আপনি পড়ছেন

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘অভ্যুত্থানের চেষ্টার’ অভিযোগ তুলেছেন দেশটির বিরোধীদলীয় রাজনীতিক ইয়ার লাপিদ। তার দাবি, ইসরায়েলের ভেতরে আরব রাজনৈতিক দল ও কর্মীদের লক্ষ্যবস্তু বানিয়ে এবং নেসেট নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নেতানিয়াহু এই চেষ্টা চালান। সোমবার তিনি এ অভিযোগ করেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে ‘অভ্যুত্থান চেষ্টার’ অভিযোগ লাপিদের
ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ইসরায়েলের বিরোধীদলীয় রাজনীতিক ইয়ার লাপিদ

রোববার ইসরায়েলের চ্যানেল ১২-তে প্রচারিত এক অনুসন্ধানী প্রতিবেদনের পর লাপিদ এই অভিযোগ তোলেন। ওই প্রতিবেদনে ২৭ অক্টোবর নির্বাচনের দিন আরব রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ও পুলিশের পদক্ষেপের বিস্তারিত উঠে আসে। এ ছাড়া সেদিন পাঁচজন আরব নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার চেষ্টার তথ্যও প্রতিবেদনে প্রকাশ করা হয়।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, ‘যতই নতুন নতুন তথ্য সামনে আসছে, ততই বিষয়টি স্পষ্ট হচ্ছে যে এটি কেবল নির্বাচন বানচালের চেষ্টা ছিল না; বরং এটি ছিল একটি অভ্যুত্থানের চেষ্টা।’

চ্যানেল ১২-এর অনুসন্ধানে উঠে আসে, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের দপ্তরে যোগাযোগ করেন। সে সময় তিনি আরব ইউনাইটেড লিস্টের (রাআম) কর্মীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

প্রতিবেদনে বলা হয়, নর্ডেন পুলিশকে একটি গোয়েন্দা সূত্রের সন্ধান দেন। পরে দেখা যায়, ওই সূত্র প্রধানমন্ত্রীর কার্যালয়েরই একজন সাবেক কর্মী ছিলেন, যিনি আরব কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসংবলিত তথ্য সরবরাহ করেছিলেন।

চ্যানেল ১২ আরও জানায়, পুলিশ ওই তথ্য ও নেতানিয়াহুর দপ্তরের অভিযোগকে ভিত্তি ধরে কর্মীদের গ্রেপ্তার করে এবং তাদের বাড়িতে তল্লাশি চালায়। তবে এসব অভিযান চালানোর সময় পুলিশের কাছে কোনো গ্রেপ্তার বা তল্লাশি পরোয়ানা ছিল না।

অনুসন্ধানে আরও প্রকাশ পায়, নির্বাচনের দিন নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সন্দেহে নেসেটের পাঁচজন আরব সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন শিন বেত প্রধান ডেভিড জিনি। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই আবেদন প্রত্যাখ্যান করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে নেতানিয়াহু নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

এদিকে জয়েন্ট লিস্টের আরব আইনপ্রণেতা বকর আওয়াউদেহ এসব ঘটনাকে ইসরায়েলের আরব সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানানোর প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। সোমবার ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে তিনি বলেন, ‘এটি একটি কেলেঙ্কারি এবং আরব সম্প্রদায়ের বিরুদ্ধে জঘন্য মিথ্যা অপবাদ।’

তিনি আরও বলেন, ‘এটি গণতন্ত্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।’ আওয়াউদেহ শিন বেত প্রধান জিনিকে বরখাস্তের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, অ্যাটর্নি জেনারেল বাহারাভ-মিয়ারা এই দাবিতে সাড়া না দিলে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করবেন।

নির্বাচন-পরবর্তী সংসদীয় সমীকরণে আরব দলগুলো যখন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, ঠিক সেই সময় এসব অভিযোগ আরব দল ও কর্মীদের প্রতি ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোর আচরণ নিয়ে নজরদারি আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলে নতুন সরকার গঠন এবং প্রধানমন্ত্রী পদের ভবিষ্যৎ নিয়ে চলমান আলোচনার মধ্যেই এই পরিস্থিতি তৈরি হলো।

প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ ৮ নভেম্বর ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো তার নাম সুপারিশ করায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে নেতানিয়াহুকে সমর্থন করেছিলেন ৪৬ জন আইনপ্রণেতা এবং সাতজন কোনো প্রার্থীর পক্ষেই সুপারিশ করা থেকে বিরত থাকেন।

২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি, আইজেনকোটের শিবির ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন পায়।

ইসরায়েলের আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে ২৮ দিন সময় রয়েছে, যার মেয়াদ ৬ ডিসেম্বর শেষ হবে। তবে প্রেসিডেন্ট হার্জগ চাইলে এই মেয়াদ আরও ১৪ দিন বাড়াতে পারবেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে আইজেনকোটের অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.