আপনি পড়ছেন

দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা দিয়ে প্রবাসী আয়ে বা রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী গতি লক্ষ্য করা যাচ্ছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে ৩ দশমিক ১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন ডলার

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম মাসে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের জানুয়ারিতে প্রবাসী আয় ছিল ২১৮ কোটি ৫০ লাখ বা ২.১৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৯৮ কোটি ৫০ লাখ ডলার। শতাংশের হিসেবে এই প্রবৃদ্ধি প্রায় ৪৫ দশমিক ১ শতাংশ। মাসের শেষ দিকে রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে ২৯ থেকে ৩১ জানুয়ারি—এই তিন দিনেই এসেছে ২২৯ মিলিয়ন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ৭৬ মিলিয়ন ডলার। মাসের শেষ ভাগে এই উচ্চ প্রবাহ ব্যাংকিং চ্যানেলে আস্থার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম সাত মাসেও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার বা ১৯ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৫৮৬ কোটি ২০ লাখ ডলার। ফলে অর্থবছরের প্রথম সাত মাসে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২১ দশমিক ৮ শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য ইতিবাচক দিক।

পর্যালোচনায় দেখা গেছে, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহও বেশ শক্তিশালী ছিল। এর মধ্যে জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার। এছাড়া গত ডিসেম্বর মাসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার বা প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকার রেমিট্যান্স এসেছিল, যা ছিল একটি নতুন রেকর্ড। এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে। ঈদকে কেন্দ্র করে ওই মাসে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটি ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মধ্যে রয়েছে ব্যাংকিং চ্যানেলে ডলারের দর তুলনামূলক বাস্তবসম্মত হওয়া, হুন্ডির ঝুঁকি ও ব্যয় বেড়ে যাওয়া এবং সরকারের দেওয়া নগদ প্রণোদনা অব্যাহত থাকা। এছাড়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু দেশে শ্রমবাজার স্থিতিশীল থাকা এবং নির্বাচনের প্রাক্কালে অর্থনৈতিক অনিশ্চয়তা এড়াতে প্রবাসীদের আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠানোর আগ্রহ বৃদ্ধিও এর কারণ হতে পারে।

প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কিছুটা কমছে এবং ব্যাংকগুলোর আমদানি দায় পরিশোধে স্বস্তি মিলছে। পাশাপাশি টাকার বিনিময় হারে অস্থিরতা নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি মোকাবেলা এবং চলতি হিসাবের ঘাটতি সামাল দেওয়ার ক্ষেত্রেও রেমিট্যান্স বড় সহায়তা করছে। অর্থনীতিবিদদের মতে, এই প্রবৃদ্ধি আগামী মাসগুলোতেও বজায় থাকলে ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.