কারফিউ তুলে নিচ্ছে সৌদি আরব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের বিরুদ্ধে যে দেশগুলো সবচেয়ে শক্ত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে, তার মধ্যে সৌদি আরব অন্যতম। বর্তমানে ঈদের ছুটিতেও দেশটিতে চলছে ২৪ ঘণ্টার করফিউ। ৩১ মে থেকে এই কারফিউ কিছুটা শিথিল করা হবে এবং ২১ জুন থেকে পুরোপুরি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। খবর বিবিসির।

৩১ মে থেকে কারফিউ শিথিল এবং ২১ জুন থেকে পুরোপুরি তুলে নেওয়া হলেও পবিত্র শহর মক্কা থাকবে এর আওতার বাইরে। সেখানে ২৪ ঘণ্টাই কারফিউ বলবৎ থাকবে ৩১ মে পর্যন্ত। তবে ২১ জুনের পর শিথিলতা শুরু হবে মক্কার জন্য। ওই সময় থেকে সেখানে কারফিউ জারি থাকবে বিকেল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত। এভাবে ধীরে ধীরে ‘স্বাভাবিক অবস্থা’য় ফিরে আসার চেষ্টা করছে সৌদি আরব।
জুন মাসের প্রথম থেকেই সৌদি আরব অভ্যন্তরীণ ভ্রমণ চালু করতে চায়। এছাড়া ওই সময় থেকে খোলার ঘোষণা দেওয়া হয়েছে মসজিদ। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকারি-বেসরকারি অফিসও খুলে দেওয়া হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮০০ জন। মৃত্যুবরণ করেছেন ৪০০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ৬৬৮ জন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন ৩৮৪ জন। দেশটিতে মার্চের ২ তারিখে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এপ্রিলের প্রথমে এসে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭২০ জন। মে মাসের শুরুতে ২৪ হাজার ৯৭ জন। আজ ২৬ মে দুপুর ১টা পর্যন্ত এই সংখ্যা ৭৪ হাজার ৮০০।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর