জাতিসংঘ প্রধান: সংঘাত উসকে দিতে পারে এআই
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আধুনিক যুদ্ধক্ষেত্রের রূপ বদলে দিচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্যের বিস্তার বাড়িয়ে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র করছে। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উচ্চপর্যায়ের উন্মুক্ত বিতর্কে এই আশঙ্কার কথা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তিনি স্বয়ংক্রিয় অস্ত্রের মতো উদীয়মান প্রযুক্তির বিরুদ্ধে অবিলম্বে কঠোর আন্তর্জাতিক সুরক্ষানীতি প্রণয়নের আহ্বান জানান।

‘দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের যুগে সংঘাত নিরসন’ শীর্ষক ওই বিতর্কে মহাসচিব বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন, সংঘাত প্রতিরোধ, শান্তিরক্ষা এবং মানবিক কার্যক্রমে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর ক্রমবর্ধমান সামরিক ব্যবহার অত্যন্ত গুরুতর ঝুঁকি তৈরি করছে।
গুতেরেস বলেন, ‘মানুষের নিয়ন্ত্রণ ছাড়া যেসব যন্ত্র লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং প্রাণ কেড়ে নেয়, সেগুলো নৈতিকভাবে ঘৃণ্য ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। আমাদের ভবিষ্যতে তথাকথিত কিলার রোবটের কোনো জায়গা থাকতে পারে না।’
প্রাণঘাতী স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি প্রণয়নে অবিলম্বে আলোচনা শুরুর আহ্বান পুনর্ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধক্ষেত্রে জীবন-মৃত্যু সংক্রান্ত সব সিদ্ধান্তের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকতে হবে। বেসামরিক নাগরিক নিহত হলে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হলে দায় এড়াতে এআইকে ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না। তিনি বলেন, ‘“অ্যালগরিদমের ভুলে এটি ঘটেছে”—এমন উত্তর কখনই গ্রহণযোগ্য হতে পারে না।’
আন্তর্জাতিক শান্তির ক্ষেত্রে এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও ব্যবহারের কারণে তিনটি প্রধান ঝুঁকির কথা তুলে ধরেন গুতেরেস।
প্রথম ঝুঁকিটি হলো সামরিক কার্যক্রমে এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার। গোয়েন্দা তথ্য সংগ্রহ, লক্ষ্যবস্তু নির্বাচন এবং অন্যান্য যুদ্ধকালীন কার্যক্রমে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। মহাসচিব সতর্ক করে বলেন, রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় সশস্ত্র দল—উভয়ের কাছেই এমন স্বায়ত্তশাসিত সামরিক সক্ষমতা সহজলভ্য হয়ে উঠছে। ফলে সাইবার ক্ষেত্র, মহাকাশ এবং জীবন বিজ্ঞান সংক্রান্ত খাতে বড় ধরনের উদ্বেগ দেখা দিচ্ছে। তিনি প্রযুক্তি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের পণ্য বা সেবা যদি আন্তর্জাতিক আইন, মানবিক আইন কিংবা মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা রাখে, তবে তাদের সেই সম্ভাব্য আইনি দায় স্বীকার করতে হবে।
দ্বিতীয় বড় হুমকি হলো বিভ্রান্তিকর তথ্যের বিস্তার এবং জনমতকে প্রভাবিত করার ক্ষেত্রে এআইয়ের অপব্যবহার। গুতেরেস বলেন, ‘একটি কৃত্রিমভাবে তৈরি কণ্ঠস্বর বা ভিডিও একটি শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে কিংবা সহিংসতা উসকে দিতে পারে। প্রায়শই এসব আক্রমণ নারী রাজনীতিবিদ, শান্তিকর্মী এবং নারী নেতাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য নারীবিদ্বেষী উদ্দেশ্যে পরিচালিত হয়।’ এই সংকট মোকাবিলায় তিনি অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এর মধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ভুল তথ্য শনাক্তকরণ এবং পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে সামাজিক পর্যায়ে সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
