কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলগুলোর প্রশিক্ষণ ও পরিচালনার কাজে মেমোরির চাহিদা ব্যাপক হারে বাড়ছে। এর ফলে র‍্যান্ডম-অ্যাক্সেস মেমোরি (র‍্যাম) ও হাই-ব্যান্ডউইথ মেমোরির (এইচবিএম) গুরুত্ব বাড়ছে। একই সঙ্গে মেমোরি চিপের সরবরাহে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মেমোরি চিপ আসলে ব্যক্তিগত ডিভাইসে থাকা উচিত নাকি ডেটা সেন্টারে, তা নিয়ে প্রযুক্তি দুনিয়ায় নতুন বিতর্ক তৈরি হয়েছে।

এআইয়ের চাপে মেমোরি চিপের তীব্র সংকট
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক হাত

সিস্টেমের গতি ও কার্যক্ষমতা বজায় রাখতে র‍্যাম প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এআই সিস্টেমগুলোর মেমোরি সংরক্ষণ ও দ্রুত ডেটা স্থানান্তরের জন্য র‍্যাম অত্যন্ত জরুরি। এই বিপুল চাহিদার কারণে ভোক্তা বাজারে সাধারণ র‍্যাম মডিউলের তীব্র সংকট দেখা দিয়েছে।

সম্প্রতি এক পডকাস্টে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ব্যক্তিগত কম্পিউটারে র‍্যামের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। অথচ পার্সোনাল কম্পিউটারের জন্য র‍্যাম একটি অপরিহার্য উপাদান। সেখানে তিনি বলেন, ‘বিশ্বের সীমিত সরবরাহের ডি-র‍্যাম (ডায়নামিক র‍্যান্ডম-অ্যাক্সেস মেমোরি) সবার কম্পিউটারে অলস পড়ে থাকবে এবং মাত্র ৫ শতাংশ সময় ব্যবহৃত হবে, বিষয়টি অত্যন্ত হতাশাজনক।’

ব্যক্তিগত কম্পিউটারের চেয়ে ডেটা সেন্টারে মেমোরি ব্যবহার বেশি যুক্তিযুক্ত—অল্টম্যানের এমন মন্তব্য ইন্টারনেটে তীব্র সমালোচনার মুখে পড়ে। ট্রিলিয়নেয়ার ইলন মাস্কও সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিরোধিতা করে বলেন, ‘সাধারণ মানুষেরও নিজস্ব র‍্যাম পাওয়ার অধিকার রয়েছে।’

পরবর্তীতে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অল্টম্যান জানান, তার কথাগুলো ভুল প্রসঙ্গে ব্যাখ্যা করা হয়েছে। মানুষ চাইলে যতটা ইচ্ছা র‍্যাম ব্যবহার করতে পারে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মেমোরির উৎপাদন বাড়ানোই এই সংকটের প্রকৃত সমাধান হতে পারে।

এদিকে ডিউক বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক ইরফান চেন জানান, এআইয়ের বিকাশে র‍্যাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এআই মডেলগুলো গঠিত হয় অগণিত প্যারামিটার সংবলিত বিশাল নিউরাল নেটওয়ার্ক নিয়ে, যা দ্রুতগতির মেমোরিতে সংরক্ষণ করা প্রয়োজন।

ডেটা সেন্টারে মেমোরি চিপ ব্যবহারের বিষয়ে অল্টম্যানের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন অধ্যাপক চেন। তিনি জানান, গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগের কারণে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে সবকিছু করা সম্ভব নয়। ভোক্তাদের নিজেদের ডিভাইসে ব্যক্তিগত তথ্য রাখা এবং তা প্রক্রিয়াকরণের সুযোগ থাকা উচিত।

অধ্যাপক চেন উল্লেখ করেন, র‍্যাম সংক্রান্ত এই বিতর্কটি কেবল কে চিপ পাবে তা নিয়ে নয়; বরং এআই মডেল ও ডেটাসেটের মালিকানা কার হাতে থাকবে, সেটিই মূল বিষয়। ব্যক্তিগত কম্পিউটারে এআই মডেল চালানো গেলে ক্লাউড সেবাদাতাদের ওপর নির্ভরতা কমবে। এর ফলে প্রযুক্তির গণতান্ত্রিক রূপ নিশ্চিত হবে।

ইন্টারনেটের প্রাথমিক প্রসারের সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, সে সময়ও অনেকেই ধারণা করেছিলেন যে সব ধরনের কম্পিউটিং ক্লাউডে চলে যাবে এবং ব্যক্তিগত কম্পিউটারের আর প্রয়োজন থাকবে না। বাস্তবে সেই ধারণা সফল হয়নি।

চেন জোর দিয়ে বলেন, এআইকে বাস্তব জগতের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করতে হবে। তাই স্মার্টফোন, স্বয়ংচালিত গাড়ি এবং পরিধেয় প্রযুক্তির মতো ডিভাইসে এআই মডেল চালানো ক্রমশ জরুরি হয়ে উঠছে। কেন্দ্রীয় সার্ভার ডেটা সেন্টারের তুলনায় ডেটার উৎসের কাছাকাছি থাকা ডিভাইসে এআই অ্যালগরিদম চালানো হলে বিলম্ব কমে এবং নির্ভরযোগ্যতা বাড়ে। দৈনন্দিন ডিভাইসে অপেক্ষাকৃত ছোট এআই মডেল ব্যবহৃত হয়। এগুলো সার্ভারের চেয়ে কম বিদ্যুৎ খরচ করে, তবে কাজের সক্ষমতা কিছুটা কম থাকে।

তিনি আরও জানান, এআই সিস্টেমে কেবল ডি-র‍্যামই একমাত্র ব্যবহৃত মেমোরি নয়। গ্রাফিক্স প্রসেসিং ইউনিটে (জিপিইউ) ব্যবহৃত ভি-র‍্যাম আরও দ্রুতগতির। এছাড়া এইচবিএম প্রযুক্তি হলো ভি-র‍্যামের একটি বিশেষায়িত ও দ্রুততম সংস্করণ।

চিপ নির্মাতারা স্বল্পমেয়াদে তাদের উৎপাদন ক্ষমতা বড় পরিসরে বাড়াতে পারছে না বলে জানান এই প্রযুক্তিবিদ। ব্যক্তিগত কম্পিউটারের মেমোরি এবং উচ্চমানের জিপিইউ ও সিপিইউতে ব্যবহৃত মেমোরির মধ্যে এখন উৎপাদনের প্রতিযোগিতা চলছে। এর ফলে সাধারণ ভোক্তাদের বাজারে মেমোরি সরবরাহের ঘাটতি বাড়ছে এবং পণ্যের দামও উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.