আপনি পড়ছেন

বঙ্গোপসাগরে নজরদারি জোরদার করতে ড্রোন পরিচালনা, আধুনিক তথ্য বিশ্লেষণ এবং বিশেষায়িত অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ কোস্ট গার্ডকে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইতালি। একই সঙ্গে গভীর সমুদ্রে নজরদারি বাড়াতে নতুন নৌযান সংগ্রহ এবং দুই দেশের উপকূল রক্ষা বাহিনীর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কোস্ট গার্ডের নজরদারিতে ড্রোন ও আধুনিক প্রযুক্তি দেবে ইতালি
সালাহউদ্দিন আহমদ ও ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দোর সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের ইতালিতে পাঠিয়ে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান (এসএআর), জাহাজে আরোহণ ও তল্লাশি কার্যক্রম (ভিবিএসএস), ড্রোন চালনা এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (এমডিএ) সংক্রান্ত তথ্য বিশ্লেষণে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারত্বের প্রশংসা করে জানান, সমুদ্রসীমায় নজরদারি, মহাকাশ ও বিমান প্রযুক্তি, উদ্ধার অভিযান এবং জলদস্যুতা প্রতিরোধে ইতালি তাদের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা প্রদান করবে।

সাক্ষাতকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ নিয়ন্ত্রণে কোস্ট গার্ড কাজ করছে। তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের আধুনিকায়নে ইতালির অবদানের কথা উল্লেখ করে জানান, ইতালীয় নৌবাহিনীর সংস্কার করা চারটি ‘মিনার্ভা ক্লাস’ কর্ভেট বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) হিসেবে যুক্ত হয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের নজরদারি সক্ষমতা বাড়িয়েছে।

গভীর সমুদ্রে টহল আরও বাড়াতে উপযুক্ত দেশ থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে নতুন অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়ে বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয়। এ ধরনের সামরিক সরঞ্জাম ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও নীতিগত সম্মতি প্রকাশ করা হয়।

বৈঠকে জানানো হয়, সম্প্রতি দেশীয় কর্মকর্তা এবং সাতটি বন্ধুপ্রতিম দেশের প্রতিনিধিদের নিয়ে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) এবং মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সম্পন্ন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আগামী বছর এই বিশেষ কোর্সে অংশ নিতে ইতালির কোস্ট গার্ড কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া দুই দেশের বাহিনীর মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ে উভয় পক্ষ একমত হয়।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.