পাকিস্তানের টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা
সরকারি পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচায় প্রাতিষ্ঠানিক সহযোগিতার কাঠামো গড়ে তুলেছে বাংলাদেশ ও পাকিস্তান। খাদ্যনিরাপত্তা জোরদার এবং আমদানির বিকল্প উৎস তৈরির লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কূটনীতিতে একটি নতুন দ্বিপক্ষীয় ক্ষেত্র তৈরি হলো।

রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী, উভয় দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নিজ নিজ চাহিদা ও সম্মতির ভিত্তিতে পণ্য কেনাবেচা করতে পারবে। সম্ভাব্য তালিকায় রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি এবং ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ভোজ্যতেল। এ ছাড়া মসুর ডাল, ছোলা, পেঁয়াজ, আলু, তিল, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সারসহ নানা কৃষিপণ্য ও কৃষি উপকরণ এই ব্যবস্থার অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এই সমঝোতা স্মারক কোনো পণ্যের চূড়ান্ত আমদানি-রপ্তানি চুক্তি নয়। কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে মান, পরিমাণ, বৈশিষ্ট্য এবং সম্ভাব্য সময়সীমা উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব পাঠাবে। এরপর দ্বিপক্ষীয় আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পৃথক চুক্তির ভিত্তিতে পণ্য সরবরাহের শর্ত নির্ধারণ করা হবে। এই সমঝোতা স্বাক্ষরের দিন থেকে পরবর্তী পাঁচ বছর কার্যকর থাকবে। কোনো পক্ষ এটি বাতিল না করলে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। তবে কূটনৈতিক চ্যানেলে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে সমঝোতাটি বাতিল করার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, এই উদ্যোগের ফলে দুই দেশের সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হলো, যা সরবরাহব্যবস্থাকে সংহত করবে। তিনি উল্লেখ করেন, পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলার উদ্বৃত্ত মজুত রয়েছে এবং বাংলাদেশের চাহিদা অনুযায়ী তা সরবরাহে পাকিস্তান প্রস্তুত।
দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির তথ্য তুলে ধরে ইমরান হায়দার আরও জানান, বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে দুই দেশের যোগাযোগ বাড়ছে। পাকিস্তান এরই মধ্যে বাংলাদেশি হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর থেকে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে বার্ষিক ১০ হাজার মেট্রিক টন চা আমদানির শুল্কমুক্ত সুবিধাও বহাল রাখা হয়েছে। এর আগে গত অক্টোবরে ঢাকা থেকে তাজা আনারসের একটি চালান করাচিতে পৌঁছায়।
বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এই সমঝোতার মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি সম্পর্ক গড়ে উঠবে, যা উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে। তিনি টিসিবি ও টিসিপির নিয়মিত যোগাযোগ, প্রস্তাবের সময়োপযোগী পর্যালোচনা এবং দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, সমঝোতার লক্ষ্যকে বাস্তব বাণিজ্যিক রূপ দেওয়াই সংশ্লিষ্টদের মূল দায়িত্ব। সুনির্দিষ্ট পণ্য নির্বাচন, প্রতিযোগিতামূলক দর নির্ধারণ ও গুণগত মান নিশ্চিত করে সময়মতো পণ্য সরবরাহের পরিবেশ তৈরিতে উভয় প্রতিষ্ঠান কাজ করবে, যা দ্বিপক্ষীয় আস্থা বাড়াতে ভূমিকা রাখবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.