্যাদাকর আখ্যা দিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি। শুক্রবার ট্রাম্প বলেন, ‘কানাডা অতিরিক্ত দুঃসাহস দেখাচ্ছে এবং ওয়াশিংটন তাদের আর এমনটি ভাবতে দিতে পারে না।’

অন্যদিকে, তেল বিক্রির অভিযোগে ইরানি ব্যবসায়ী ও কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে এই পদক্ষেপ কার্যকর করা হয়।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘ইরানের স্বৈরাচারী সরকার কখনোই নিজ দেশের নাগরিকদের চেয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিতে দ্বিধা করে না, এমনকি যখন সাধারণ ইরানিরা রুটি ও জ্বালানি সংকটে ভুগছেন।’ তিনি আরও বলেন, ‘সরকার তাদের সমুদ্রে থাকা তেলের মজুত শেষ করে ফেলেছে এবং ইতিমধ্যে বিক্রি করা তেলের রাজস্ব হয়তো কখনোই দেখতে পাবে না। তাদের জাহাজ এখন ডুবছে।’

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় এসেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ জাভাদ বাভান্দ, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতির ভাই মজিদ তাজ, আইআরজিসি ব্রিগেডিয়ার জেনারেল মহসেন সেরভাতের ছেলে মোহাম্মদহোসেন সেরভাত এবং মাহান এয়ারের প্রধান নির্বাহীর ছেলে মোজতবা আরবনেজাদ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যক্তিরা ইরানের সামরিক তহবিল জোগান দিতে অবৈধভাবে তেল বিক্রি করছিলেন। এছাড়া কুদস ফোর্সের অস্ত্র ও যোদ্ধা পরিবহনে মাহান এয়ার ভূমিকা রাখে বলে অভিযোগ রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.