আপনি পড়ছেন

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থার ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এ হিসাব পেয়েছে বিবিসি। ২০২২ সালে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়ার প্রাণহানির ভয়াবহ চিত্র উঠে এসেছে এসব নথিতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে যুদ্ধ কয়েক দিনের মধ্যে শেষ হবে বলে ধারণা করেছিলেন, তা এখন প্রায় পাঁচ বছরে গড়িয়েছে।

ফাঁস হওয়া নথির তথ্য: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৫ লাখ সেনার প্রাণহানি
ছবি- বিবিসি

বিবিসি রাশিয়ান ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথি হাতে পেয়েছে। বেলারুশের হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস বিওয়াই’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ যৌথভাবে এসব তথ্য হাতিয়ে নেয়। রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট সাইবার হামলার শিকার হওয়ার কথা স্বীকার করলেও কোনো সুরক্ষিত তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছে।

বিবিসি রাশিয়ান ও স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা রসস্ট্যাটের তথ্যের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রকাশ্য সূত্রের ভিত্তিতে তৈরি নিজেদের তালিকা মিলিয়ে দেখেছে। এতে প্রায় ৯০ শতাংশ তথ্যের মিল পাওয়া গেছে।

নথি বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে রাশিয়ায় নিহত ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ৬৫ শতাংশই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৫৯ শতাংশ। শুধু ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে যুদ্ধের তুলনায় হৃদ্‌রোগে মৃত্যুর সংখ্যা বেশি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া সামরিক বাহিনীর প্রাণহানির কোনো সরকারি হিসাব প্রকাশ করেনি। এমনকি দুই বছর আগে রসস্ট্যাটও বহিরাগত কারণে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দেয়। সামরিক হতাহতের সংখ্যা নির্ণয়ে এসব তথ্য গুরুত্বপূর্ণ ছিল।

ফাঁস হওয়া নথিতে মৃত ব্যক্তিদের নাম নেই। তবে বয়স, বসবাসের স্থান, মৃত্যুর স্থান এবং মৃত্যুর পরিস্থিতির তথ্য রয়েছে। এসব তথ্য বিশ্লেষণ করে প্রথমে ইউক্রেন ও ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশের শিকার রাশিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোর মৃত্যুর হিসাব আলাদা করা হয়।

এরপর বিস্ফোরণ ও গোলার আঘাতের মতো সামরিক সংঘাতসংশ্লিষ্ট কারণে মৃত্যুর ৪ লাখ ২৫ হাজার ১৭৪টি নথি শনাক্ত করা হয়। বেসামরিক নাগরিকদের বাদ দিতে নারী এবং ১৮ থেকে ৬৫ বছর বয়সসীমার বাইরের পুরুষদের হিসাব থেকে বাদ দেওয়া হয়।

এ ছাড়া কর্মসংস্থানের তথ্য থেকে আরও ১৪ হাজার ৯৩টি এবং আদালতের রায়ে মৃত ঘোষিত ৫১ হাজার ৬৭টি নথি শনাক্ত করা হয়। যুদ্ধক্ষেত্রে নিখোঁজ কোনো সেনার ছয় মাসের বেশি খোঁজ না মিললে প্রায়ই আদালতের মাধ্যমে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সব তথ্য যাচাই-বাছাই করে অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনার মৃত্যুর হিসাব পাওয়া গেছে।

বিবিসি ও মিডিয়াজোনার নিজস্ব তালিকায় সরকারি ঘোষণা, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিসৌধ ও কবরের তথ্য যাচাই করে ২ লাখ ৯০ হাজার ১২ জন রুশ সেনার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নথিতে দেখা গেছে, যুদ্ধের প্রথম বছরে নিহত রুশ সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে বন্দী ও চুক্তিভিত্তিক সেনাদের নিয়োগ বাড়ার পর তা বেড়ে ৪০ বছরে দাঁড়ায়।

রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার দরিদ্র অঞ্চলগুলোর প্রাণহানির হারও তুলনামূলক বেশি। তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি অঞ্চলের পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার আশঙ্কা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।

এ ছাড়া রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত বিদেশির সংখ্যা অন্তত ৫ হাজার ১৭। তাঁদের মধ্যে ১ হাজার ৩১ জন উজবেক এবং ৭২০ জন তাজিক। এ হিসাবে ইউক্রেনীয়দের বাদ দেওয়া হয়েছে, যাতে বেসামরিক নাগরিকদের অন্তর্ভুক্তি না ঘটে। দ্বৈত নাগরিকত্বধারীদের রুশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং উত্তর কোরীয় সেনাদের হিসাবও এতে নেই।

বিবিসির বিশ্লেষণে উত্তর কোরিয়ার ২ হাজার ৩০৪ সেনার মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালে রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে তাঁরা নিহত হন। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, প্রকাশ্য সূত্রের ভিত্তিতে বিবিসির নিশ্চিত করা ২ লাখ ৯০ হাজার ১২ জনের হিসাব প্রকৃত প্রাণহানির ৪৫ থেকে ৫৫ শতাংশ হতে পারে। সে হিসাবে রুশ সেনাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৭ হাজার থেকে ৬ লাখ ৪৪ হাজারের বেশি হতে পারে। তুলনায়, ১৯৮৯ সালে শেষ হওয়া আফগানিস্তান যুদ্ধে সোভিয়েত বাহিনীর প্রাণহানির চেয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি অনেক বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৬ সালের জুলাইয়ে তাঁর দেশের সেনা নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার বলে জানিয়েছিলেন। তবে ‘ইউএ লসেস’ নামের একটি বেনামি ওয়েবসাইটের প্রকাশ্য সূত্রভিত্তিক তালিকায় এ সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২ বলে উল্লেখ করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.