ইসরায়েলে সংখ্যালঘু সরকার গঠনের সমীকরণ খুঁজছেন আইজেনকোট
ইসরায়েলে সরকার গঠনের প্রক্রিয়ায় সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘ইয়াশার’ দলের সঙ্গে কট্টর অর্থোডক্স ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ দলের জোট আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে সরকার গঠনের এই প্রক্রিয়ার মধ্যেই বিরোধী শিবিরের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং ক্ষমতাসীন লিকুদ দলের সঙ্গে সমান্তরাল আলোচনা নিয়ে ইসরায়েলি রাজনীতিতে নাটকীয়তা তৈরি হয়েছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে ইয়াশার দল ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের মধ্যকার আলোচনা অনেক দূর এগিয়েছে এবং আগামী সপ্তাহে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। এই আলোচনার প্রধান জটিলতা তৈরি হয়েছে বাধ্যতামূলক সামরিক সেবা এড়ানো ব্যক্তিদের গ্রেপ্তার বন্ধ করার প্রক্রিয়া নিয়ে। ইউনাইটেড তোরাহ জুডাইজম চায় নতুন সরকার শপথ নেওয়ার আগেই এ সংক্রান্ত একটি আইন পাস করা হোক। তবে আইজেনকোটের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার গঠনের পর মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমেই বিষয়টি সমাধান করা যুক্তিযুক্ত।
ইসরায়েলি দৈনিক মারিভ জানিয়েছে, ইউনাইটেড তোরাহ জুডাইজমের নেতা ইয়াকভ আশের দলের ধর্মীয় পণ্ডিতদের আলোচনার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন এবং তাদের কাছ থেকে আলোচনা অব্যাহত রাখার প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন।
মারিভের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আইজেনকোটের রাজনৈতিক শিবির একটি সংখ্যালঘু সরকার গঠনের বিকল্প পথও খোলা রাখছে। সম্ভাব্য এই সমীকরণে ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং দুটি আরব দল যদি আস্থা ভোটে অংশ না নিয়ে ভোটদানে বিরত থাকে, তবে কট্টরপন্থী আরেক দল ‘শায়াস’ বিপক্ষে ভোট দিলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারেন আইজেনকোট। যদিও এ বিষয়ে দলগুলোর মধ্যে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
এদিকে বিরোধী শিবিরের নেতা ও ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলান মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে ইয়াশার দলের সঙ্গে জোট আলোচনা স্থগিতের ঘোষণা দেন। তবে পোস্ট দেওয়ার কয়েক মিনিটের মাথায়ই তিনি তা মুছে ফেলেন।
মুছে ফেলা ওই পোস্টে গোলান দাবি করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের আলোচনা এগিয়ে চললেও তাকে বাদ দিয়ে সরকার গঠনের উদ্যোগ স্থবির হয়ে পড়েছে। তিনি জানান, বিচার বিভাগীয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে ইয়াশার ও লিকুদ দল একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে। গোলান লিকুদ দলের সঙ্গে চলমান আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়ে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের ওপর জোর দেন।
এমন প্রেক্ষাপটে বুধবার ইয়াশার এবং লিকুদ দলের প্রতিনিধিদের মধ্যে পুনরায় বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার নিজ দলের আইনপ্রণেতাদের আইজেনকোট জানান, তিনি আন্তরিকভাবেই আলোচনা চালাচ্ছেন, তবে সবার জন্য সামরিক সেবা নিশ্চিত করা এবং ৭ অক্টোবরের ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের বিষয়ে তিনি অটল থাকবেন।
ইসরায়েলের রাজনৈতিক নিয়ম অনুযায়ী, নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। প্রয়োজনে তিনি রাষ্ট্রপতির কাছে অতিরিক্ত ১৪ দিনের সময় চেয়ে আবেদন করতে পারবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.