অস্ট্রেলীয় গবেষণা: বিদ্যমান ওষুধেই ধ্বংস হচ্ছে করোনাভাইরাস
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিশ্ব যখন বিপর্যস্ত তখন এক আশার সংবাদ দিলেন অস্ট্রেলিয়ার গবেষকরা। তারা বলছেন, বিশ্বব্যাপী বিদ্যমান ইভারমেকটিন ওষুধে ৪৮ ঘণ্টাতেই ধ্বংস হচ্ছে মরণঘাতী করোনাভাইরাস।

দেশটির মোনাশ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ল্যাবে ইভারমেকটিন ওষুধের মাত্র একটি ডোজেই টিস্যু কালচারে সার্স-কোভ-২ ভাইরাসের বৃদ্ধি দমে যাচ্ছে।
এ বিষয়ে মোনাশ বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিসিন ডিসকভারি ইনস্টিটিউটের ড. কাইল ওয়াগস্টাফ শুক্রবার বলেন, ‘আমরা দেখেছি যে, মাত্র একটি ডোজে সত্যিকার অর্থেই সকল ভাইরাল আরএনএ (ভাইরাসের সকল জেনেটিক উপাদান কার্যকরভাবে ধ্বংস হচ্ছে) অপসারিত হচ্ছে।’
অস্ট্রেলিয়ার সেভেননিউজ বলছে, গবেষকরা বলছেন, ইভারমেকটিন কীভাবে ভাইরাসের ওপর কাজ করছে তা জানা না গেলেও ওষুধটি যে হোস্ট সেলে ভাইরাসটির বাড়-বাড়ন্ত বন্ধ করতে সক্ষম সেটা স্পষ্ট।
তবে ওষুধটি এখনও মানবদেহে প্রয়োগ করা হয়নি। তাই গবেষকদের পরবর্তী পদক্ষেপ হলো এটির ডোজ মানবদেহে প্রয়োগ করা।

ড. ওয়াগস্টাফ বলছেন, ‘এখন এমন একটা সময় যখন করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে এবং এ পর্যন্ত এর কার্যকর ওষুধ আবিষ্কার হয়নি, সেক্ষেত্রে বর্তমান দুনিয়ায় বিদ্যমান ওষুধের একটি মিশ্রণ যদি তৈরি করতে পারি তাহলে খুব শিগগিরই মানুষ উপকৃত হবে।’
প্রসঙ্গত, ইভারমেকটিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত পরজীবী-বিরোধী ওষুধ যা এইচআইভি, ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসের বিরুদ্ধে কার্যকর বলে প্রমাণ হয়েছে।
খবরে বলা হয়েছে, গবেষণাটির প্রাপ্ত ফলাফল অ্যান্টিভাইরাল রিসার্চ পেপারে প্রকাশ হয়েছে।
মোনাশ বায়োমেডিসিন ডিসকভারি ইনস্টিটিউটকে গবেষণায় সহযোগিতা করেছে পিটার দোহেরটি ইনস্টিটিউট অব ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর