স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধের প্রস্তুতি
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দরের অস্থিরতা ও ডলারের ওপর বাড়তি চাপ কমাতে খোলা বা স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা বন্ধের প্রস্তুতি নিচ্ছে সরকার। এই ব্যবস্থা থেকে সরে এসে বিকল্প আন্তর্জাতিক মূল্য নির্ধারণ পদ্ধতি ও দীর্ঘমেয়াদি কৌশল মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোববার আয়োজিত এক নীতি সংলাপে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এই তথ্য তুলে ধরেন। 'এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ: ইমিডিয়েট টু লংগার টার্ম পলিসি ইমপারেটিভস' শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)। আগামী বছরের মার্চের পর সরকার আর স্পট মার্কেট থেকে জ্বালানি সংগ্রহ করবে না বলে অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা জানান, আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং বিগত সরকারের অপর্যাপ্ত প্রস্তুতির কারণে অতীতে প্রায় ৫৫টি এলএনজি কার্গো বাতিল করতে হয়েছিল। ওই ঘাটতি মেটাতে গিয়ে বাড়তি দামে খোলাবাজার থেকে জ্বালানি আমদানির পথে হাঁটতে হয়। পরিস্থিতি মোকাবিলায় হেনরি হাব-সংযুক্ত মূল্যকাঠামোর মতো বিকল্প পদ্ধতি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস অনুসন্ধানের সুযোগ থাকা সত্ত্বেও ব্যয়বহুল আমদানির ওপর বাড়তি নির্ভরতা বজায় রাখা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
আমদানি ব্যয় কমাতে যুক্তরাষ্ট্র থেকে বড় আকারের জাহাজে (ভিএলজিসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে উদ্বৃত্ত উৎপাদন থাকায় বড় জাহাজে জ্বালানি পরিবহন করা গেলে একক প্রতি ব্যয় উল্লেখযোগ্য হারে কমে আসবে। এই সরবরাহ শৃঙ্খল কার্যকর করতে মহেশখালী, মাতারবাড়ী ও মোংলায় অবকাঠামো তৈরির পাশাপাশি এলেঙ্গা ও বাগেরহাটে সংরক্ষণ এবং বোতলজাতকরণ সুবিধা গড়ে তোলার কথা ভাবছে সরকার।
উপদেষ্টার মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, লেনদেন ভারসাম্য ও সরকারি ভর্তুকিতে চাপ না ফেলে সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করাই মূল বিষয়। গত ২৪ নভেম্বরের হিসাবে দেখা যায়, দেশে দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ২ হাজার ৬৫৭ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর মধ্যে দেশীয় কূপগুলো থেকে এসেছে ১ হাজার ৬০৫ এমএমসিএফডি এবং আমদানি করা হয়েছে ১ হাজার ৫২ এমএমসিএফডি।
আমদানিনির্ভরতা কমাতে সরকার দুই ধাপে মোট ৩০০টি নতুন কূপ খননের পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১৫০টি এবং ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে আরও ১৫০টি কূপ খনন করা হবে। এছাড়া 'অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ২০২৬'-এর অধীনে সমুদ্রের ২৬টি ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, যার প্রস্তাব জমার শেষ সময় ২০২৭ সালের ৩১ মার্চ। পাশাপাশি মহেশখালীর কুতুবজোমে দৈনিক ৬০০ এমএমসিএফডি ক্ষমতার তৃতীয় ভাসমান টার্মিনাল এবং ২০৩০ সালের মধ্যে ১ হাজার এমএমসিএফডি ক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সরকার নবায়নযোগ্য উৎসের প্রসার ঘটাতে চায় বলে উপদেষ্টা উল্লেখ করেন। এই রূপরেখা অনুযায়ী, জাতীয় জ্বালানি চাহিদার ২০ শতাংশ ২০৩০ সালের মধ্যে এবং ৩০ শতাংশ ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি থেকে নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.