গাজা ও অভিবাসন ইস্যুতে স্পেনে নির্বাচনী বিতর্ক
২৯ নভেম্বরের আগাম সাধারণ নির্বাচনের প্রাক্কালে আয়োজিত এক টেলিভিশন বিতর্কে গাজায় ইসরায়েলের আগ্রাসন ইস্যুতে দেশটির ডানপন্থী দলগুলোর কঠোর সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলোর মধ্যে ন্যূনতম মানবিকতা নেই। তীব্র উত্তেজনাকর এই বিতর্কে গাজা পরিস্থিতি ছাড়াও অভিবাসন ও আবাসন সংকট নিয়ে প্রার্থীরা তুমুল বাহাসে জড়ান।

স্পেনের ক্ষমতাসীন সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) মহাসচিব পেদ্রো সানচেজের সঙ্গে এই বিতর্কে অংশ নেন প্রধান বিরোধী দল পিপলস পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো, কট্টর ডানপন্থী ভক্স পার্টির সান্তিয়াগো আবাসকাল এবং বামপন্থী সুমার জোটভুক্ত বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ। মূলত অভিবাসন, তীব্র আবাসন সংকট ও পররাষ্ট্রনীতিকে কেন্দ্র করেই এ বিতর্ক অনুষ্ঠিত হয়।
বিতর্কে সানচেজ পিপি নিয়ন্ত্রিত মাদ্রিদ আঞ্চলিক সরকারের তীব্র সমালোচনা করেন। গাজায় সামরিক হামলা চলাকালে মাদ্রিদ প্রশাসন ইসরায়েল সরকারকে সম্মানসূচক পদক প্রদান করায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘এটি অত্যন্ত লজ্জাজনক।’ এ সময় তিনি বিরোধীদের বিন্দুমাত্র মানবিকতা নেই বলে অভিযুক্ত করেন।
বিতর্কের একপর্যায়ে রক্ষণশীল নেতা ফেইহো গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করলে সানচেজ তাতে বাধা দেন। তিনি সরাসরি জোর দিয়ে বলেন, ‘এটি নিশ্চিতভাবেই গণহত্যা।’
সানচেজ ভোটারদের সতর্ক করে উল্লেখ করেন, স্পেন এখন পশ্চাদপদতা ও প্রগতিশীলতার দ্বন্দ্বে দাঁড়িয়ে রয়েছে। তার মতে, পিপি ও ভক্স দল দুটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের রাজনীতি স্পেনে অনুকরণ করতে চাইছে। নিজ দলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ সত্ত্বেও সানচেজ সরকারের অর্থনৈতিক সাফল্যের পক্ষে যুক্তি দেন এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
জনমত জরিপে এগিয়ে থাকা পিপি নেতা ফেইহো পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, অভিবাসন চাপ, দুর্নীতি কেলেঙ্কারি এবং দুটি বড় উচ্চগতির ট্রেন দুর্ঘটনার জন্য বর্তমান সরকারকে দায়ী করেন। তিনি নির্বাচনে জয়ী হলে ১০ লাখ নতুন বাড়ি নির্মাণ, কর হ্রাস এবং সরকারি প্রশাসনের আকার ছোট করার প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে ভক্স নেতা আবাসকাল অনিয়মিত অভিবাসনকে তার আলোচনার কেন্দ্রবিন্দু বানান। আবাসন সংকট ও নাগরিক সেবার ওপর অতিরিক্ত চাপের পেছনে তিনি অনিয়মিত অভিবাসীদের দায়ী করেন। তিনি দাবি করেন, গত পাঁচ বছরে ৬০ লাখ অভিবাসী স্পেনে প্রবেশ করেছে। সেউটা এবং ক্যানারি দ্বীপপুঞ্জের পরিস্থিতিকে তিনি অভিবাসীদের দখল বলে অভিহিত করেন। এছাড়া কোলাউয়ের বারবার আহ্বানের পরও তিনি নারীদের প্রতি সহিংসতার নিন্দা জানাতে অস্বীকৃতি জানান।
বিতর্কের একমাত্র নারী প্রার্থী কোলাউ সম্পদ পুনর্বণ্টনের দাবি জানান। তিনি যুক্তি তুলে ধরে বলেন, স্পেনে মধ্যবিত্তের সংখ্যা দিন দিন কমছে এবং সামাজিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে।
বিতর্কে ২০৩০ ফুটবল বিশ্বকাপ নিয়েও উত্তেজনা দেখা দেয়। স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে এই আসর আয়োজন করবে। ফেইহো প্রস্তাব করেন, ফাইনাল ম্যাচ যদি মরক্কোয় অনুষ্ঠিত হয় তবে স্পেনের বিশ্বকাপ আয়োজন থেকে সরে আসা উচিত। আবাসকাল মরক্কোর সঙ্গে যেকোনো যৌথ সহযোগিতার বিরোধিতা করেন।
জরিপ অনুযায়ী, নির্বাচনে পিপি বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হতে পারে। এতে কট্টর ডানপন্থী ভক্স দলের সঙ্গে জোট গড়ে দেশটিতে ডানপন্থী সরকার গঠনের পথ সুগম হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.