আপনি পড়ছেন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘমেয়াদী বাজেট এবং ইউক্রেনকে পরবর্তী আর্থিক সহায়তা দেওয়ার প্রশ্নে জোটের সদস্য দেশগুলোর মধ্যে বিভক্তি রয়ে গেছে। চলতি সপ্তাহে ইউরোপীয় কমিশন এ বিষয়ে নতুন একটি প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। সোমবার এই তথ্য জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

ফ্রিডরিখ মের্ৎস: ইউক্রেন সহায়তা নিয়ে বিভক্ত ইইউ
ফ্রিডরিখ মের্ৎস

মিউনিখে নিজের রক্ষণশীল জোটের শরিক ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের পরিচালনা পর্ষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মের্ৎস কথা বলেন। তিনি জানান, বৈঠকে জোটটির প্রস্তাবিত ২০২৮-২০৩৪ সালের বাজেট নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

মের্ৎস বলেন, ‘বহুবর্ষীয় আর্থিক কাঠামো এখন আলোচনার টেবিলে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আজ থেকে দুই সপ্তাহ পর ইউরোপীয় কাউন্সিলের আরেকটি দুই দিনব্যাপী সম্মেলন রয়েছে। এরপর বড়দিনের ঠিক আগে সম্ভবত তিন দিনব্যাপী আরেকটি বৈঠক হবে, যেখানে আমার মতে যদি সম্ভব হয় তবে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত।’

২০২৬ সাল শেষ হওয়ার আগেই ইইউর ২০২৮-২০৩৪ মেয়াদের দীর্ঘমেয়াদী বাজেট নিয়ে একটি সর্বসম্মত চুক্তিতে পৌঁছানোই তাদের লক্ষ্য বলে উল্লেখ করেন মের্ৎস।

মৌলিক কিছু বিষয়সহ বেশ কিছু খুঁটিনাটি প্রশ্নের সমাধান এখনো মেলেনি বলে স্বীকার করেন জার্মান চ্যান্সেলর। তবে ইউক্রেনের জন্য ভবিষ্যৎ সহায়তার আর্থিক জোগান নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে তিনি জোর দেন।

বৃহস্পতিবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন নতুন একটি প্রস্তাব পেশ করবেন বলে আশা করা হচ্ছে বলে জানান মের্ৎস।

মের্ৎস বলেন, ‘গত বৃহস্পতিবার ও শুক্রবার ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের আরও অনেকের সঙ্গে আমি যা বলেছিলাম, এটি তারই সঙ্গে সামঞ্জস্যপূর্ণ—যেখানে বলা হয়েছিল যে এটি ২৭টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত গোটা ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মিলিত দায়িত্ব।’

ইউক্রেনকে সহায়তাকারী দেশগুলোর নেতাদের নিয়ে বৃহস্পতিবার একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করার কথা জানান মের্ৎস। তিনি উল্লেখ করেন, এই সম্মেলন ইউরোপীয় কমিশনের প্রস্তাবগুলো নিয়ে আলোচনার আরেকটি বড় সুযোগ এনে দেবে।

বার্লিনে আয়োজিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান সশরীরে এতে যোগ দেবেন।’ তিনি আরও যোগ করেন, ‘উরসুলা ভন ডার লিয়েনও সেখানে উপস্থিত থাকবেন এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিশদ আলোচনার সুযোগ পাব।’

এর আগেও মের্ৎস সতর্ক করে বলেছিলেন, দীর্ঘমেয়াদী বাজেট নিয়ে সমঝোতা হতে হলে ২৭টি সদস্য দেশের পূর্ণ অংশগ্রহণে ইউক্রেনের জন্য একটি টেকসই ও সম্মিলিত অর্থায়ন নিশ্চিত করতে হবে।

এদিকে চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং বুলগেরিয়াসহ বেশ কয়েকটি ইইউ সদস্য দেশ কিয়েভকে নতুন করে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে আপত্তি ও অনীহা প্রকাশ করেছে।

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে আগামী বছর নিজেদের অভ্যন্তরীণ ব্যয় মেটাতে বড় ধরনের বাজেট ঘাটতির মুখে রয়েছে ইউক্রেন। ইউরোপীয় ইউনিয়ন কীভাবে সেই ঘাটতি পূরণে সহায়তা জোগাতে পারে, ইউরোপীয় কমিশন এখন সেই রূপরেখাই তুলে ধরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.