একাধিক দুর্ভিক্ষের শঙ্কা জাতিসংঘের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
চলমান করোনা মহামারির কারণে বিপর্যস্ত গোটা বিশ্ব। দেশে দেশে চলছে লকডাউন, কারফিউ কিংবা অন্যান্য বিধি-নিষেধ। বন্ধ রয়েছে কল- কারখানার উৎপাদন। ঘুরছে না গাড়ির চাকা। উড়ছে না বিমান বা উড়োজাহাজের পাখা। মোট কথা, বিশ্বে স্থবিরতা বিরাজ করছে। এমনই প্রেক্ষাপটে বিশ্বে একাধিক দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক এ আশঙ্কা প্রকাশ করেছেন বলে খবর দিয়েছে বিবিসি।
তিনি বলেছেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়বে বিশ্বের দরিদ্রতম দেশগুলোতেই। তাই এখনই পদক্ষেপ না নিলে সংঘাত, ক্ষুধা ও দারিদ্র্য বিপুলভাবে বেড়ে যাবে এবং সেজন্য আমাদের তৈরি থাকতে হবে।
এসব কারণে পৃথিবীতে ‘একাধিক দুর্ভিক্ষের আশঙ্কা’ দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেন মার্ক লোকক।
এদিকে, কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধ এবং লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষার জন্য সংস্থাটি আরো ৪৭০ কোটি ডলারের তহবিলের জন্য আবেদন জানিয়েছে।

এর আগে মার্চ মাসে জাতিসংঘ করোনা সংকট মোকাবেলার অংশ হিসেবে বৈশ্বিক মানবিক ত্রাণের জন্য ২০০ কোটি ডলারের জন্য আবেদন জানিয়েছিল বিশ্বের ধনী রাষ্ট্র ও সংস্থাগুলোর কাছে। কিন্তু তার মাত্র অর্ধেক সংগ্রহ করা গেছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহানে উৎপত্তি হওয়া করোনাভাইরাস এখন বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আক্রান্ত হয়েছে সাড়ে ৩৮ লাখ মানুষ। মারা গেছে ২ রাখ ৬৬ হাজারের বেশি মানুষ। তবে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন সোয়া ১৩ লাখের বেশি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর