মতভেদে ইইউ সম্মেলন স্থগিত করলেন চ্যান্সেলর মের্ৎস
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরবর্তী দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে সদস্যদেশগুলোর শীর্ষ নেতাদের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। এর জেরে ব্রাসেলসে আয়োজিত বিশেষ বাজেট শীর্ষ সম্মেলন নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এ সিদ্ধান্তের কথা জানান।

ইইউর ২০২৮–২০৩৪ মেয়াদের দীর্ঘমেয়াদি আর্থিক কাঠামোর (এমএফএফ) বাজেট নিয়ে কয়েক দফা আলোচনার পর ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফ্রিডরিখ মের্ৎস। তিনি বলেন, ‘বাজেটের রূপরেখা কেমন হওয়া উচিত, সে বিষয়ে আমাদের মধ্যকার ধারণার দূরত্ব এখনো অনেক বেশি—তা আমাদের স্বীকার করতেই হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি, এই বড় ধরনের মতপার্থক্য দূর করতে সময় ও প্রচুর সদিচ্ছার প্রয়োজন হবে।’ আলোচনার সময় নেতারা একমত হন যে শুক্রবার সকালে আনুষ্ঠানিক আলোচনা পুনরায় শুরু করা হবে না। এর পরিবর্তে মধ্যরাতেই একটি চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে সম্মেলন শেষ করা হয়।
মের্ৎস উল্লেখ করেন, ইউরোপীয় কাউন্সিলকে এখন আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে চলতি বছরের শেষ নাগাদ একটি চুক্তিতে পৌঁছাতে সদস্যদেশগুলো কাজ চালিয়ে যাবে।
তিনি বলেন, ‘আমরা এখন ১৭ ডিসেম্বরের একটি অত্যন্ত নিবিড় ইইউ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। তখন আমরা দেখতে পাব সফল হতে পারি কি না। আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে আশা ছাড়িনি যে আমরা এটি সম্পন্ন করতে পারব।’
দীর্ঘমেয়াদি বাজেটের মতপার্থক্য নিরসনে দুই দিনের বিশেষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্রাসেলসে জড়ো হয়েছিলেন নেতারা।
সম্মেলন শুরুর আগে মের্ৎস সাংবাদিকদের বলেন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সর্বশেষ প্রস্তাবটি অতিরিক্ত বড় এবং তা গ্রহণযোগ্য মাত্রার বাইরে। তিনি বাজেট আরও বড় অঙ্কে কাটছাঁটের দাবি জানান। পাশাপাশি নতুন করে ঋণ নেওয়ার সম্ভাবনা নাকচ করেন এবং ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার ও ইউক্রেনকে ধারাবাহিক সহায়তা নিশ্চিত করার মতো মৌলিক বিষয়গুলোকে বাজেটে প্রাধান্য দেওয়ার ওপর জোর দেন।
আনুষ্ঠানিক আলোচনার আগে জার্মান চ্যান্সেলর জোটের ‘নিট-কন্ট্রিবিউটর’ বা যেসব দেশ তহবিলে প্রাপ্তির চেয়ে বেশি অর্থ জমা দেয়, তাদের সমমনা নেতাদের সঙ্গে বৈঠক করেন। নিজেদের ‘সেনসিবল সেভেন’ আখ্যা দেওয়া এই জোটটি দরিদ্র অঞ্চলগুলোর জন্য বরাদ্দ তহবিলসহ বাজেটের বিভিন্ন খাতে ব্যয় সংকোচনের জন্য চাপ অব্যাহত রেখেছে।
জার্মানির মূল দাবি তুলে ধরে বৃহস্পতিবার রাতে মের্ৎস বলেন, ‘নিজস্ব বাজেট প্রণয়নের ক্ষেত্রে ইউরোপকে পরিমিতিবোধ বজায় রাখতে হবে। বাজেট অনির্দিষ্টকালের জন্য বাড়তে পারে না এবং এর অর্থায়নের বোঝা অবশ্যই ন্যায্যভাবে বণ্টন করতে হবে।’
তিনি ইইউ বাজেটে সদস্যদেশগুলোর আর্থিক অবদানের পরিমাণ ন্যায্যভাবে সমন্বয়ের দাবি জানান। তিনি বলেন, ‘জার্মানি বর্তমানে ইইউ বাজেটের প্রায় এক-চতুর্থাংশ পরিশোধ করে। অথচ আমরা সরাসরি তহবিলের মাত্র প্রায় ৮ শতাংশ ফেরত পাই।’
মের্ৎস জোর দিয়ে বলেন, নতুন দীর্ঘমেয়াদি বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য পর্যাপ্ত অর্থ এবং ইউক্রেনের জন্য সহায়তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘ইউরোপকে তার অর্থনীতি শক্তিশালী করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর জন্য একটি রিজার্ভও প্রয়োজন—উদাহরণস্বরূপ, ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা। এতে প্রত্যেককে অবদান রাখতে হবে। এবং পরবর্তীতে একটি যোগ্য সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতে হবে।’
২৭ সদস্যের এই ব্লকের ২০২৮–২০৩৪ মেয়াদের বাজেটের জন্য ইউরোপীয় কমিশন শুরুতে গত জুলাই মাসে ১ দশমিক ৯৮৫ ট্রিলিয়ন ইউরো (২ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলার) বরাদ্দের প্রস্তাব দিয়েছিল। জার্মানি ও অন্যান্য ধনী সদস্যদেশগুলো সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করে।
পরবর্তীতে সমঝোতার অংশ হিসেবে ১ দশমিক ৭৮১ ট্রিলিয়ন ইউরোর (১ দশমিক ৯৫ ট্রিলিয়ন ডলার) বিকল্প প্রস্তাব উত্থাপন করেন আন্তোনিও কস্তা। কাটছাঁটের পরও এই প্যাকেজটি বর্তমান ২০২১–২০২৭ মেয়াদের বাজেট কাঠামোর চেয়ে প্রায় ৫০ শতাংশ বড়।
জার্মান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় কমিশনের মূল পরিকল্পনা থেকে প্রায় ৪০০ বিলিয়ন ইউরো কমানোর দাবি জানিয়েছে বার্লিন। এর ফলে মোট বাজেট দাঁড়াবে প্রায় ১ দশমিক ৫৯ ট্রিলিয়ন ইউরোতে (১ দশমিক ৭৪ ট্রিলিয়ন ডলার)। অর্থাৎ কস্তার বর্তমান খসড়া থেকেও আরও প্রায় ২০০ বিলিয়ন ইউরো (২১৯ বিলিয়ন ডলার) কমাতে চায় জার্মানি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.