গবেষণা: লকডাউনে বেঁচে গেছে হাজার হাজার প্রাণ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় চীনের হুবেই প্রদেশের উহান শহরে। এরপর ধীরে ধীরে বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। বাড়তে থাকে মৃত্যুর মিছিল। ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে দেশে জারি করা হয় লকডাউন। সংক্রমণ এড়াতে মানুষকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিওএইচও) প্রতিটি দেশের সরকার।

এমন অবস্থায় জনমনে প্রশ্ন জাগছে, আদৌ কি লকডাউনে কোনো লাভ হচ্ছে? বা সংক্রমণের হাত থেকে বাঁচতে সাবধানে চলাফেরা করলেই কি চলতো? মানুষের এমন সব প্রশ্নের একটা উত্তর দিয়েছেন ব্রিটেনের গবেষকরা।
সম্প্রতি লন্ডনের ইম্পেরিয়াল কলেজের একটি গবেষণায় দাবি করা হয়, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের কারণে ইউরোপের ১১টি দেশে অন্তত ৫৯ হাজার মানুষের জীবন বেঁচে গেছে। এমনকি এসব দেশে ভাইরাসের বিস্তারও অনেকটা কমে গেছে। অর্থাৎ লকডাউনের সিদ্ধান্তে মানুষের সত্যিই উপকার হয়েছে।
ব্রিটেনের ওই গবেষকরা ইতালি ও স্পেনের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ গবেষণাটি তৈরি করেছেন। যেখানে দেশ দুটির বর্তমান লকডাউন পরিস্থিতি এবং যদি লকডাউন না থাকতো তাহলে কী অবস্থা তৈরি হতো তার তুলনা করে দেখেছেন।

গবেষণার ফলাফল অনুযায়ী, লকডাউনের কারণে স্পেনে প্রায় ১৬ হাজার, ফ্রান্সে ২ হাজার ৫০০, বেলজিয়ামে ৫৬০, জার্মানিতে ৫৫০, ব্রিটেনে ৩৭০ জন মানুষের জীবন বেঁচে গেছে।
তাই সংক্রমণের হার একেবারেই কমে না আসা পর্যন্ত ইউরোপের দেশগুলোতে লকডাউন পরিস্থিতি জারি রাখার জন্য পরামর্শ দিচ্ছেন গবেষকরা। তা না হলে অনেক মানুষের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তবে ইউরোপের বাইরে লকডাউন থাকা বিশ্বের অন্য দেশগুলো সম্পর্কে কোনো তথ্য দেননি গবেষকরা।

ওই গবেষকদের ধারণা, করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতি নিয়ে সরকারগুলো যে হিসাব দিচ্ছে তা বাস্তবের তুলনায় অনেক কম। তাদের মতে, ইউরোপে মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশই ইতোমধ্যে সংক্রমিত হয়েছে। ফলে তাদের এই গবেষণা নিখুঁত নাও হতে পারে। তবে লকডাউন পদক্ষেপের ফলে মানুষের যে উপকার হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৮ লাখ ৮৬ হাজার ৫৩৬ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪৪ হাজার ২৫১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ২৯১ জন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর