ওবায়দুল কাদের: পরিস্থিতির অবনতি হলে কঠোর সিদ্ধান্ত
- Details
- by নিজস্ব প্রতিবেদক
জীবনের পাশাপাশি জীবিকার কথা চিন্তা করে সরকার গণপরিবহন খুলে দিয়েছে। কিন্তু মানুষ যদি সচেতন না হয় এবং সেই কারণে সংক্রমণ যদি আরো ভয়াবহভাবে বেড়ে যায় তাহলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে সরকার। পরিস্থিতির অবনতি হলে পূর্বের চেয়ে আরো কঠোর লকডাউন আরোপ হতে পারে। এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

করোনার এই সময়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রায়ই সংসদ ভবন এলাকায় অবস্থিত তার সরকারি বাসভবন থেকে লাইভে আসেন। তারই ধারাবাহিকতায় আজ লাইভে এসে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
তিনি বলেন, গণপরিবহন চালু হওয়ার পর থেকে কিছু অভিযোগ পাচ্ছি আমরা। দেশের নানা জায়গায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হচ্ছে। লঞ্চগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রাখার ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখলে সবাই নিয়ম মানার তোড়জোড় দেখায়, তারপর আবার যেইসেই। এভাবে চলতে থাকলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। তাতে করে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না।

ওবায়দুল কাদের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দয়া করে অতিরিক্ত যাত্রী হয়ে গণপরিবহনে উঠবেন না। নিজের এবং দেশের ক্ষতি করবেন না। অর্ধেক আসন খালি রাখুন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন। নিজে সংক্রমণ থেকে বাঁচুন, অন্যকে বাঁচতে সাহায্য করুন।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর