চীনের চাপের মধ্যেই তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে
তাইওয়ানের ২২টি শহর ও জেলায় মেয়র, কাউন্সিলরসহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দ্বীপটির বড় কয়েকটি শহরে এবারের নির্বাচনে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।

স্থানীয় সময় আজ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যার শুরুতেই ফলাফল জানা যেতে পারে। স্কুল, মন্দির ও বিভিন্ন কমিউনিটি সেন্টারে ভোট দিচ্ছেন ভোটাররা।
‘নাইন-ইন-ওয়ান’ নামে পরিচিত এ নির্বাচনে স্থানীয় সরকারের নয় ধরনের পদে প্রায় ১১ হাজার জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে রাজধানী তাইপের মেয়র পদে। শহরটি বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) ঐতিহ্যগত শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
গত নির্বাচনে দুই অঙ্কের ব্যবধানে জয়ী কেএমটির বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন এবার ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেনের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন—এমন ব্যক্তিদের একজন হিসেবে বিবেচনা করা হয় চিয়াংকে।
পুমা শেন একজন শিক্ষাবিদ থেকে রাজনীতিতে আসা আইনপ্রণেতা। চীনের তথ্যযুদ্ধ নিয়ে বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত তিনি। চীন তাঁর নিন্দা করেছে। দেশটির পুলিশ তাঁকে বিচ্ছিন্নতাবাদের অভিযোগে খুঁজছে বলে জানিয়েছে। নির্বাচনী লড়াইয়ে শুরুতে পিছিয়ে থাকলেও প্রচার সমাবেশগুলোতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি পেয়েছেন শেন।
নেভাদা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন ওয়াং বলেন, কেএমটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তাইপেতে শেনের জয় বেইজিংয়ের জন্য বেশ বিব্রতকর হতে পারে। চিয়াং তাঁর সমর্থকদের বলেছেন, লড়াইটি বেশ হাড্ডাহাড্ডি হচ্ছে।
শেষ নির্বাচনী সমাবেশ বাতিল করে যানজটের আশঙ্কায় অনলাইনে প্রচার অনুষ্ঠান করেন শেন। ইউটিউবে ওই অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি দর্শক যুক্ত হন। এদিকে ডিপিপির প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে প্রতিবেশী নিউ তাইপে সিটির এক সমাবেশে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া তাইওয়ানের সবচেয়ে জনবহুল শহর নিউ তাইপে এবং দক্ষিণাঞ্চলীয় শহর কাওশিউংয়ের মেয়র নির্বাচনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিউ তাইপের বর্তমান মেয়র কেএমটির, আর কাওশিউংয়ের মেয়র পদে রয়েছেন ডিপিপির প্রতিনিধি।
এ নির্বাচন সরাসরি চীনের বিষয়ে তাইওয়ানের নীতিতে পরিবর্তন আনবে না। নির্বাচনী প্রচারে মূলত পরিবহন, শিশুযত্ন ও পরিবেশের মতো স্থানীয় সমস্যাগুলো প্রাধান্য পেয়েছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসা চীনও নির্বাচন নিয়ে বারবার মন্তব্য করেছে। বেইজিংয়ে এ নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, শুক্রবার থেকে শনিবারের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির প্রায় ৩৩টি সামরিক উড়োজাহাজ তাইওয়ানের দিকে উড়েছে। এসব উড়োজাহাজের মধ্যে বোমারু ও যুদ্ধবিমানও ছিল।
তাইওয়ানের মূল ভূখণ্ডবিষয়ক পরিষদ সতর্ক করে বলেছে, মনস্তাত্ত্বিক যুদ্ধ ও আন্তসীমান্ত দমন-পীড়নের মাধ্যমে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করছে বেইজিং।
চার বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ স্থানীয় নির্বাচনে কেএমটি ১৪টি শহর ও জেলায়, ডিপিপি পাঁচটিতে এবং অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা তিনটিতে জয়ী হন। কেএমটি সাধারণত বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে। অন্যদিকে চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে ডিপিপি।
বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনের ফল দিয়ে ২০২৮ সালের শুরুতে অনুষ্ঠেয় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুমান করা কঠিন। বর্তমান প্রেসিডেন্ট লাই দ্বিতীয় মেয়াদে নির্বাচনে লড়বেন বলে ধারণা করা হচ্ছে। এ নির্বাচনের পরপরই কেএমটির প্রেসিডেন্ট পদে প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হতে পারে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মেয়াদ শেষ হতে যাওয়া তাইচুংয়ের মেয়র লু শিউ-ইয়েন এবং পার্লামেন্টের স্পিকার হান কুও-ইউ।
গত এপ্রিলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করা কেএমটির চেয়ারওম্যান চেং লি-ওয়েনকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচনে দল খারাপ করলে তাঁকে পদত্যাগের চাপের মুখে পড়তে হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.