তৃতীয় ঝুঁকিটি হলো বাণিজ্যিক স্বার্থ ও ভূরাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে এআই নিয়ে শুরু হওয়া লাগামহীন প্রতিযোগিতা। মহাসচিব সতর্ক করে বলেন, এই প্রযুক্তির ব্যাপক চাহিদার কারণে বিপুল জ্বালানি, পানি, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ ও শিল্প সক্ষমতার প্রয়োজন হচ্ছে। ফলে বিভিন্ন জনগোষ্ঠী এবং রাষ্ট্রগুলোর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি ও সমাজকে এআই ব্যাপকভাবে প্রভাবিত করলেও এসব প্রযুক্তির ওপর তাদের নিয়ন্ত্রণ খুবই নগণ্য। গুতেরেস বলেন, ‘এআইয়ের বৈষম্যকে আমরা অন্য কোনো ধরনের বিভেদ সৃষ্টির মাধ্যম হতে দিতে পারি না।’
ঝুঁকির কথা উল্লেখ করলেও গুতেরেস জানান, দায়িত্বশীলভাবে ব্যবহার করা হলে উদীয়মান প্রযুক্তি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি খাদ্য নিরাপত্তাহীনতা ও দুর্যোগকালীন বাস্তুচ্যুতির পূর্বাভাস প্রদান, ল্যান্ডমাইন শনাক্ত ও নিষ্ক্রিয়করণ এবং দুর্গম এলাকা থেকে আহত ব্যক্তিদের উদ্ধারে চালকবিহীন ব্যবস্থার ব্যবহারের উদাহরণ তুলে ধরেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে রসদ সরবরাহ, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং কৌশলগত পরিকল্পনায় এআই বড় অগ্রগতি আনতে পারে। দ্রুত তথ্য বিশ্লেষণের মাধ্যমে মধ্যস্থতা প্রচেষ্টা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা কার্যক্রম আরও জোরালো হবে। পাশাপাশি শান্তি প্রক্রিয়ায় অল্প কয়েকজনের আলোচনার পরিবর্তে হাজার হাজার মানুষের মতামত গ্রহণ সম্ভব হতে পারে। তবে গুতেরেস সতর্ক করে বলেন, সংঘাত সমাধানের জন্য অপরিহার্য মানবিক সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসের বিকল্প কোনো প্রযুক্তি হতে পারে না।
বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে মহাসচিব ‘গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্ন্যান্স’ এবং ‘ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক প্যানেল অন এআই’-এর মতো উদ্যোগগুলোকে কার্যকর করার আহ্বান জানান। তিনি উন্নত এআই ব্যবস্থার জন্য অভিন্ন মানদণ্ড, ঝুঁকি মূল্যায়নের যৌথ পদ্ধতি এবং স্বাধীন তদারকি ব্যবস্থা চালুর দাবি জানান। ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে বিভিন্ন দেশের মধ্যে সরাসরি যোগাযোগ রক্ষা করার পরামর্শ দেন তিনি।
তিনি জোর দিয়ে বলেন, জবাবদিহিতা কেবল সরকারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এআই নির্মাতা ও প্রয়োগকারী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও এর আওতায় আনতে হবে। বিমান চলাচল, চিকিৎসাবিজ্ঞান ও পারমাণবিক শক্তির তদারকির উদাহরণ টেনে তিনি বলেন, জনআস্থা অর্জনের জন্য এসব খাতে কঠোর নজরদারি ব্যবস্থা থাকে। একই মানদণ্ড কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে।
বক্তব্যের শেষে গুতেরেস বিষয়টিকে ক্ষমতার লড়াই হিসেবে চিহ্নিত করেন। কারা এআই নিয়ন্ত্রণ করছে, কারা এর সুফল ভোগ করছে এবং অনিয়ন্ত্রিত ব্যবহারের পরিণতি কার ওপর পড়ছে—তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি। গুতেরেস বলেন, ‘এই সংস্থার প্রতিষ্ঠাতারা হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার কথা কল্পনা করতে পারেননি। তবে তারা বুঝেছিলেন যে ক্ষমতাকে অবশ্যই আইনের কাছে জবাবদিহি করতে হবে এবং শান্তি হলো মানুষের একটি সচেতন পছন্দ। আসুন, আমরা নিশ্চিত করি যেন এটি মানুষের পছন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.