ইরানের স্কুলে মার্কিন হামলার প্রতিবেদন নিয়ে ‘কিছুই জানেন না’ ট্রাম্প
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সাম্প্রতিক হামলায় ইরানে একটি স্কুলে মার্কিন বাহিনী আঘাত হেনে থাকতে পারে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই নতুন প্রতিবেদনের বিষয়ে তিনি অবগত নন। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’

মার্কিন কর্মকর্তা এবং তদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বরাতে বুধবার নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার জন্য মার্কিন বাহিনী দায়ী বলে প্রাথমিক তদন্তে উপসংহার টানা হয়েছে।
তদন্তে দেখা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, তার প্রথম দিকে লক্ষ্যবস্তু নির্ধারণে ত্রুটির কারণে শাজারাহ তায়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে ওই হামলা চালানো হয়েছিল। ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কর্মকর্তারা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির পুরোনো তথ্য ব্যবহার করে হামলার স্থানাঙ্ক তৈরি করেছিলেন। ওই পুরোনো তথ্যে স্কুল ভবনটিকে পার্শ্ববর্তী একটি ইরানি সামরিক ঘাঁটির অংশ হিসেবে দেখানো হয়েছিল, যা ওই সময় আর সঠিক ছিল না।
ইরানে বেসামরিক প্রাণহানি সীমিত করতে পেন্টাগন কী পদক্ষেপ নিচ্ছে, এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, বেসামরিক নাগরিকদের যেন কখনো লক্ষ্যবস্তু করা না হয়, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সতর্কতা আর কোনো দেশ অবলম্বন করে না।
ইরানের ওই বালিকা বিদ্যালয়ে হামলায় অন্তত ১৭৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই শিশু। এই বর্বরোচিত হামলার বিষয়ে হেগসেথ জানান, যখন কোনো ঘটনা ঘটে, তখন যুক্তরাষ্ট্র তার তদন্ত করে।
এদিকে, স্কুলে হামলার বিষয়ে জবাব চেয়ে বুধবার হেগসেথের কাছে একটি চিঠি পাঠিয়েছেন মোট ৪৬ জন সিনেটর।
চিঠিতে বলা হয়েছে, ‘স্পষ্টভাবে বলতে গেলে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ কংগ্রেসের অনুমোদন ছাড়াই স্বেচ্ছায় বেছে নেওয়া একটি যুদ্ধ। তা সত্ত্বেও, যেহেতু এসব সামরিক পদক্ষেপ অব্যাহত রয়েছে, তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবশ্যই সশস্ত্র সংঘাতের আইনসহ মার্কিন ও আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।’
সিনেট ফরেন রিলেশনস কমিটির র্যাংকিং মেম্বার জিন শাহিনসহ অন্য সিনেটররা চিঠিতে লেখেন, ‘এই স্কুলে হামলা এবং বেসামরিক ক্ষতি সাধনকারী অন্য যেকোনো সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের দ্রুত তদন্ত হতে হবে। জবাবদিহি নিশ্চিত করার যেকোনো পদক্ষেপের পাশাপাশি তদন্তের ফলাফল যত দ্রুত সম্ভব জনগণের সামনে প্রকাশ করতে হবে।’
সিনেটররা হেগসেথের কাছে হামলার আগের বিশ্লেষণ এবং স্কুলটিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তার বিস্তারিত জানতে চেয়েছেন। স্কুলে হামলার ফলাফল ভয়াবহ ছিল বলে জানান তারা।
চিঠিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরকার কেউই এখনো এই হামলার দায় স্বীকার করেনি।’
চলতি মাসের শুরুতে হেগসেথের করা একটি মন্তব্যের বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন। ওই মন্তব্যে হেগসেথ ‘অপারেশন এপিক ফিউরি’ সম্পর্কে বলেছিলেন যে এটি সংঘাতের কোনো বোকা নিয়ম ছাড়াই পরিচালনা করা হচ্ছে।
এর জবাবে সিনেটররা লেখেন, ‘এ ধরনের বক্তব্য কেবল এই অঞ্চলে এবং বিশ্বজুড়ে মার্কিন নাগরিকসহ বেসামরিক লোকদের বিপন্ন করার কাজ করে। যুক্তরাষ্ট্র জেনেভা কনভেনশনের একটি পক্ষ এবং তারা পার্থক্য, আনুপাতিকতা ও সতর্কতার নীতিসহ আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে বাধ্য।’
আলাদাভাবে, সিনেট মাইনরিটি লিডার চাক শুমারসহ কয়েকজন ডেমোক্র্যাট নেতা ইরানে এই অভিযানের বিষয়ে শপথের অধীনে সাক্ষ্য দেওয়ার জন্য হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি আহ্বান জানিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.