ঐক্যের ডাক দিলেন রোনালদো
- Details
- by খেলাধুলা ডেস্ক
করোনাভাইরাসের কবলে গৃহবন্দী বিশ্বের প্রায়সব দেশের মানুষ। স্থগিত হয়ে আছে প্রায়সব ধরনের খেলাধুলা। ইউরোপিয়ান শীর্ষস্থানীয় ঘরোয়া লিগগুলোর মধ্যে সবার আগে স্থগিত হয়েছে ইতালিয়ান সিরি’এ। কারণ জুভেন্টাসের একজন ফুটবলার আক্রান্ত হন ভাইরাসটিতে। তাই ক্লাবের সব ফুটবলারকে পাঠানো হয় হোমকোয়ারেন্টাইনে।

দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালি ছেড়ে ফিরে এসেছেন পর্তুগালে। নিজ গ্রাম মাদেইরাতে ঘরে বসে অলস সময় কাটছে পর্তুগিজ যুবরাজের। শারীরিকভাবে সবার কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখলেও নিয়মিত খবরের শিরোনামে এসেছেন রোনালদো। করোনাভাইরাস রোধে ভক্তদের বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে মানবতার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
এবার লড়াইয়ে কিছুটা বৈচিত্র্য এনেছেন ‘সিআর সেভেন’। রোববার মাইক্রোব্লগিং সাইট টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ছবি দুটিতে রোনালদোকে দেখা যাচ্ছে দুটি ভিন্ন দেশের পতাকা আঁকা মুখোশ পরা অবস্থায়। প্রথমটিতে জন্মভূমি পর্তুগালের এবং দ্বিতীয়টিতে ইতালির পতাকার মাস্ক পরা রোনালদোকে দেখা যায়।

দুই দেশের মাস্ক পরার কারণ, রোনালদো বর্তমানে খেলছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। সেখানে করোনা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তার জন্মভূমি পর্তুগালেও ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠেছে ভাইরাসটি। তাই দুই দেশের পতাকা আঁকা মাস্ক পরে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার।
পোস্ট করা ছবি দুটির ক্যাপশনে রোনালদো লিখেছেন, ‘সারা বিশ্বের এই কঠিন সময়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের একে অন্যকে সহায়তা করা খুব জরুরি। চলুন যতটুকু পারি সামর্থ্য মতো একে অন্যকে সহায়তা করি।’ ক্যাপশন দিয়ে এবং ছবি পোস্ট করে ভক্ত-সমর্থকদের মাস্ক পরার ও মহামারির বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন রোনালদো।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর