পাঁচ মিনিটে করোনাভাইরাস পরীক্ষার যন্ত্র
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এর কোনো প্রতিষধক বা ওষুধ আবিষ্কার হয়নি। গবেষকরা বলছেন, দ্রুত আক্রান্তদের পৃথক করে আলাদা করে রাখাই ভয়াবহ এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায়। ফলে এ নিয়ে বিশ্বের নানা প্রান্তে চলছে গবেষণা।

এই অবস্থায় ব্রিটেনের এক্সিটার ইউনিভার্সিটির গবেষকরা একটি যন্ত্র আনার কথা বলছেন, যা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে জানা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে কি না। লন্ডনে সেন্ট টমাস হাসপাতালে মানুষের ওপর তাদের উদ্ভাবিত পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।
বিবিসি বলছে, এক্সিটার ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, তাদের যন্ত্রের ট্রায়াল সফল হলে এই মুহূর্তে কেউ কোভিড-১৯ আক্রান্ত হয়েছে কি না সেটা যেমন জানা যাবে, পাশাপাশি তিনি আগে সংক্রমিত হয়ে হয়েছিলেন কি না এবং এর ফলে তার শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কি না- সেটা জানা যাবে। তবে এই পদ্ধতিতে পাওয়া ফলাফল কতটা নির্ভরযোগ্য হবে সেটা নিয়েও পরীক্ষা চলছে।
অন্যদিকে, ব্রিটেনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটির একটি গবেষণা দলের বরাত দিয়ে বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা রেচেল শ্রেইয়ার জানিয়েছেন, তারা করোনাভাইরাসের উপস্থিতি জানার জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেছেন, যা আধ ঘণ্টার মধ্যে রেজাল্ট জানাবে।

তবে এর ফল কতটা নির্ভরযোগ্য তা নিয়ে আরো পরীক্ষার প্রয়োজন আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবশ্য ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য বোর্ডের কর্মকর্তারা বলছেন, যন্ত্রটি যে সম্ভাবনাময় তার প্রাথমিক ইঙ্গিত দেখা যাচ্ছে।
ব্রিটেনে যেসব প্রতিষ্ঠান কোভিড-১৯ শনাক্ত করতে দ্রুতগতির পরীক্ষা পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছে, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস তার অন্যতম।
মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ব্রিটেনে ১ লাখ ২৯ হাজারের বেশি লোক কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৭ হাজারের বেশি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর