আগামী বুধবার নতুন সরকারের শপথ চান আইজেনকোট
ইসরায়েলের আইনপ্রণেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ ব্লক’ আগামী বুধবার নতুন সরকারের শপথ সম্পন্ন করতে চাইছে। জোট চুক্তি চূড়ান্ত করা এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের লক্ষ্য নিয়ে কাজ করছে তারা। ইসরায়েলি চ্যানেল ১২ বুধবার এই তথ্য জানিয়েছে।

চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, আইজেনকোট চলতি সপ্তাহের মধ্যে আরও কয়েকটি জোট চুক্তি সই করার চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে তিনি কট্টর অর্থোডক্স ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন।
এর আগের দিন আইজেনকোটের ইয়াসার পার্টি আভিগদোর লিবারম্যানের দল ‘ইসরায়েল বেইতেইনু’র সঙ্গে জোট চুক্তির ঘোষণা দেয়। চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে সম্ভাব্য সরকারে লিবারম্যান প্রতিরক্ষা ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-কে লিবারম্যান জানান, কোনো সংখ্যালঘু সরকার গঠিত হবে না, বরং ইহুদি সংখ্যাগরিষ্ঠ সরকারই ক্ষমতায় আসবে। তিনি আরও জানান, ইউনাইটেড তোরাহ জুডাইজম নতুন সরকারকে সমর্থন দেবে।
এদিকে নতুন সরকারের প্রতি ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন আদায়ে দলটির সঙ্গে ইয়াসার পার্টির আলোচনা চলছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীতে কট্টর অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। চ্যানেল ১২ জানায়, দলটির দুই ধর্মীয় নেতা র্যাবাই ডোভ ল্যান্ডো ও মোশে হিলেল হির্শ আইজেনকোটের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পক্ষে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
তবে প্রকাশ্যে আলোচনায় যাওয়ার বিষয়টি হির্শের অনুমোদনের ওপর নির্ভর করছে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সপ্তাহান্তে তার ফেরার কথা রয়েছে। প্রস্তাবিত নীতিমালায় সার্বক্ষণিক তোরাহ অধ্যয়ন করেন না এমন র্যাবাইদের সামরিক দায়িত্ব পালনের আহ্বান, ‘ভুয়া ধর্মীয় অধ্যয়ন’ ঠেকাতে যাচাই-বাছাই জোরদার এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের জন্য সামরিক সেবার পরিধি বাড়ানোর কথা বলা হয়েছে।
সেনাবাহিনীতে যোগ দেওয়া থেকে ব্যাপক ছাড় দেওয়ার বৈধতা নিয়ে দুই পক্ষ এখনও বিভক্ত রয়েছে। এতে নির্দিষ্ট কোনো কোটা বা লক্ষ্যমাত্রা না থাকায় এই ব্যবস্থা দেশটির সুপ্রিম কোর্টের পর্যালোচনায় টিকবে না বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আইন পাসের সময় নিয়েও মতপার্থক্য তৈরি হয়েছে। ইউনাইটেড তোরাহ জুডাইজম দাবি করছে, সরকার শপথ নেওয়ার আগেই সেনাদলে যোগ না দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার বন্ধ করে বিকল্প শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে আইজেনকোটের দাবি, সরকার গঠনের পরই এই সংক্রান্ত আইন পাস করা হবে।
চেঞ্জ ব্লকের শরিকদের মধ্যে রয়েছে ইয়াসার, ইসরায়েল বেইতেইনু, নাফতালি বেনেটের টুগেদার পার্টি এবং ইয়ার গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস। নেসেটের ১২০টি আসনের মধ্যে এই ব্লকের অধীনে রয়েছে ৪৮টি আসন। তবে ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং শাস পার্টির সমর্থন পেলে তাদের আসন সংখ্যা বেড়ে ৬১টিতে পৌঁছাবে।
অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গঠন ঠেকাতে নেসেটে ১৯টি আসন থাকা আরব দলগুলোও আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে সংসদীয় সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। নতুন সরকার গঠনে আইজেনকোটের প্রাথমিক সময়সীমা শেষ হবে আগামী ৬ ডিসেম্বর। তবে তিনি চাইলে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে সময় বাড়ানোর জন্য এককালীন সর্বোচ্চ ১৪ দিনের আবেদন করতে পারবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.