জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে অচলাবস্থায় কপ-৩১ সম্মেলন
জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়ন নিয়ে মতবিরোধের কারণে অচলাবস্থায় পড়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)। তুরস্কে অনুষ্ঠিত এ সম্মেলনে নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। তাই আলোচনা নির্ধারিত সময়ের এক দিনের বেশি পেরিয়ে গেলেও কোনো সমাধান আসেনি। গতকাল শনিবার রাতেও আলোচনা স্থগিত রাখতে হয়েছে। খবর বিবিসির

সর্বশেষ খসড়া চুক্তিতে বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির চাহিদা কমানোর বিষয়ে কোনো উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোসহ কয়েকটি দেশ আপত্তি জানিয়েছে। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও অর্থ বরাদ্দের দাবি তুলেছে আফ্রিকান দেশগুলোর জোট। তবে ইইউ আগেই জানিয়েছে, তারা এ ধরনের অর্থায়নের প্রতিশ্রুতিতে সমর্থন দেবে না।
রোববার সকালে দেশে ফেরার কথা ছিল সম্মেলনে অংশ নেওয়া কয়েকটি দেশের আলোচক দলের সদস্যদের। কিন্তু চুক্তি এখনো অনিশ্চিত থাকায় তাঁদের অনেকেই ফ্লাইটের সময় পরিবর্তন করে সোমবার নির্ধারণ করছেন।
জাতিসংঘের জলবায়ু আলোচনার নিয়ম অনুযায়ী, কোনো চুক্তি গ্রহণের জন্য সব দেশের ঐকমত্য প্রয়োজন। সেই ঐকমত্য না হলে আলোচনা স্থগিত হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে কোনো চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হবে এবং আগামী বছর আবার আলোচনা শুরু করতে হবে। ১৯৯৫ সালে কপ সম্মেলন শুরু হওয়ার পর এমন ঘটনা মাত্র একবার ঘটেছে।
শনিবার ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক কমিশনার ওউপকে হুকস্ট্রা বলেন, জলবায়ু পদক্ষেপের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত করা না গেলে কোনো চুক্তি হবে না। জলবায়ু পদক্ষেপের ক্ষেত্রে যা প্রয়োজন, তা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে কোনো চুক্তি হবে না।
তবে যুক্তরাজ্যের প্রধান আলোচক ও জ্বালানিমন্ত্রী মিয়াত্তা ফানবুল্লে এখনো সমঝোতার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, আলোচনা কঠিন হলেও তা গঠনমূলকভাবে এগোচ্ছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। দেশগুলোকে ঐকমত্যে আনতে যুক্তরাজ্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
এদিকে সৌদি আরবের নেতৃত্বে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর বিরোধিতার মুখে চূড়ান্ত চুক্তিতে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার থেকে সরে আসার অঙ্গীকার অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন পানামা, সলোমন দ্বীপপুঞ্জ, আইভরি কোস্ট ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।
পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো বলেন, জীবাশ্ম জ্বালানির কথা উল্লেখ না করে কোনো জলবায়ু সম্মেলন বা চূড়ান্ত ঘোষণা গ্রহণযোগ্য হতে পারে না। ফ্রান্সের পরিবেশ পরিবর্তনবিষয়ক মন্ত্রী মনিক বারবু তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।
চুক্তির খসড়ায় কার্বন ধারণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তির উল্লেখ নিয়েও আপত্তি জানিয়েছেন বারবু। এ প্রযুক্তির মাধ্যমে নির্গত কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে মাটির নিচে সংরক্ষণ করা হয়। তাঁর আশঙ্কা, এ প্রযুক্তির দোহাই দিয়ে কোনো কোনো দেশ তেল ও গ্যাস পোড়ানো অব্যাহত রাখার সুযোগ নিতে পারে।
বারবু বলেন, ‘বিশ্বকে আমরা এমন বার্তা দিতে পারি না যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পরও এমনভাবে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাব, যেন কিছুই ঘটেনি।’
এবারের কপ সম্মেলনের চুক্তি আনুষ্ঠানিকভাবে ‘আন্তালিয়া অ্যাকর্ডস’ নামে পরিচিত। প্রথমবারের মতো এ চুক্তিতে স্বীকার করা হতে পারে যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্-শিল্পযুগের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা এ পরিস্থিতিকে ‘ওভারশুট’ বা নির্ধারিত তাপমাত্রার সীমা অতিক্রমের সময় হিসেবে বর্ণনা করছেন। তাঁদের সতর্কতা, এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও চরম তাপপ্রবাহের ঝুঁকিতে আরও লাখ লাখ মানুষ পড়বে।
তবে সম্মেলনে আলোচনার নেতৃত্ব দেওয়া অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির বিষয়ে নির্দিষ্ট ভাষা অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর মতে, এবারের সম্মেলনের মূল লক্ষ্য হওয়া উচিত জলবায়ু পদক্ষেপ বাস্তবায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানির দিকে অগ্রসর হওয়া।
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়ন নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে। খসড়া চুক্তির আগের সংস্করণে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে অর্থায়ন বাড়িয়ে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব ছিল। কিন্তু সর্বশেষ খসড়া থেকে সেই অঙ্ক বাদ দেওয়া হয়েছে।
ঘানার পরিবেশমন্ত্রী এবং আফ্রিকান দেশগুলোর আলোচক দলের সভাপতি জানেটর আগিয়েমান রলিংস বলেন, ‘আমরা এখানে ভিক্ষা চাইতে আসিনি। উন্নত দেশগুলোর কর্মকাণ্ডের কারণে আমাদের জনগণ যে দুর্ভোগের শিকার হচ্ছে, তার ন্যায্য পাওনা দাবি করতে এসেছি।’
এদিকে সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশ নেওয়া জলবায়ু আন্দোলনকর্মী ও পরিবেশবাদী সংগঠনগুলো আলোচনার অগ্রগতিতে হতাশা প্রকাশ করেছে। পাওয়ারশিফট আফ্রিকার মোহাম্মদ আদো বলেন, ‘আমি নিঃসন্দেহে বলতে পারি, এটিই এ পর্যন্ত সবচেয়ে খারাপ কপ সম্মেলন।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.