আপনি পড়ছেন

সরকারি ত্রাণ ও মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে ১২টি সুনির্দিষ্ট মানদণ্ডের মধ্যে অন্তত ৪টি পূরণ করার বাধ্যবাধকতা আরোপ করেছে সরকার। এই নতুন নিয়মের মাধ্যমে দিনমজুর, নারী প্রধান পরিবার ও অতিদরিদ্র জনগোষ্ঠীকে নির্ভুলভাবে চিহ্নিত করে তাদের কাছে সহায়তা পৌঁছানো সহজ হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারির মাধ্যমে এই পরিবর্তন এনেছে। গত ১০ নভেম্বর নির্দেশিকাটি গেজেট আকারে প্রকাশিত হয় এবং এর আগে ১২ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ অধিশাখা।

সরকারি ত্রাণ পেতে ৪ মানদণ্ড পূরণের বাধ্যবাধকতা
ত্রাণ সহায়তা

অতিদরিদ্র ও দুস্থ পরিবার বাছাইয়ের ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ডগুলোর মধ্যে রয়েছে পরিবারের বসতভিটা ছাড়া কোনো কৃষিজমি বা স্থায়ী উপার্জনক্ষম সম্পদ না থাকা। দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীলতা, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক পুরুষ সদস্য না থাকা এবং পরিবারের প্রধান হিসেবে নারী শ্রমিক বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল হওয়াকে যোগ্যতার মাপকাঠি হিসেবে ধরা হবে। পাশাপাশি স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজে পাঠাতে বাধ্য হওয়া, স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা নারীর অসচ্ছল পরিবার, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারও এই তালিকায় স্থান পাবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চরম খাদ্য বা অর্থসংকটে পড়া এবং বছরের বেশিরভাগ সময় দুবেলা খাবার জোটে না এমন পরিবারও সহায়তার যোগ্য বিবেচিত হবে। তবে অন্য কোনো নিয়মিত সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী হলে এই সহায়তা পাওয়া যাবে না।

স্বাভাবিক সময় ও দুর্যোগকালীন পরিস্থিতির ওপর ভিত্তি করে সাময়িক খাদ্যসংকটে পড়া দরিদ্র জনগোষ্ঠী, অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী এবং নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। ধর্মীয় উৎসব পালনে অসচ্ছল জনগোষ্ঠীও এই সুবিধা পাবে। সরকার চাইলে প্রয়োজনে অন্য যেকোনো ব্যক্তি বা জনগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করতে পারবে। সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে সুবিধাভোগীদের ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চূড়ান্তভাবে অনুমোদিত সুবিধাভোগীদের তথ্য কম্পিউটারে ইউনিকোড বা নিকষ ফন্টে সংরক্ষণ করবেন। এসব তথ্য মন্ত্রণালয়ের এসএনএসপি ও এমআইএসের মাধ্যমে প্রকাশ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে।

নতুন নীতিমালায় সহায়তার পরিমাণ নির্দিষ্ট করা হয়েছে। ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ পরিবারগুলোকে সর্বোচ্চ ৩০ কেজি চাল বা গম দেওয়া যাবে। নতুন কোনো মহামারির কারণে মানুষ কর্মহীন হলে পরিবারপ্রতি মাসে ২০ থেকে ৩০ কেজি খাদ্যশস্য অথবা দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক শিক্ষার্থীদের দৈনিক ৫০ গ্রাম সয়া প্রোটিন বা ১০০ গ্রাম সয়া দুধ সরবরাহ করা যাবে। দুস্থ পরিবারের শিশুখাদ্য কেনার জন্য বছরে একবার সর্বোচ্চ তিন হাজার টাকা এবং গবাদিপশুর খাবারের জন্য সর্বোচ্চ দুই হাজার টাকা দেওয়া হবে। শীতবস্ত্র হিসেবে জনপ্রতি একটি এবং পরিবারপ্রতি সর্বোচ্চ দুটি কম্বল বা চাদর বরাদ্দ থাকবে। তীব্র শীতে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে তাঁবু বা তারপলিন দেওয়া যাবে। তবে আগের বছর একই ধরনের সহায়তা পাওয়া ব্যক্তিরা নতুন করে এই সুবিধা পাবেন না।

দুর্যোগ বা দুর্ঘটনায় প্রাণহানি ঘটলে নিহতের পরিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবে। আহত ব্যক্তির চিকিৎসায় সর্বোচ্চ ২৫ হাজার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে। গবাদিপশু মারা গেলে গরু বা মহিষের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ হাজার এবং ভেড়া বা ছাগলের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা দেওয়া যাবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে সর্বোচ্চ ৩০ হাজার এবং চরাঞ্চলের ছাত্রীদের সাইকেল কেনার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, প্যাগোডা, কিয়াং, পাঠাগার, এতিমখানা বা নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের মেরামতে সর্বোচ্চ ২০ হাজার টাকা মিলবে, যা বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো যাবে।

গৃহ নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। দুস্থ বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র ব্যক্তির নতুন ঘর নির্মাণে সর্বোচ্চ ছয় বান্ডিল এবং পুনর্নির্মাণে চার বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। দুর্যোগে বসতঘর বা স্বনির্মিত দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে তিন বান্ডিল এবং আংশিক ক্ষতিগ্রস্ত হলে দুই বান্ডিল ঢেউটিন মিলবে। বিশেষ বিবেচনায় মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তা পাঁচ বান্ডিল পর্যন্ত বাড়ানো যাবে। সরকারি জিআর কর্মসূচির আওতায় ঢেউটিন পাওয়া পরিবারকে প্রতি বান্ডিলের বিপরীতে নগদ ছয় হাজার টাকা করে দেওয়া হবে। নগদ সহায়তার ক্ষেত্রে আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সর্বোচ্চ ২০ হাজার এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে ৫০ হাজার টাকা দেওয়া যাবে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে সর্বোচ্চ ১৫ বান্ডিল এবং অন্যান্য নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য সাত বান্ডিল ঢেউটিন বরাদ্দ রাখা হয়েছে। প্রতিষ্ঠান মেরামতে সর্বোচ্চ এক লাখ টাকা অর্থ সহায়তা পাওয়া যাবে। ঢেউটিন ও আনুষঙ্গিক এই সুবিধা সাধারণভাবে ১০ বছরে একবারের বেশি পাওয়া যাবে না।

সুবিধাভোগী নির্বাচনের জন্য ওয়ার্ডভিত্তিক বাস্তবায়ন কমিটি পাড়া ও গ্রাম পর্যায় থেকে তালিকা তৈরি করবে। ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের কমিটি তা যাচাই করে অনুমোদনের জন্য পাঠাবে। চূড়ান্তভাবে জেলা পর্যায়ে সব উপজেলার তালিকা একীভূত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠাতে হবে। তালিকায় নাম না থাকা বা কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা কমিটির সভাপতির কাছে অভিযোগ জানানো যাবে। ইউনিয়ন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে। অভিযোগ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক বিতরণ ব্যবস্থা এবং প্রয়োজনে তাদের বাড়িতে সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি শাখার যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ বলেন, নতুন নির্দেশিকায় কয়েকটি ক্ষেত্রে সহায়তার পরিমাণ ও আওতা বাড়ানো হয়েছে। আগে প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে তিন হাজার টাকা দেওয়া হতো, এখন তা বাড়িয়ে সর্বোচ্চ ছয় হাজার টাকা করা হয়েছে। সর্বোচ্চ দুই বান্ডিলের জায়গায় এখন ছয় বান্ডিল পর্যন্ত ঢেউটিন দেওয়া হবে। তিনি আরও জানান, স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেই নতুন নির্দেশিকা তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত মানদণ্ড অনুসরণ করলে প্রকৃত উপযুক্ত ব্যক্তিরাই সহায়তা পাবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.